তীব্র ক্ষুধার মধ্যেও পশ্চিম তীরে খাদ্য সহায়তায় কাটছাঁট
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
অধিকৃত পশ্চিম তীরে তীব্র খাদ্যসংকট ও ক্ষুধা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও চরম তহবিল সংকটের কারণে খাদ্য সহায়তা অর্ধেকে নামিয়ে আনতে বাধ্য হয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর সংস্থাটি পশ্চিম তীরে সহায়তা গ্রহীতার সংখ্যা চার লাখ থেকে কমিয়ে দুই লাখে নামিয়ে আনার ঘোষণা দেয়। বর্তমানে ওই অঞ্চলে প্রায় নয় লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন, যা দুই বছর আগের তুলনায় দ্বিগুণেরও বেশি।

খাদ্যের অধিকারবিষয়ক জাতিসংঘের সাবেক বিশেষ র্যাপোর্টিয়ার (২০১৪-২০২০) অধ্যাপক ড. হিলাল এলভারের মতে, পশ্চিম তীরের পরিবারগুলোর ৭৬ শতাংশের আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং এক-তৃতীয়াংশ পরিবার প্রয়োজনীয় পুষ্টিকর খাবার কিনতে পারছে না।
পশ্চিম তীরের এই অর্থনৈতিক সংকট আকস্মিক নয়। ২০১৯ সাল থেকে ফিলিস্তিনের শুল্ক রাজস্বের একটি অংশ আটকে রেখেছে ইসরায়েল। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এই অর্থ আটকে রাখার মাত্রা আরও বাড়ানো হয়। একই সঙ্গে ইসরায়েলের ভেতরে কাজ করা প্রায় দুই লাখ ফিলিস্তিনি শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। এই শুল্ক রাজস্ব এবং ইসরায়েল থেকে আসা শ্রমিকের আয়ই পশ্চিম তীরের ফিলিস্তিনি অর্থনীতির সবচেয়ে বড় উৎস।
ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে জীবনযাত্রার ব্যয় ৫৩ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। বিপরীতে একই সময়ে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে ৩৪ দশমিক ৯৩ শতাংশ এবং ২০২৬ সালে তা আরও ১২ শতাংশ হ্রাস পেয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দখলদার বসতি স্থাপনকারীদের সহিংসতা ও হামলা তীব্রতর হয়েছে। পাশাপাশি দীর্ঘায়িত সামরিক অভিযান, চলাচলে কঠোর বিধিনিষেধ, ঘরবাড়ি ধ্বংস ও ব্যাপক বাস্তুচ্যুতির কারণে ফিলিস্তিনিদের জীবিকা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বহুমুখী সংকট সাধারণ মানুষকে অস্তিত্বের সংকটে ফেলে দিয়েছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, সেখানকার কৃষিভিত্তিক পরিবারগুলো কৃষি ও চারণভূমিতে প্রবেশাধিকার হারাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে তল্লাশিচৌকির কড়াকড়ি, তীব্র পানির সংকট, বসতি স্থাপনকারীদের সহিংসতা, চাকরি হারানো এবং খাদ্য ও পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতি। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে বসতি স্থাপনকারীদের ১ হাজার ৬০০টিরও বেশি হামলায় হতাহতের ঘটনা ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, যা ২৭৫টি ফিলিস্তিনি সম্প্রদায়কে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
পশ্চিম তীরে খাদ্যসংকট তৈরি হওয়ার কারণ খাদ্যের অনুপস্থিতি নয়, বরং তা উৎপাদনের সুযোগ ও কেনার সক্ষমতা হারিয়ে ফেলা। স্থানীয় বাজারে খাদ্যপণ্য পাওয়া গেলেও অধিকাংশ ফিলিস্তিনির তা কেনার সামর্থ্য নেই। বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ শতাংশে এবং খাদ্য নিরাপত্তাহীনতা দুই বছর আগের ১১ শতাংশ থেকে বেড়ে জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি অংশে পৌঁছেছে। এই বাস্তবতা অর্থনীতিবিদ অমর্ত্য সেনের দুর্ভিক্ষসংক্রান্ত তত্ত্বের প্রতিফলন ঘটায়, যেখানে খাদ্যের সামগ্রিক ঘাটতির চেয়ে মানুষের ক্রয় বা উপার্জনের অর্থনৈতিক ও সামাজিক সক্ষমতা হারানোই দুর্ভিক্ষের মূল কারণ হিসেবে চিহ্নিত।
ডব্লিউএফপি জানিয়েছে, পরিস্থিতির উন্নতি নয়, বরং তীব্র তহবিল সংকটের কারণেই সহায়তা কমানো হয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরবর্তী ছয় মাসের জন্য গাজা ও পশ্চিম তীরের তহবিলে সংস্থাটির অতিরিক্ত ৩৮ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন। এই তহবিল সংকটের প্রভাব গাজায়ও পড়েছে, যেখানে সহায়তার নগদ অর্থ ৪০ শতাংশ কমানো হয়েছে। এতে মাসিক খাদ্য সহায়তা পাওয়া ১০ লাখ মানুষসহ প্রায় ১৫ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ফিলিস্তিনের জন্য জাতিসংঘের সর্বশেষ প্রায় ৪ দশমিক ০৬ বিলিয়ন ডলারের আবেদনের প্রায় ৯২ শতাংশ গাজার জন্য এবং মাত্র ৮ শতাংশের কিছু বেশি পশ্চিম তীরের জন্য চাওয়া হয়েছে। গাজার মানবিক বিপর্যয় অত্যন্ত গভীর হলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, পশ্চিম তীরের পরিস্থিতি গাজার মতো ভয়াবহ রূপ নেওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। একই সঙ্গে বিশ্বব্যাপী মানবিক সহায়তা তহবিলও সংকটে পড়েছে। উন্নত দেশগুলোর বৈশ্বিক সহায়তা ২০২৫ সালে কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৩০ কোটি ডলারে, যার ফলে বিশ্বের প্রায় ৬ কোটি ৪০ লাখ মানুষ প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.