গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে মার্কিন প্রস্তুতি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়নে তৎপরতা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বাহিনীর প্রবেশ নিশ্চিত করতে গাজা সীমান্তের কাছে জোর সামরিক প্রস্তুতি শুরু করেছে দেশটি। সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার প্রাথমিকভাবে প্রায় ২৫০ জন বিদেশি সেনা মোতায়েনের ব্যাপারে ওয়াশিংটনকে সম্মতি দিয়েছে। এর আগে তেল আবিব সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না করে কেবল কয়েক ডজন বিদেশি সামরিক সদস্যের প্রবেশের কথা বলেছিল। যদিও গত আগস্টে নেতানিয়াহু এমন বাহিনীর প্রবেশের অনুমোদন দেওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন।
গাজায় এই আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার অংশ। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার শিকার হয়ে আসছে উপত্যকাটি। এই পদক্ষেপে যুক্ত হতে এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো, উগান্ডা এবং আলবেনিয়া ওয়াশিংটনের কাছে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে কাজাখস্তান চিকিৎসা ও রসদ সহায়তার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে কসোভো নিরাপত্তা ও পুলিশি কার্যক্রমে ভূমিকা রাখার ইচ্ছা প্রকাশ করেছে।
কয়েক মাস আগে এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা সামনে এলেও ইসরায়েলের পক্ষ থেকে নানা বাধার কারণে এখনো তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মার্কিন প্রশাসনের মনোভাব এবং গাজায় দ্রুত সেনা মোতায়েন নিয়ে গভীর উদ্বেগ রয়েছে ইসরায়েলি সামরিক নেতৃত্বের মধ্যে। বিশেষ করে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের হারিয়ে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় প্রশাসনের অবস্থান ইসরায়েলের প্রতি আরও কঠোর হতে পারে বলে আশঙ্কা বাড়ছে।
এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা জানান, পরিস্থিতি এমন হতে পারে যে গাজা ডিভিশন ও সাউদার্ন কমান্ড হঠাৎ দেখবে উপত্যকায় মোতায়েন করা আন্তর্জাতিক বাহিনী তাদের চেয়েও বড় আকার ধারণ করেছে। কোনো বিস্তারিত তথ্য না দিয়ে তিনি মন্তব্য করেন, মাঠপর্যায়ে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমন বিভিন্ন কূটনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে।
এদিকে গাজা সীমান্তের কাছে এরই মধ্যে মার্কিন সেনা ও বিদেশি সামরিক কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে। বিগত দুই সপ্তাহ ধরে এই গতিবিধি বেশ বেড়েছে। এই পুরো তৎপরতা মাল্টিন্যাশনাল ফোর্স তথা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে গাজার ভেতরে প্রবেশ করানোর প্রস্তুতিরই অংশ। পাশাপাশি দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের সাউদার্ন ব্রিগেডের নিয়ন্ত্রণাধীন একটি সামরিক ঘাঁটিকে সম্প্রতি মার্কিন বাহিনীর জন্য সম্পূর্ণ সুরক্ষিত একটি স্থাপনায় রূপান্তর করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই ঘাঁটিতে প্রচুর সামরিক সরঞ্জাম ও ভারী যান পাঠিয়েছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে আধুনিক ট্রাক, অত্যন্ত গতিশীল সাঁজোয়া যান, মেশিনগানযুক্ত সামরিক গাড়ি এবং আহতদের চিকিৎসার কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্স যান। পুরো স্থাপনাটির নিরাপত্তাবেষ্টনী জোরদার করা ছাড়াও সেখানে পাহারার জন্য ওয়াচ টাওয়ার, নজরদারি সরঞ্জাম ও অত্যাধুনিক লাইটিং সিস্টেম বসানো হয়েছে। সেখানে বর্তমানে সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছেন সশস্ত্র মার্কিন সেনারা।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে দক্ষিণ গাজার রাফাহর একাংশে একটি নতুন শহর গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলেছে। ইসরায়েলের ছাড়পত্রসহ কঠোর নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া হাজার হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে এই প্রকৌশল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে শুরুতে সীমিতসংখ্যক পরীক্ষিত ফিলিস্তিনিকে ওই নতুন শহরে প্রবেশের সুযোগ দেওয়া হবে। প্রকল্পটির প্রাথমিক পর্যায়ে এই এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনী।
তবে এই প্রকল্পের কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। হামাসকে পুরোপুরি নিরস্ত্র না করা এবং গাজার নিয়ন্ত্রণ কোনো তৃতীয় পক্ষের হাতে না দেওয়া পর্যন্ত উপত্যকাটির পুনর্গঠন প্রক্রিয়ায় বাধা দিয়ে যাচ্ছে তেল আবিব।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বর্বর হামলায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ভূখণ্ডের ৯০ শতাংশ অবকাঠামো। ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি ধারাবাহিক হামলায় আরও ১ হাজার ৬০২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং ৫ হাজার ৭৯৪ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। বর্তমানে খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও আশ্রয়ের সামগ্রী প্রবেশে ইসরায়েলের আরোপিত তীব্র বিধিনিষেধের কারণে প্রায় ২১ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত নাগরিকসহ মোট ২৪ লাখ মানুষ মানবেতর পরিস্থিতির মুখোমুখি রয়েছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.