মালয়েশিয়ার রাষ্ট্রদূত: তুরস্ক এক ‘বিশাল উন্মুক্ত জাদুঘর’
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ককে একটি বিশাল উন্মুক্ত জাদুঘরের সঙ্গে তুলনা করেছেন দেশটিতে নিযুক্ত মালয়েশিয়ার নতুন রাষ্ট্রদূত আদলান মো. শাফিক। আঙ্কারায় পৌঁছানোর পর থেকে প্রাপ্ত উষ্ণ আতিথেয়তা ও দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেছেন তিনি।

আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে শাফিক বলেন, ‘আপনার দেশ একটি বড় উন্মুক্ত জাদুঘরের মতো। আমি যেসব শহরে যাই, তার সবই বিনা মূল্যের উন্মুক্ত জাদুঘরের মতো, যেখানে গিয়ে আপনি সংস্কৃতি দেখতে পারেন।’
তিনি আরও বলেন, ‘এর সংস্কৃতি অত্যন্ত গভীর। তাই আপনার দেশ আবিষ্কার করা আমার জন্য খুবই আকর্ষণীয়।’
আঙ্কারায় সম্প্রতি নিজের মেয়াদ শুরু করা শাফিক তুরস্ক সম্পর্কে তার প্রথম ধারণা, পারিবারিক জীবন এবং দুই দেশের সম্পর্ক নিয়ে মতামত শেয়ার করেছেন। এই কূটনীতিক জানান, প্রথম রাষ্ট্রদূত হিসেবে তুরস্কে নিয়োগ পেয়ে তিনি আনন্দিত। বিশেষ করে তিনি বিশ্বাস করেন তার ৫ থেকে ১১ বছর বয়সী চার সন্তান আঙ্কারায় বসবাস উপভোগ করবে।
তুরস্কে আসার পর থেকে যে উষ্ণ আতিথেয়তা পেয়েছেন তার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘মালয়েশিয়া ও তুরস্ক ভাই-বোনের মতো।’
মালয়েশিয়া ও তুরস্কের সংস্কৃতির মধ্যে মিল, বিশেষ করে তাদের দৃঢ় পারিবারিক বন্ধন এবং বাবা-মায়ের প্রতি শ্রদ্ধার বিষয়টি তুলে ধরেন শাফিক। তিনি বলেন, ‘আমি মনে করি মালয়েশিয়া ও তুরস্কের পরিবারের মধ্যে মিল হলো আমরা খুব ঘনিষ্ঠভাবে যুক্ত।’
উভয় দেশের পরিবারগুলো ধর্মীয় উৎসব ও অন্যান্য অনুষ্ঠানে একত্রিত হয়ে উদ্যাপন, রান্না ও খাবার ভাগাভাগি করতে পছন্দ করে বলে জানান শাফিক।
রাষ্ট্রদূত উল্লেখ করেন, তুর্কি টেলিভিশন সিরিজ ও চলচ্চিত্র মালয়েশিয়ানদের তুরস্ক সম্পর্কে আরও ভালোভাবে জানতে সাহায্য করেছে। একইসঙ্গে দুই দেশের সম্পর্ক কয়েক শতাব্দীর পুরোনো বলেও জোর দেন তিনি। উসমানীয় সাম্রাজ্য ও মেলাকা সালতানাতের মধ্যকার ঐতিহাসিক যোগাযোগের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের ইতিহাসের যোগসূত্র শুধু সাম্প্রতিক নয়, বরং উসমানীয় সাম্রাজ্যের সময়কার।’
তুর্কি খাবার নিয়ে শাফিক জানান, মালয়েশিয়ার খাবার তুর্কি খাবারের চেয়ে অনেকটাই আলাদা, কারণ মালয়েশিয়ানরা সাধারণত বেশি মশলাযুক্ত খাবার পছন্দ করে। তবে তুর্কি আইসক্রিম নিয়ে তিনি বিশেষ উৎসাহ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘আপনাদের আইসক্রিম বিশ্বের সেরা আইসক্রিম। আমার বাচ্চারা এটি খুব পছন্দ করে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি সাংস্কৃতিক বিনিময়ের ক্ষেত্রে খাবারও এমন একটি ক্ষেত্র যেখানে আমাদের মনোযোগ দেওয়া উচিত।’
ডিম, টমেটো ও মরিচ দিয়ে তৈরি ঐতিহ্যবাহী তুর্কি সকালের নাশতা ‘মেনেমেন’-এর প্রতিও নিজের ভালো লাগার কথা জানান রাষ্ট্রদূত।
শাফিক জানান, তিনি প্রায় তিন মাস ধরে তুর্কি ভাষা শিখছেন। তবে শব্দভাণ্ডার ও বাক্য গঠনের কারণে ভাষাটিকে তার কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে। তা সত্ত্বেও দায়িত্ব পালনের সময় যতটা সম্ভব ভাষাটি শেখার ইচ্ছা রয়েছে তার।
রাষ্ট্রদূত জানান, রাজধানী আঙ্কারা ছাড়াও তিনি ইতোমধ্যে তুরস্কের কাপাডোসিয়া, কাস্তামনু এবং কোনিয়াসহ বেশ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। এর প্রতিটির নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে বলে বর্ণনা করেন তিনি। সেপ্টেম্বরের শেষের দিকে আঙ্কারার বিভিন্ন অংশে আলাদাভাবে অনুষ্ঠিত টমেটো ও গাজর উৎসবে সম্প্রতি অংশ নেওয়ার কথা উল্লেখ করে তিনি উভয় অভিজ্ঞতাকেই অত্যন্ত অনন্য বলে বর্ণনা করেন।
শাফিক জানান, বিভিন্ন স্থানীয় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জন এবং দেশটির সাংস্কৃতিক ঐতিহ্য অন্বেষণের সুযোগ তুরস্কে তার সময়কে বিশেষভাবে ফলপ্রসূ করেছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে শাফিক জানান, মালয়েশিয়া ও তুরস্ক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করছে। বাণিজ্য ও প্রতিরক্ষায় ক্রমবর্ধমান সহযোগিতার দিকেও ইঙ্গিত করেন তিনি। তিনি জানান, ২০২৫ সালে দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৫.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং দুই দেশ এই সংখ্যা ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। লক্ষ্যটি উচ্চাভিলাষী হলেও তা অর্জনযোগ্য বলে জানান তিনি।
দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের জন্য প্রতিরক্ষাকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন রাষ্ট্রদূত। তিনি জানান, মালয়েশিয়া এ বছর তিনটি লিটোরাল মিশন শিপ (উপকূলীয় জাহাজ) গ্রহণ বা কমিশন করেছে এবং ভবিষ্যতে আরও জাহাজ সংগ্রহের আশা করছে।
মালয়েশিয়া তিনটি আনকা (ANKA) মানববিহীন আকাশযানও (ইউএভি) পেয়েছে, যা দক্ষিণ চীন সাগরে কাজ শুরু করেছে। তিনি আরও জানান, প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের আরও সুযোগ বিবেচনাধীন রয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্কের একটি ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পর্যটনকেও তুলে ধরেন শাফিক। তিনি জানান, ২০২৫ সালে প্রায় ৪০ হাজার তুর্কি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.