ট্রাম্প: শি জিনপিংয়ের সফরে একাধিক চুক্তি সই হবে
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের আসন্ন বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। আগামী সপ্তাহে ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই দ্বিপক্ষীয় আলোচনা ফলপ্রসূ হবে বলে শুক্রবার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি এবং আমার মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে এখানে বিভিন্ন বিষয়ে অনেক চুক্তি হতে যাচ্ছে... আমাদের খুব ভালো একটি বৈঠক হবে।’
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বেশ ভালো উল্লেখ করে ট্রাম্প চীনা পণ্যের ওপর আরোপিত শুল্কের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘চীন আমাদের বিপুল পরিমাণ শুল্ক দিচ্ছে।’ শুল্ক কমানোর আগে তা ১৪৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল উল্লেখ করে তিনি আরও বলেন, এই উচ্চ হার ‘তাদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল।’
আগামী ২৪ সেপ্টেম্বর ট্রাম্পের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ওয়াশিংটন সফরে আসার কথা রয়েছে শি চিনপিংয়ের।
হোয়াইট হাউসের বলরুমটি এখনো প্রস্তুত না থাকায় আক্ষেপ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, এটি উন্মুক্ত থাকলে চীনা প্রেসিডেন্টের সফর উপলক্ষে তিনি প্রায় দুই হাজার অতিথিকে নৈশভোজে আমন্ত্রণ জানাতে পারতেন।
চীনে সাংবাদিকদের ওপর নিপীড়ন সংক্রান্ত উদ্বেগ নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। আমার মনে হয় আমরাও নিপীড়ন চালাই, আমরা ভুয়া খবর পাই। আমরা নিপীড়ন করি না, কিন্তু তারা ভুয়া খবর লেখে।’
যুক্তরাষ্ট্র ও চীন পরস্পরের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বা গুপ্তচরবৃত্তি চালায় বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘একজন আমাকে বলেছিলেন, “তারা আমাদের ওপর নজরদারি চালাচ্ছে।” জবাবে আমি বলেছিলাম, “হয়তো তারা তা করছে, তবে আমরাও তাদের ওপর নজরদারি চালাই।”’ তবে এ বিষয়ে কোনো গোপন তথ্য প্রকাশ করবেন না বলেও তিনি যোগ করেন।
হোয়াইট হাউসের উপ-মুখপাত্র আনা কেলি সাংবাদিকদের জানান, বুধবার জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে পৌঁছালে শি চিনপিং ও তার স্ত্রী পেং লিউয়ানকে স্বাগত জানাবেন ট্রাম্প।
কেলি আরও জানান, বৃহস্পতিবার হোয়াইট হাউসের স্টেট ফ্লোরে চীনা প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এরপর রোজ গার্ডেনে সামরিক পর্যালোচনা ও একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে চীনা প্রতিনিধি দলের সম্মানে একটি রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করবেন ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্প। নৈশভোজের শুরুতে দুই দেশের রাষ্ট্রপ্রধানই বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। আনা কেলি জানান, শুক্রবার হোয়াইট হাউসে শি ও পেংয়ের সঙ্গে ট্রাম্প দম্পতির একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশ না করার শর্তে শীর্ষ এক মার্কিন কর্মকর্তা জানান, হোয়াইট হাউসের এই রাষ্ট্রীয় নৈশভোজে বেশ কয়েকজন প্রভাবশালী মার্কিন শীর্ষ ব্যবসায়ী নেতার অংশ নেওয়ার কথা রয়েছে।
তিনি জানান, আমন্ত্রিত শীর্ষ নির্বাহীদের তালিকায় রয়েছেন জেফ বেজোস, ইলন মাস্ক, সুন্দর পিচাই, মাইকেল ডেল, জেনসেন হুয়াং, স্যাম অল্টম্যান, জেন ফ্রেজিয়ার এবং টিম কুক। এর পাশাপাশি দেশটির বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাও নৈশভোজে উপস্থিত থাকবেন।
ওই কর্মকর্তা বলেন, ‘ওয়াশিংটন ডিসিতে এটি অত্যন্ত জনপ্রিয় এবং বহুল প্রতীক্ষিত একটি আয়োজন হতে চলেছে।’
ইরানের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে অন্য একজন মার্কিন কর্মকর্তা জানান, তেহরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত চীনা ও হংকংয়ের প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের ধারা অব্যাহত রাখবে ওয়াশিংটন।
ওই কর্মকর্তা বলেন, ‘ইরানকে সমর্থনের বিষয়ে আপনারা বছরজুড়েই দেখেছেন যে, যুক্তরাষ্ট্র চীনা ও হংকংয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যেসব প্রতিষ্ঠান ইরানের যুদ্ধ প্রচেষ্টায় তেল ও রাজস্বসহ যেকোনো ধরনের সহযোগিতা করছে বলে চিহ্নিত হয়েছে, তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.