মুসলিমবান্ধব পর্যটন বাড়াতে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় মালয়েশিয়া
- Details
- by আন্তর্জাতিক ডেস্ক
মুসলিমবান্ধব পর্যটন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে ঐতিহাসিক ঐতিহ্য ব্যবস্থাপনা ও ট্রানজিট পর্যটন সংক্রান্ত তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় মালয়েশিয়া। একই সঙ্গে মালয়েশিয়াও তাদের প্রতিষ্ঠিত মুসলিমবান্ধব পর্যটন মানদণ্ড ও স্বীকৃতি কাঠামো তুরস্কের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী।

মালয়েশিয়ার ইসলামিক ট্যুরিজম সেন্টারের মহাপরিচালক মোহাম্মদ ফয়সাল বিন আবু সুয়েব খান আনাদোলুকে জানান, পর্যটনের সঙ্গে ঐতিহাসিক স্থানগুলোর সংরক্ষণ ও বাণিজ্যিক ব্যবহারের সমন্বয়ে তুরস্কের যে অভিজ্ঞতা রয়েছে, তা মালয়েশিয়ার জন্য শিক্ষণীয় হতে পারে।
ফয়সাল বলেন, ‘ঐতিহ্য ব্যবস্থাপনায় তুরস্কের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তারা যেভাবে ঐতিহাসিক নিদর্শনগুলোকে আর্থিকভাবে লাভজনক করে তোলে এবং একই সঙ্গে সেগুলোর উন্নয়ন, যত্ন ও ব্যবস্থাপনার তহবিল সংগ্রহ করে, তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সংরক্ষণ কাজ অত্যন্ত ব্যয়বহুল।’ তিনি আরও বলেন, ‘তারা যেভাবে এটি পরিচালনা করে এবং একই সঙ্গে নির্দিষ্ট নিদর্শনগুলো সংরক্ষণ করে সেগুলোকে চমৎকার পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করে, তা থেকে আমরা শিখতে পারি।’
তুরস্ক ও মালয়েশিয়া উভয় দেশই বৈশ্বিক মুসলিম ভ্রমণ বাজারের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী পর্যটন শিল্পকে আরও সম্প্রসারিত করতে কাজ করছে। তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তুরস্ক পর্যটন খাত থেকে ৬ হাজার ৫২৩ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে, যা আগের বছরের চেয়ে ৬ দশমিক ৮ শতাংশ বেশি। ওই বছর দেশটির জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে প্রায় ৬ কোটি ৫৯ লাখ দর্শনার্থীর আগমন ঘটে। অন্যদিকে, ট্যুরিজম মালয়েশিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৪ কোটি ২২ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেন। ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬’ কর্মসূচির মাধ্যমে খাতটিকে আরও বড় করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি।
তুরস্কের ট্রানজিট পর্যটন মডেল তুলে ধরে ফয়সাল নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, রাশিয়ার কাজান যাওয়ার পথে ইস্তাম্বুলে প্রায় আট ঘণ্টার যাত্রাবিরতিকালে টার্কিশ এয়ারলাইন্সের পক্ষ থেকে তাকে এবং তার এক সহকর্মীকে শহর পরিদর্শনের সুযোগ দেওয়া হয়।
ভ্রমণটির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘তারা আমাদের বিমানবন্দর থেকে শহরে নিয়ে যায়। এরপর বসফরাস প্রণালী বরাবর ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখতে একটি ক্রুজ ভ্রমণের আয়োজন করে। সেখানে প্রতিটি ভবন ও গোল্ডেন হর্নের ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে তুলে ধরা হয়।’ পরবর্তী ফ্লাইটে ওঠার আগে যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থাও ছিল।
ফয়সাল বলেন, ‘এটি ছিল চমৎকার একটি প্রস্তাব। তারা আমাদের ছোট্ট ও সাধারণ একটি উপহার দিয়েছিল, যা সেখানে আবারও যাওয়ার আগ্রহ তৈরি করে। পুরো সফরের আয়োজনটি এমনভাবে করা হয়েছিল, যা ছিল এক দারুণ আকর্ষণের মতো; যাতে পর্যটকরা আবার ইস্তাম্বুলে ফিরে এসে দীর্ঘ সময় অবস্থান ও উপভোগ করতে পারেন।’
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে দীর্ঘ ট্রানজিটে থাকা যাত্রীদের জন্যও মালয়েশিয়ায় একই ধরনের মডেল চালু করার ইচ্ছা প্রকাশ করেন ফয়সাল। তিনি বলেন, ‘আমি চাই কেএলআইএ বা কেএলআইএ-২ হয়ে ট্রানজিট নেওয়া পর্যটকদের জন্যও আমরা একই ব্যবস্থা করি। যাতে আমরা তাদের কুয়ালালামপুরে নিয়ে এসে শহরটি উপভোগের সুযোগ দিতে পারি এবং তারা যেন পরবর্তীতে আবার ভ্রমণ করতে আসেন। এটি তুরস্ক থেকে শেখার মতো একটি দারুণ বিষয়।’
ফয়সাল উল্লেখ করেন, এই সহযোগিতা কেবল মালয়েশিয়ার তুরস্ক থেকে শেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। কুয়ালালামপুরেরও অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে মুসলিমবান্ধব পর্যটনের সুনির্দিষ্ট মানদণ্ড প্রতিষ্ঠার ক্ষেত্রে। তিনি বলেন, ‘আমরা সেখান থেকে শিখতে পারি, তবে যেমনটি বলেছি, আমরাও অভিজ্ঞতা বিনিময় করতে পারি। এটি হতে পারে দ্বিপক্ষীয় বা পারস্পরিক।’
মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ট্যুরিজম সেন্টার মুসলিমবান্ধব পর্যটন ও আতিথেয়তার মান নির্ধারণ, গবেষণা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি পরিচালনা করে। ফয়সাল বলেন, ‘আমরা মুসলিমবান্ধব পর্যটন ও আতিথেয়তার ওপর গুরুত্ব দিই। আমরা মান নির্ধারণের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা করি।’
প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান উদ্যোগ হলো ‘মুসলিম-ফ্রেন্ডলি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাসুরেন্স অ্যান্ড রিকগনিশন’। মুসলিম পর্যটকদের সেবাদানের নির্ধারিত শর্ত পূরণকারী পর্যটন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এই স্বীকৃতি দেওয়া হয়। মালয়েশিয়ায় ৭৩টি হোটেল, ৩৯টি ট্রাভেল এজেন্সি, ১১টি স্পা সেন্টার এবং ৩৯০ জন ট্যুর গাইডসহ ৫০০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান ও সেবা মুসলিমবান্ধব হিসেবে নিবন্ধিত রয়েছে।
ফয়সাল বলেন, এই মানদণ্ড তুরস্কের প্রতিষ্ঠিত পর্যটন অবকাঠামোকে আরও সমৃদ্ধ করতে পারে। তিনি উল্লেখ করেন, ‘আমাদের মুসলিমবান্ধব স্বীকৃতির ব্যবস্থা রয়েছে। ফলে তুরস্কে যাওয়া পর্যটকরা নির্ভরযোগ্য ও মুসলিমবান্ধব হোটেল খুঁজে নিতে পারবেন।’
ইসলামী সাংস্কৃতিক ঐতিহ্য, হালাল খাবার, মসজিদ ও মুসলিম পর্যটকদের উপযোগী সুযোগ-সুবিধার কারণে তুরস্কে ইতিমধ্যে বড় একটি মুসলিমবান্ধব পর্যটন বাজার রয়েছে। এ প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘তুরস্কের একটি সমৃদ্ধ মুসলিম ও ইসলামী ইতিহাস রয়েছে। তাই এই কর্মসূচিতে যুক্ত হওয়া এবং একই সঙ্গে মুসলিমবান্ধব বাজারে প্রবেশ করা তুরস্কের জন্য খুবই সহজ হবে।’
ইসলামিক ট্যুরিজম সেন্টারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মালয়েশিয়ায় ৯৭ লাখ মুসলিম পর্যটক ভ্রমণ করেন এবং ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১ কোটি ৫২ লাখে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এই স্বীকৃতির পরিধি আন্তর্জাতিক পর্যায়েও বিস্তৃত হচ্ছে। ইতোমধ্যে রাশিয়া, তাইওয়ান, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের মতো দেশগুলোর পর্যটন বাজারে সহযোগিতা জোরদার করছে কেন্দ্রটি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.