ইয়েমেনে পুরোদমে যুদ্ধ শুরুর সতর্কতা জাতিসংঘের
বিভিন্ন ফ্রন্টে নতুন করে লড়াই ছড়িয়ে পড়ায় ইয়েমেন আবারও পুরোদমে সর্বাত্মক যুদ্ধের মধ্যে ফিরে গেছে। তীব্র সংঘাতের এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ বেসামরিক নাগরিকেরা। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া এক ব্রিফিংয়ে সংস্থাটির বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গ্রুন্ডবার্গ জানান, বাব আল-মান্দেব প্রণালী সংলগ্ন উপকূল এবং মোখার দিকে আনসারুল্লাহ বা হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রার কারণে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বৈরিতা আরও তীব্র হয়েছে।
সৌদি আরবের বেসামরিক ও জ্বালানি অবকাঠামোয় হুতিদের হামলার তীব্র নিন্দা জানান তিনি। বিশেষ করে আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক বর্বরোচিত হামলার কথা উল্লেখ করেন তিনি, যাতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হন।
কাউন্সিলকে গ্রুন্ডবার্গ বলেন, ‘আমি মহাসচিবের নিন্দার প্রতি একাত্মতা প্রকাশ করছি এবং এসব হামলা বন্ধের জন্য আনসারুল্লাহর প্রতি আমার আহ্বানের পুনরাবৃত্তি করছি।’
গ্রুন্ডবার্গ সতর্ক করে জানান, তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা আবারও মারাত্মক দুর্ভোগের মুখে পড়ছে।
তিনি বলেন, ‘ইয়েমেনের পরিস্থিতি এখনও অত্যন্ত পরিবর্তনশীল হলেও একটি বাস্তবতা স্পষ্ট: সাধারণ নাগরিক, বিশেষ করে নারী ও শিশুরা আবারও এই ক্রমবর্ধমান সহিংসতার প্রধান শিকারে পরিণত হচ্ছে।’
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব তুলে ধরে গ্রুন্ডবার্গ উল্লেখ করেন, সংস্থাটির তালিকায় ইয়েমেনকে বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানান। বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য বজায় রাখা, অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়ানো এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সম্ভাব্য সব ধরনের পূর্বসতর্কতা অবলম্বনের ওপর জোর দেন তিনি।
শিশুদের বিশেষ সুরক্ষার অধিকার রয়েছে উল্লেখ করে তিনি জানান, সশস্ত্র সংঘাতে শিশুদের নিয়োগ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
চিকিৎসা স্থাপনা, মানবিক সহায়তা কর্মী ও তাদের কার্যক্রম এবং যুদ্ধে আর অংশ নিচ্ছেন না এমন ব্যক্তিদের সুরক্ষা দেওয়ার আহ্বানও জানান গ্রুন্ডবার্গ।
জাতিসংঘের এই দূত সতর্ক করে জানান, লোহিত সাগরে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে হুতিদের হুমকি জাহাজ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে।
তিনি বলেন, এসব হুমকি দিন দিন সামুদ্রিক বাণিজ্য পথ নিয়ে তৈরি বিরোধ এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর চাপের সঙ্গে জড়িয়ে পড়ছে।
গ্রুন্ডবার্গ স্বীকার করেন যে আঞ্চলিক নিরাপত্তা, নৌচলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক প্রচেষ্টার ক্ষেত্রে ইয়েমেনের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং সেখানকার জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে।
তিনি আরও সতর্ক করে জানান, সামরিক কৌশলের পরিবর্তন আলোচনায় বসার সময় ও প্রক্রিয়ার মূল্যায়নে প্রভাব ফেলছে।
গ্রুন্ডবার্গ জানান, সামরিক চাপ হয়তো আলোচনার টেবিলে সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারে, তবে সামরিক তৎপরতা এবং কূটনীতি পরস্পরবিরোধী নয়।
তিনি বলেন, ‘দিনশেষে যুদ্ধক্ষেত্রের সাফল্য কখনোই সেই আলোচনার বিকল্প হতে পারে না, যা এই সংঘাত নিরসনের জন্য অপরিহার্য।’
একজন মধ্যস্থতাকারী হিসেবে নিজের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ইয়েমেনের নেতৃত্বে একটি রাজনৈতিক সমাধানের পরিবেশ তৈরি করাই তার প্রধান কাজ।
তিনি জোর দিয়ে বলেন, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সংঘাতের মুখোমুখি হওয়া প্রায় ৪ কোটি ইয়েমেনি নাগরিক একটি স্থায়ী রাজনৈতিক সমাধান পাওয়ার অধিকার রাখে।
তিনি বলেন, ‘যদি আমরা না চাই যে যুদ্ধই ইয়েমেনের স্থায়ী বাস্তবতা হয়ে উঠুক, তবে রাজনৈতিক কৌশল নিয়ে ভাবার এখনই উপযুক্ত সময়।’
জাতিসংঘের কর্মী এবং বিভিন্ন বেসরকারি সংস্থা, নাগরিক সমাজের প্রতিনিধি ও কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের অব্যাহতভাবে আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এই দূত। তিনি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিরাপত্তা পরিষদের ধারাবাহিক সমর্থনের আহ্বান জানান।
গ্রুন্ডবার্গ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘একটি গ্রহণযোগ্য রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া যা এই সংঘাতের টেকসই সমাধান দিতে পারে, এই অস্থিরতা বারবার ফিরে আসবে, আঞ্চলিক উত্তেজনা বাড়াবে এবং সামগ্রিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।’
সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার, ইয়েমেনের প্রতি মনোযোগ ধরে রাখার এবং মধ্যস্থতা প্রচেষ্টায় সম্মিলিত সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.