আপনি পড়ছেন

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) আওতাধীন তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে প্রায় ১২ দশমিক ৫ মিলিয়ন (১ কোটি ২৫ লাখ) ঘনফুট গ্যাস। ১৯ সেপ্টেম্বর থেকে এ গ্যাস সরবরাহ শুরু হবে। এ ছাড়া আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রের আরও চারটি কূপ থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন প্রায় ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
তিতাস গ্যাসক্ষেত্রের গ্যাস প্রক্রিয়াকরণ প্ল্যান্ট

বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর লক্ষ্যে নতুন কূপ খনন এবং বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হচ্ছে।

বিজিএফসিএলের কর্মকর্তারা জানান, তিতাস-২৮ ও তিতাস-২৯ নম্বর কূপের খননকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিতাস-৩০, তিতাস-৩১ এবং বাখরাবাদ-১১ নম্বর কূপের খননকাজ চলমান রয়েছে। এসব কূপের কাজ শেষ হলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে জাতীয় গ্রিডে প্রতিদিন অতিরিক্ত প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অপারেশনস) প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তিতাস-২৮ নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তিনি বলেন, ‘উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে। এটি অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়াতে সাহায্য করবে এবং আমদানি নির্ভরতার চাপ কমাবে।’

‘তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ শীর্ষক প্রকল্পের পরিচালক প্রকৌশলী এ কে এম জসিম উদ্দিন জানান, প্রায় এক মাস আগে তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ শেষ হয়। তিনি বলেন, ‘কূপটির গভীরতা প্রায় ১৩ হাজার ফুট। উদ্বোধনের পরপরই এটি জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করা হবে।’

তিনি আরও জানান, ৮০০ কোটি টাকা ব্যয়ে তিতাস-২৮, তিতাস-২৯, তিতাস-৩০ এবং কামতা-২ নম্বর কূপের খনন কার্যক্রম শুরু হয়েছিল। এর মধ্যে তিতাস-২৮ নম্বর কূপ উৎপাদনে যাচ্ছে এবং অন্য কূপগুলোর কাজ দ্রুত শেষ করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের পরিকল্পনা রয়েছে।

বিজিএফসিএলের গভীর অনুসন্ধান গ্যাসকূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব জানান, চলতি বছরের ১৯ এপ্রিল তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপটির খননকাজ শুরু হয়। কূপটির বর্তমান গভীরতা প্রায় ৪ হাজার ৯২০ মিটারে পৌঁছেছে এবং এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৬০০ মিটার (কমবেশি ১০০ মিটার)। অতিরিক্ত গভীরতার কারণে খনন ও পরবর্তী কার্যক্রমে কিছুটা বেশি সময় প্রয়োজন হচ্ছে।

মাহমুদুল নবাব বলেন, কোনো ভূতাত্ত্বিক জটিলতা না দেখা দিলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তিতাস-৩১ কূপের কাজ সম্পন্ন হবে। সফলভাবে কাজ শেষ হলে এ কূপ থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে। তিতাস-২৯ নম্বর কূপ থেকেও দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহের সম্ভাবনা রয়েছে।

পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাস-৩০ নম্বর কূপের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এ কূপ থেকে দৈনিক প্রায় ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করছে বিজিএফসিএল।

বিজিএফসিএল কর্মকর্তারা জানান, তিতাস-৩১ কূপের কাজ শেষ হওয়ার পর বাখরাবাদ গ্যাসক্ষেত্রের ১১ নম্বর গভীর কূপটির খননকাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এ কূপের লক্ষ্যমাত্রিক গভীরতা ধরা হয়েছে ৪ হাজার ৫০০ মিটার (কমবেশি ১০০ মিটার)। সফল খনন ও পরীক্ষা শেষে বাখরাবাদ-১১ থেকে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হতে পারে।

সব মিলিয়ে তিতাস গ্যাসক্ষেত্রের ২৯, ৩০ ও ৩১ নম্বর কূপ থেকে দৈনিক সর্বোচ্চ ৪৫ মিলিয়ন এবং বাখরাবাদ-১১ নম্বর কূপ থেকে প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে তিতাস-২৮ নম্বর কূপের ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হলে পাঁচটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক সর্বোচ্চ প্রায় ৬৭ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।

তিতাস গ্যাসক্ষেত্রের মজুত সম্পর্কে কর্মকর্তারা জানান, বর্তমানে এই গ্যাসক্ষেত্রের সম্ভাব্য মজুত প্রায় ১ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তবে তিতাস-৩১ যেহেতু একটি অনুসন্ধানমূলক কূপ, তাই এখানে নতুন গ্যাস মজুত পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এ কূপ থেকে গ্যাস মজুতে আরও ২ টিসিএফ যুক্ত হতে পারে। তবে খনন শেষ হওয়ার পর বিভিন্ন স্তরে পরীক্ষার মাধ্যমে এই মজুতের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে। পরীক্ষার ফলাফল পাওয়ার পরই নতুন মজুতের সঠিক তথ্য জানা যাবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.