আপনি পড়ছেন

মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং প্রাকৃতিক দুর্যোগের মুখে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে গেছে। এর প্রত্যক্ষ প্রভাবে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি তৈরি হয়েছে, যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সুদহার বাড়াতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, নতুন করে ঊর্ধ্বমুখী
প্রতীকী ছবি

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৩ ডলারে পৌঁছেছে। তেলের দামের এই উল্লম্ফন বিশ্বজুড়ে শেয়ারবাজার ও সরকারি ঋণপত্রে বড় ধরনের বিক্রির চাপ তৈরি করেছে। আন্তর্জাতিক মুদ্রা ও ঋণবাজারে শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা।

যুক্তরাজ্যে সরকারের ১০ বছর মেয়াদি ঋণপত্রের সুদহার ছয় বেসিস পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫১৫ শতাংশে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। একই সঙ্গে ৩০ বছর মেয়াদি বন্ডের সুদহার তিন বেসিস পয়েন্ট বেড়ে ৬ দশমিক ০১ শতাংশ স্পর্শ করেছে। সরকারের ঋণের ব্যয় ক্রমাগত বাড়তে থাকায় দেশটির আসন্ন বাজেট ঘোষণার প্রস্তুতিতে থাকা জন হিলির ওপর চাপ বাড়ছে।

ইউরোপের অন্যান্য দেশেও বন্ডের বাজারে বড় পতন দেখা দিয়েছে। ফ্রান্সে ১০ বছর মেয়াদি সরকারি ঋণপত্রের সুদহার বেড়ে হয়েছে ৪ দশমিক ৯৩১ শতাংশ এবং জার্মানিতে এই সূচক দুই বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৫০৪ শতাংশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রেও ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার বেড়ে ৫ দশমিক ৩৩১ শতাংশ হয়েছে। শেয়ারবাজারেও এই ধাক্কা স্পষ্ট; জাপানের নিক্কেই সূচক ১ দশমিক ৪ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোস্পি ২ দশমিক ৬ শতাংশ এবং ইউরোপের স্টক্স ৬০০ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ কমেছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচকেও পতন হয়েছে।

বাজারের এই অস্থিরতার পেছনে রয়েছে ভূরাজনৈতিক সংঘাতের তীব্রতা। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক এক প্রতিবেদনে জানায়, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার রূপরেখা তৈরিতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে সাময়িকীটি উল্লেখ করে, তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য অভিযানের মাত্রা ও কৌশল নিয়ে আলোচনা চলছে। ওয়াশিংটন ও ইসরায়েলের সঙ্গে তেহরানের চলমান সংঘাত এখন অষ্টম মাসে গড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যে কৌশলগত হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে হামলা বৃদ্ধি পাওয়ায় সরবরাহ শৃঙ্খল ঝুঁকিতে পড়েছে। কাতার উপকূলে সম্প্রতি একটি ট্যাংকারে হামলায় হতাহতের তথ্য দিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস।

এদিকে মেক্সিকো উপসাগরে ক্রান্তীয় ঝড় থেকে রূপ নেওয়া হারিকেন ইসাইয়াসের কারণে তেল উত্তোলন বন্ধ রেখেছে বৈশ্বিক প্রতিষ্ঠান শেল ও শেভরন। দ্রুতই ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে এমন পূর্বাভাসে উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর পাশাপাশি অতিরিক্ত ব্যয়ের কারণে বৈশ্বিক পণ্য পরিবহন প্রতিষ্ঠান মার্স্ক জরুরি জ্বালানি সারচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় বিশ্ব অর্থনীতিতে মূল্যস্ফীতির চাপ আরও বিস্তৃত হচ্ছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.