জ্বালানি তেলের দাম কমায় বিশ্ববাজারে চাঙ্গাভাব
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অপরিশোধিত জ্বালানি তেলের দাম ও ট্রেজারি বন্ডের ইল্ড বা মুনাফা কমে যাওয়ায় বিশ্ববাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। মার্কিন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দূর হওয়া এবং বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়ায় বৈশ্বিক পুঁজিবাজারে সূচকের এই উত্থান হয়েছে।

নভেম্বরে সরবরাহের চুক্তিতে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৩ শতাংশ কমে ১০৩ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। তেলের দামের এই পতন বিশ্বজুড়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সম্ভাবনাকে আরও জোরদার করেছে।
সৌদি আরব এবং ইরানের মদদপুষ্ট ইয়েমেনের হুথিদের মধ্যকার সংঘাত নিয়ে উদ্বেগ থাকলেও মধ্যপ্রাচ্য থেকে বিকল্প রুটে তেল সরবরাহের সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমেছে।
অ্যাক্সিওসকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের গতিপথ নির্ধারণের ক্ষেত্রে ওয়াশিংটন এখন অত্যন্ত সংকটময় মুহূর্তে রয়েছে। তিনি তাদের পুরোপুরি ধ্বংস করে দেবেন নাকি কোনো ব্যবস্থা নেবেন না, তা নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন।
তেলের দাম কমায় মূল্যস্ফীতির চাপ হ্রাস পাবে এমন প্রত্যাশায় ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি নোটের ইল্ড ৪ দশমিক ৯৪ শতাংশে অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৩৬ ডলারে দাঁড়িয়েছে।
ফেডারেল রিজার্ভ চলতি বছর তাদের কঠোর মুদ্রানীতি বজায় রাখবে—এমন পূর্বাভাসের কারণে মার্কিন ডলার সূচক ১০০ পয়েন্টের ওপরেই রয়েছে।
এদিকে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) অনুসারে, শুক্রবার যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় দাম গ্যালনপ্রতি রেকর্ড প্রায় ৬ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রে ১২ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে প্রাথমিক বেকারত্ব ভাতার আবেদনের সংখ্যা কমে ১ লাখ ৯৬ হাজারে নেমে এসেছে, যা প্রত্যাশার চেয়ে কম।
নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেন ইতিবাচক ধারায় শেষ হয়েছে। এদিন ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ শূন্য দশমিক ৬১ শতাংশ, এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ১৪ শতাংশ এবং নাসডাক ১ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। শুক্রবারও দেশটির শেয়ার সূচকগুলো ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু করে।
ইউরোপীয় শেয়ারবাজারগুলোতেও বৃহস্পতিবার স্বয়ংচালিত, টেলিযোগাযোগ এবং খুচরা খাতের শেয়ারের ওপর ভর করে সূচক বেড়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হতে পারে—এমন আশাবাদ এই ঊর্ধ্বমুখী ধারায় ভূমিকা রেখেছে।
ব্যাংক অব ইংল্যান্ড (বিওই) তাদের নীতি সুদহার প্রত্যাশামতো ৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে। গভর্নর অ্যান্ড্রু বেইলিসহ ছয়জন সদস্য সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে এবং তিনজন সদস্য সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৪ শতাংশ করার পক্ষে ভোট দেন।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংকটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের প্রথম প্রান্তিকে দেশটির মূল্যস্ফীতি ৪ শতাংশের কিছুটা ওপরে উঠতে পারে। এ ছাড়া ২০৩৪ সালের মধ্যে ব্যাংকটি তাদের বন্ড পোর্টফোলিও ৪ হাজার ৬০০ কোটি পাউন্ড (৬ হাজার ১৫০ কোটি ডলার) কমাবে বলে জানিয়েছে।
বেইলি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে ব্যাংক অব ইংল্যান্ডকে মুদ্রানীতি আরও কঠোর করতে হতে পারে।
এদিকে ইউরোজোনে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) মাসিক ভিত্তিতে শূন্য দশমিক ৪ শতাংশ এবং বার্ষিক ভিত্তিতে ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। মাসিক বৃদ্ধি পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ হলেও বার্ষিক বৃদ্ধি অনুমানের চেয়ে কিছুটা কম ছিল।
কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সংস্থাটির ওপর শুল্ক আরোপ বা বাণিজ্য পুরোপুরি বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘খারাপ কোনো উদ্দেশ্য থাকলে আমরা ইউরোপের ওপর খুব ভারী শুল্ক আরোপ করব।’
বৃহস্পতিবার যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ১ দশমিক ১৯ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক শূন্য দশমিক ৫৭ শতাংশ, ইতালির এফটিএসই এমআইবি ৩০ সূচক শূন্য দশমিক ৮ শতাংশ এবং জার্মানির ড্যাক্স ৪০ সূচক শূন্য দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। তবে শুক্রবার ইউরোপীয় পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়।
জ্বালানির দাম হ্রাস এবং প্রযুক্তি খাতের শেয়ারের দর বাড়ায় শুক্রবার লেনদেন শেষের দিকে এশীয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী ধারা দেখা গেছে।
শুক্রবার ব্যাংক অব জাপান (বিওজে) তাদের নীতি সুদহার ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১ দশমিক ২৫ শতাংশ করেছে, যা বিগত ৩১ বছরের মধ্যে সর্বোচ্চ। সাত-দুই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
জাপানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, দেশটির অর্থনীতি মাঝারি গতিতে বাড়ছে এবং এই প্রবণতা অব্যাহত থাকবে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা মূল্যস্ফীতির ঝুঁকি তৈরি করছে।
অর্থনৈতিক কর্মকাণ্ড ও আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে সুদহার আরও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিওজে। তবে সাম্প্রতিক সিদ্ধান্তটি সর্বসম্মত না হওয়ায় ব্যাংকটি তাদের সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ফলে ইয়েনের মান আরও কমেছে।
মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ১৫৭ দশমিক ২-এ দাঁড়িয়েছে। অন্যদিকে আগস্টে জাপানের মূল্যস্ফীতির হার ছিল ১ দশমিক ৯ শতাংশ, যা অনুমানের চেয়ে কিছুটা কম।
শুক্রবার লেনদেন শেষের দিকে দক্ষিণ কোরিয়ার কোস্পি ২ দশমিক ৬ শতাংশ, জাপানের নিক্কেই ২২৫ সূচক ১ দশমিক ৮ শতাংশ, হংকংয়ের হ্যাং সেং শূন্য দশমিক ৭ শতাংশ এবং চীনের সাংহাই কম্পোজিট সূচক ১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.