জ্বালানি ব্যয় বাড়ায় বিদ্যুৎ খাতে লোকসান বাড়ার আশঙ্কা
- Details
- by ২৪ ডেস্ক
গ্যাসের সংকট, কয়লা ও ফার্নেস অয়েলের বাড়তি দাম এবং উচ্চমূল্যে এলএনজি আমদানির কারণে চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের লোকসান ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) চলতি অর্থবছরের জন্য এ খাতে প্রায় ৪৫ হাজার কোটি টাকা লোকসানের হিসাব করেছিল। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় সেই লোকসানের পরিমাণ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ সংকট থাকায় বিকল্প হিসেবে ফার্নেস অয়েলনির্ভর কেন্দ্রগুলোর ব্যবহার বাড়ানো হয়েছে। সম্প্রতি এসব কেন্দ্র থেকে সর্বোচ্চ চার হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময়ে কয়লার দাম ও পরিবহন ব্যয়ও বেড়েছে। এতে বিদ্যুৎ উৎপাদনের সামগ্রিক ব্যয় বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থাগুলোর ওপর আর্থিক চাপও বাড়ছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এলএনজির উচ্চমূল্য। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে। এর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ থাকায় স্পট মার্কেটের ওপর বাংলাদেশের নির্ভরতা বেড়েছে।
চলতি বছরের শুরুতে প্রতি এমএমবিটিইউ এলএনজি ১০ থেকে ১২ ডলারে কেনা হলেও সেপ্টেম্বরে তা বেড়ে প্রায় ৩০ ডলারে পৌঁছেছে। এর ফলে এলএনজি আমদানিতে সরকারের ব্যয় যেমন বেড়েছে, তেমনি ভর্তুকির চাপও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই এলএনজিতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরে এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল সাড়ে ৬ হাজার কোটি টাকা। এর বাইরে গত সাড়ে ছয় মাসে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত হিসেবে পেট্রোবাংলার আরও ১৭ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে।
পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বলেন, যুদ্ধের প্রভাবে গত সাড়ে ছয় মাসে নির্ধারিত ভর্তুকির বাইরে অতিরিক্ত ১৭ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে। পাশাপাশি গত আড়াই মাসে এলএনজির জন্য প্রায় ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি পাওয়া গেছে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা, বর্তমান বাজার পরিস্থিতি অব্যাহত থাকলে চলতি অর্থবছরে এলএনজি আমদানির ব্যয় ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। সে ক্ষেত্রে সরকারের ভর্তুকির প্রয়োজনও কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান পুরোপুরি কমেনি। গত সাড়ে ছয় মাসে সংস্থাটির লোকসান দাঁড়িয়েছে ২২ হাজার ৮৭৫ কোটি টাকা। নতুন করে মূল্য সমন্বয়ের পরও প্রতি লিটার ডিজেলে প্রায় ৭০ টাকা লোকসান হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিপিসির চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেন, গত সাড়ে ছয় মাসে সংস্থাটির মাসিক গড় লোকসান প্রায় তিন হাজার ৮০০ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির পাশাপাশি জাহাজভাড়া, প্রিমিয়ামসহ অন্যান্য আমদানি ব্যয় বেড়েছে। একই সঙ্গে জ্বালানি সরবরাহ পেতেও আগের তুলনায় বেশি সময় লাগছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বাংলাদেশকে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করতে হয়। এর মধ্যে ডিজেলের পরিমাণ প্রায় ৪৫ লাখ মেট্রিক টন। আন্তর্জাতিক বাজারে ডিজেলের গড় দাম বর্তমানে প্রায় ২০৫ টাকা লিটার।
জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহ পরিস্থিতি দ্রুত স্থিতিশীল না হলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের আর্থিক চাপ আরও বাড়তে পারে।
ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যানশিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) প্রধান বিশ্লেষক শফিকুল আলম বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম ও সরবরাহের অস্থিরতা অব্যাহত থাকলে জ্বালানি খাতে সরকারের ব্যয় ও ভর্তুকি—দুটিই বাড়বে। বিদ্যুৎ উৎপাদনে তেলের ব্যবহার বাড়ার কারণে এ খাতেও ভর্তুকির চাপ আরও বাড়তে পারে।
দীর্ঘ মেয়াদে পরিস্থিতি মোকাবিলায় আমদানিনির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পরিবহন ও কৃষি খাতে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সৌরবিদ্যুৎভিত্তিক ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে ডিজেলের ব্যবহার কমার পাশাপাশি জ্বালানি আমদানির ওপর চাপও কিছুটা কমানো সম্ভব হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.