ইরান ইস্যুতে যৌথ পরিকল্পনায় সম্মত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল
ইরানের সঙ্গে সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির বিষয়টিকে সামনে রেখে যৌথ সামরিক পরিকল্পনা প্রণয়নে সম্মত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম শনিবার সন্ধ্যায় এ তথ্য প্রচার করে।

ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়, মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) সঙ্গে যৌথ পরিকল্পনার অস্তিত্ব থাকার বিষয়টি ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে। একই সঙ্গে যুদ্ধের সময়সীমা ‘ঘনিয়ে আসছে’ বলেও সতর্কবার্তা দিয়েছে তারা।
তবে চ্যানেলটির তথ্য অনুযায়ী, সেন্টকমের কমান্ডার ব্রাড কুপারের তেল আবিব সফরের সময় ইরানে হামলার কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা।
ইসরায়েলি নিরাপত্তা মূল্যায়নে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা সাম্প্রতিক দিনগুলোর তুলনায় খুব বেশি আসন্ন নয়। চ্যানেল ১৩ আরও জানায়, ইসরায়েলের সামরিক সতর্কতার মাত্রা এখনও উচ্চ পর্যায়ে রয়েছে, তবে তা সর্বোচ্চ সীমায় পৌঁছায়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর মূল্যায়ন অনুযায়ী, ‘ইরানে পদক্ষেপ নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক হামলা চালানোর পর শুরু হওয়া কয়েক মাসের তীব্র উত্তেজনার পটভূমিতে এই খবরটি সামনে এলো। ওই হামলার জবাবে তেহরানও ইসরায়েল এবং তাদের ভাষায় আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আক্রমণ চালিয়েছিল।
পরবর্তীতে ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে আলোচনায় বসে। কিন্তু হরমুজ প্রণালীতে নৌ-চলাচল ও নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে মতবিরোধ দেখা দেওয়ায় সেই আলোচনায় খুব কমই অগ্রগতি হয়। সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকা সত্ত্বেও জুলাই মাসে পুনরায় সংঘাত শুরু হয়।
ইরানে নতুন করে হামলার প্রস্তুতির খবরের মধ্যেই বুধবার তেল আবিবে ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এবং মোসাদ প্রধান রোমান গফম্যানের সঙ্গে বৈঠক করেন সেন্টকম কমান্ডার কুপার।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, জামির ও কুপার যৌথভাবে পরিস্থিতির একটি সামগ্রিক মূল্যায়ন করেছেন এবং আঞ্চলিক উন্নয়ন ও যৌথ নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন। বিবৃতিতে আরও বলা হয়, দুই কমান্ডার দুই বাহিনীর মধ্যে কৌশলগত ও পরিচালনগত সহযোগিতা গভীর করা, সমন্বয় জোরদার এবং নানা ধরনের পরিস্থিতি মোকাবেলায় যৌথ প্রস্তুতি বৃদ্ধির গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তবে সেখানে কোন ধরনের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বা সরাসরি ইরান প্রসঙ্গ ছিল কি না, তা স্পষ্ট করেনি ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েলি সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ বুধবার জানায়, কুপার ও জামিরের মধ্যকার বৈঠকটি মূলত ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাব্য সামরিক প্রস্তুতির ওপরই গুরুত্ব দিয়েছে। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ইসরায়েলের সামরিক প্রস্তুতি বৃদ্ধির খবরের পরপরই।
এর আগে ১১ নভেম্বর ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান (কেএএন) জানায়, দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা সেনাবাহিনীকে ইরানের ওপর সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছে।
তেল আবিবের এই ত্রিপক্ষীয় বৈঠকের কয়েক দিন আগেই ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র সফর করেন মোসাদ প্রধান রোমান গফম্যান। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গফম্যান সিআইএ পরিচালক জন র্যাটক্লিফের সঙ্গে বৈঠক করে ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়ন এবং ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
এদিকে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইসরায়েলের ‘চেঞ্জ ব্লক’-এর নেতারা তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধ বাধানোর চেষ্টার অভিযোগ তুলেছেন।
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বে থাকা আইজেনকট ও তার সহযোগীরা দাবি করেন, নেতানিয়াহু দেশে জরুরি অবস্থা জারির চেষ্টা করছেন। তাদের অভিযোগ, এমন পদক্ষেপের মাধ্যমে নেতানিয়াহুকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠনে বাধ্য করা হতে পারে, যা তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করবে।
নেতানিয়াহু বর্তমানে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি রয়েছেন, যেটিতে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রেখেছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.