হরমুজ প্রণালী খোলার প্রস্তাব: কাতারের সঙ্গে ইরানের বৈঠক
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব নিয়ে নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সমস্যার সমাধান না হলে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না। সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে আরাঘচি জানান, বৈঠকে আলোচিত প্রস্তাবগুলো কাতারি মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবেন এবং মঙ্গলবার নাগাদ তিনি ওয়াশিংটনের চূড়ান্ত প্রতিক্রিয়া পাওয়ার আশা করছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিভিন্ন চিন্তাভাবনা এবং কীভাবে ইরানের শর্ত পূরণ ও বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা করেছি। তাদের কিছু প্রস্তাব ছিল এবং আমাদের মধ্যেও আলোচনা হয়েছে যা তারা আমেরিকান পক্ষের কাছেও উপস্থাপন করবে।’
উত্তরের জন্য তিনি নিউইয়র্কে অবস্থান করবেন কি না জানতে চাইলে আরাঘচি জানান, কয়েক ঘণ্টার মধ্যেই তিনি তেহরানের উদ্দেশে রওনা হবেন। তিনি আরও বলেন, ‘কাতারের কাছে যখনই কোনো জবাব আসবে, কীভাবে তা আমাদের কাছে পৌঁছাতে হবে তারা জানে।’
এই বৈঠকগুলোকে কাতার ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান বার্তা বিনিময়ের অংশ হিসেবে উল্লেখ করেন আরাঘচি। তিনি জানান, ইরান প্রস্তাব জমা দেওয়ার পর থেকে এই প্রক্রিয়া ‘আরও গুরুতর রূপ’ নিয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে শুক্রবার ইরানের ঘোষিত পরিকল্পনায় দেশটির জব্দকৃত তহবিল অবমুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। আরাঘচি বলেন, এসব পদক্ষেপ চার থেকে পাঁচ দিনের মধ্যে সম্পন্ন করা সম্ভব, যার ফলে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত হবে এবং সপ্তম দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ একটি চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু করা যাবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছেন।
আল জাজিরাকে দেওয়া বক্তব্যে মার্কিন এক কর্মকর্তা জানান, দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা এখনও অব্যাহত রয়েছে।
আলোচনাকে ‘ইতিবাচক ও গঠনমূলক’ হিসেবে বর্ণনা করে ওই মার্কিন কর্মকর্তা জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান না হলে কোনো চুক্তি হবে না। তিনি আরও জানান, পারমাণবিক বিষয়ে অগ্রগতির বিনিময়ে ট্রাম্প নিষেধাজ্ঞা শিথিল করতে এবং ইরানের জব্দকৃত অর্থ ছাড় দিতে প্রস্তুত রয়েছেন।
মার্কিন কর্মকর্তা বলেন, ‘ইরান ইঙ্গিত দিয়েছে যে তারা পারমাণবিক ইস্যুতে নমনীয়, তবে প্রতিশ্রুতিগুলোর সময়সীমা এবং কে আগে কোন পদক্ষেপ নেবে তা নিয়ে এখনও উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য রয়েছে।’
বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে ইরান জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে বলে সংশয় প্রকাশ করেন ওই কর্মকর্তা। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে জানায়, লেবাননে ইসরায়েলের হামলা বন্ধে ব্যর্থ হয়ে এবং হরমুজ প্রণালী দিয়ে বিকল্প নৌপথ তৈরির চেষ্টা করে ওয়াশিংটনই তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করার পরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। যুদ্ধের আগে বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো। এরপর থেকে জাহাজে ইরানের হামলার কারণে নৌ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয় এবং তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।
রয়টার্সের প্রতিবেদনে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা কেপলারের তথ্যের বরাতে জানানো হয়, সেপ্টেম্বর মাসে মধ্যপ্রাচ্যের প্রধান উৎপাদকদের অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ২৮ লাখ ব্যারেলে পৌঁছেছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। তবে এটি এখনও ফেব্রুয়ারির দৈনিক ১ কোটি ৮৮ লাখ ব্যারেল রপ্তানির তুলনায় অনেক কম।
কিছু জাহাজ ওমানের উপকূল ঘেঁষে মার্কিন সামরিক বাহিনীর তত্ত্বাবধানে থাকা পথ ব্যবহার করছে। তারা রাতের বেলা ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে চলাচল করে এবং প্রণালীর বাইরে ট্যাঙ্কারে তেল স্থানান্তর করে। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার শনিবার জানান, সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন বাহিনী ২ হাজার নৌযান চলাচল এবং ১০০ কোটির বেশি ব্যারেল তেল পরিবহনে সহায়তা করেছে।
পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে এবং ইরানের এয়ারলাইন্সের সঙ্গে সম্পৃক্ত বিমানবন্দর ও কোম্পানিগুলোর বিরুদ্ধে সেকেন্ডারি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও ওমান ইতোমধ্যেই সংশ্লিষ্ট ফ্লাইট বাতিল করেছে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন। তবে ওয়াশিংটনই জয়ী হবে দাবি করে তিনি বলেন, ‘আমরা জিততে যাচ্ছি। এটি বেশ দ্রুত ঘটতে চলেছে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জিতলে গ্যাসের দাম কমে আসবে।
এদিকে তেহরানে ইরানের শীর্ষ কর্মকর্তারা অনমনীয় অবস্থান প্রকাশ করেছেন।
ইরান-ইরাক যুদ্ধ এবং ২০২৪ সালে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর নিহত হওয়ার ঘটনা স্মরণে দেওয়া এক বার্তায় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেন, বিদেশি আধিপত্যের দিন শেষ হয়ে গেছে।
ইরানি গণমাধ্যমে প্রকাশিত বার্তায় খামেনি বলেন, ‘আমাদের বীর যোদ্ধা ও হরমুজ প্রণালীর প্রহরীদের কাছ থেকে বেদনাদায়ক আঘাত পেয়ে তারা (শত্রুরা) আরব সাগরের বাইরে যাওয়ার সাহস পাচ্ছে না। যখনই তারা এমন ঝুঁকি নিয়েছে, কেবল নিজেদেরই ক্ষতি করেছে এবং সেই সময় খুব দ্রুত এগিয়ে আসছে যখন আরব সাগরও তাদের উপস্থিতি থেকে মুক্ত হবে।’
সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি সতর্ক করে বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো হুমকির ‘চূড়ান্ত ও বিধ্বংসী জবাব’ দেবে ইরান ও তার মিত্র বাহিনী।
অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী এখনও বন্ধ রয়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.