নিরাপত্তা পরিষদ সংস্কার ও গাজা সংকট অবসানের তাগিদ ইইউর
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘ এবং এর নিরাপত্তা পরিষদের সংস্কারের জোরালো আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা। একই সঙ্গে গাজা উপত্যকা ও ফিলিস্তিনের বর্তমান অচলাবস্থা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, এই পরিস্থিতি লাখ লাখ বেসামরিক মানুষের ভোগান্তি দীর্ঘায়িত করছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে বৃহস্পতিবার দেওয়া বক্তব্যে কস্তা বলেন, ভূরাজনৈতিক মেরুকরণ, আর্থিক সংকট ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতার মতো নানা চাপ থাকা সত্ত্বেও এই সংস্থাকে অবশ্যই বহুপাক্ষিক ব্যবস্থার কেন্দ্রে থাকতে হবে।
নিরাপত্তা পরিষদকে আরও বেশি কার্যকর, অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও জবাবদিহিতামূলক করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দাবির পুনরাবৃত্তি করে তিনি বলেন, ‘পিছু হটা কোনো সমাধান নয়। সমাধান হলো সংস্কার, নবায়ন এবং নতুন করে বিনিয়োগ করা।’
আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা দেওয়ার ওপরও জোর দেন কস্তা। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন মেনে চলা ও তা রক্ষা করা কোনো বিকল্প নয়। এটি আমাদের দায়িত্ব।’
কস্তা জানান, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ইইউ সমর্থন করে। সংস্থাগুলোর স্বাধীনতা, অখণ্ডতা এবং তাদের ওপর অর্পিত দায়িত্ব পুরোপুরি পালনের সক্ষমতা রক্ষা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। এ ছাড়া আইসিসি ও এর কর্মকর্তাদের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকি ও আক্রমণকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তিনি আরও বলেন, জবাবদিহিতা কখনো রাজনৈতিক সুবিধার ওপর নির্ভর করতে পারে না।
গাজা প্রসঙ্গে কস্তা বলেন, ‘আমরা গাজা এবং সামগ্রিকভাবে ফিলিস্তিনের বর্তমান অচলাবস্থার জন্য দুঃখ প্রকাশ করছি, যা লাখ লাখ বেসামরিক মানুষের দুর্দশা বাড়িয়ে তুলছে।’
মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি ইইউর সমর্থনের বিষয়টি তিনি পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, এর মাধ্যমে ইসরায়েল এবং একটি স্বাধীন ও গণতান্ত্রিক ফিলিস্তিন রাষ্ট্র শান্তিতে ও নিরাপদে পাশাপাশি বসবাস করতে পারবে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের বিষয়ে কস্তা বলেন, গত বারো মাসে মস্কো বারবার ইইউ সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং এই ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির’ অবশ্যই অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, ‘এই যুদ্ধের অবসান ঘটাতে এবং একটি টেকসই, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির লক্ষ্যে আলোচনার পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং হাতের কাছে থাকা সব উপায় ব্যবহার করতে হবে। এই যুদ্ধের অবসান হতেই হবে।’
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) জন্য একটি ‘জবাবদিহিতামূলক, স্বচ্ছ ও নিয়ন্ত্রিত’ বৈশ্বিক কাঠামোর আহ্বান জানান কস্তা। তিনি বলেন, এআইকে অবশ্যই মানবতার সেবা করতে হবে, মানবতাকে নিয়ন্ত্রণ করা নয়। তিনি আরও যোগ করেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কেবল হাতে গোনা কয়েকটি শীর্ষ বৈশ্বিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে না।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.