মেটার শিশু সুরক্ষা চুক্তিতে সায় নেই ইউটিউবের
- Details
- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
শিশু ও কিশোরদের সুরক্ষাকেন্দ্রিক মেটার বহুজাতিক সমঝোতা চুক্তিতে যুক্ত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নীল মোহন জানান, তরুণ ব্যবহারকারীদের সুরক্ষার জন্য ইউটিউবের নিজস্ব সুরক্ষা ব্যবস্থা ইতোমধ্যেই কার্যকর রয়েছে।

বুধবার মার্কিন গণমাধ্যম সিএনএনকে মোহন বলেন, ‘আমাদের প্ল্যাটফর্মে তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করে আসছি।’ তিনি আরও বলেন, ইউটিউব এই সুরক্ষামূলক প্রচেষ্টাগুলোকে ভবিষ্যতেও অগ্রাধিকার দেওয়া অব্যাহত রাখবে।
প্ল্যাটফর্মের নকশা এমনভাবে করা হয়েছে যা আসক্তি বাড়ায় এবং তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটে ঠেলে দেয়—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি একাধিক মার্কিন অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা চুক্তিতে সম্মত হয় মেটা। প্রতিষ্ঠানটি তাদের প্রতিদ্বন্দ্বী ইউটিউব ও টিকটককে এই চুক্তির অনুরূপ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
মেটার এসব প্রস্তাবের মধ্যে রয়েছে কিশোর-কিশোরীদের প্ল্যাটফর্ম ব্যবহারের সময়সীমা নির্দিষ্ট করা, তাদের অ্যাকাউন্টের জন্য ‘লাইক’ প্রদর্শনী বন্ধ করা এবং নিরাপত্তা ব্যবস্থার ওপর স্বাধীন তদারকি চালু করা।
বুধবার ইউটিউবের বার্ষিক ‘মেড অন ইউটিউব’ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোহন এসব কথা বলেন। কনটেন্ট নির্মাতা ও দর্শকদের জন্য অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত টুল এবং মেসেজিং সুবিধাসহ বেশ কয়েকটি নতুন ফিচার উন্মোচনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইউটিউব।
বহুজাতিক মামলার বিচার চলাকালেই এই সমঝোতায় পৌঁছায় মেটা। প্রতিষ্ঠানটি একে তরুণদের অনলাইন নিরাপত্তা বাড়ানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে তুলে ধরেছে। পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেন একই ধরনের ব্যবস্থা গ্রহণ করে, সেজন্য বিজ্ঞাপন প্রচার ও প্রকাশ্য আহ্বানও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চুক্তির শর্ত অনুযায়ী মেটা জানিয়েছে, টিকটক ও ইউটিউব যদি প্রত্যেকে প্রায় ৬ বিলিয়ন ডলার প্রদান করে সমঝোতায় অংশ না নেয় এবং সমমানের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর না করে, তবে মেটা চুক্তির মূল অর্থের মাত্র ৭০ শতাংশ পরিশোধ করবে। এদিকে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা সতর্ক করে বলেন, অংশ নিতে অস্বীকৃতি জানালে অঙ্গরাজ্যগুলো টিকটক ও ইউটিউবের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিতে পারে।
তবে নীল মোহন ইউটিউবে বিদ্যমান সুরক্ষা ব্যবস্থার বিষয়টি তুলে ধরেন। এর মধ্যে প্ল্যাটফর্মটির সংক্ষিপ্ত ভিডিও সেবা ‘শর্টস’-এ কিশোররা কতটা সময় ব্যয় করতে পারবে, তা নির্ধারণ করার জন্য রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা। এ ছাড়া শিশুদের সুরক্ষাবিষয়ক বিভিন্ন ফিচার তৈরির ক্ষেত্রে ইউটিউব স্বাধীন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করে বলেও তিনি উল্লেখ করেন।
মেটার সঙ্গে পার্থক্যের কথা জানিয়ে মোহন বলেন, ‘আমরা (মেটা থেকে) সম্পূর্ণ ভিন্ন একটি প্ল্যাটফর্ম।’ তিনি জানান, বাসাবাড়ির টেলিভিশন স্ক্রিনে দর্শকেরা যাতে আরও বেশি কনটেন্ট দেখেন, ইউটিউব সেদিকেও মনোযোগ বাড়াচ্ছে।
মেটার সমঝোতায় যোগ দেওয়ার এই আহ্বানে টিকটক প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মোহনের বক্তব্যের বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বোন্টার দপ্তরও।
এদিকে পৃথক একটি মামলায় মার্চে লস অ্যাঞ্জেলেসের একটি আদালত ইউটিউব ও মেটাকে দায়ী সাব্যস্ত করে। আদালতের রায়ে বলা হয়, প্রতিষ্ঠান দুটি ইচ্ছাকৃতভাবে তাদের প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করেছিল যা এক তরুণীর আসক্তি ও মানসিক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করেছিল। উভয় প্রতিষ্ঠানই এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে।
ইউটিউবের এক মুখপাত্র এর আগে দাবি করেন, আদালতের এই রায়ে প্ল্যাটফর্মটির মূল চরিত্রকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি ইউটিউবকে নিছক সামাজিক যোগাযোগ মাধ্যমের চেয়ে একটি দায়িত্বশীল স্ট্রিমিং সেবা হিসেবে আখ্যায়িত করেন।
চলতি বছরের শুরুর দিকে আরেক কিশোরের করা একই ধরনের একটি মামলা নিষ্পত্তি করে ইউটিউব। টিকটক ও স্ন্যাপও সেই মামলায় সমঝোতায় পৌঁছায়, তবে মেটার বিরুদ্ধে আনা অভিযোগ সে সময় প্রত্যাহার করা হয়েছিল।
এসব সমঝোতা সত্ত্বেও, সামাজিক যোগাযোগ মাধ্যমের নকশা তরুণ ব্যবহারকারীদের ক্ষতি করছে—এমন অভিযোগ এনে ব্যক্তি, পরিবার ও স্কুল ডিস্ট্রিক্টগুলোর দায়ের করা শত শত মামলার মুখোমুখি হচ্ছে এই চার প্রযুক্তি প্রতিষ্ঠান।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.