আপনি পড়ছেন

দক্ষিণ আফ্রিকার আইনবিদ নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করায় তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। শুক্রবার দেশটির পক্ষ থেকে বলা হয়, এই সম্মাননা আন্তর্জাতিক আইন রক্ষা এবং ইসরায়েলি অপরাধ নথিবদ্ধ করার ক্ষেত্রে তার প্রচেষ্টার এক অনন্য স্বীকৃতি।

নাভি পিল্লাইয়ের নোবেল জয়কে স্বাগত জানাল ফিলিস্তিন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাই

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নাভি পিল্লাইয়ের এই জয় ‘সত্যের কণ্ঠস্বর এবং নিপীড়িতের কণ্ঠস্বর’-কে সমুন্নত করেছে। একই সঙ্গে এটি শান্তি ও আন্তর্জাতিক আইন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার আজীবন প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে।

মন্ত্রণালয় আরও উল্লেখ করে, পিল্লাই তার কর্মজীবন আইন ও ন্যায়বিচার সমুন্নত রাখা এবং ফিলিস্তিনিসহ দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় উৎসর্গ করেছেন।

পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড ও ইসরায়েল বিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের নেতৃত্বে ছিলেন নাভি পিল্লাই। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত সফলভাবে এই কমিশনের নেতৃত্ব দেওয়ায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভূয়সী প্রশংসা করেছে।

বিবৃতিতে বলা হয়, এই কমিশনটি ফিলিস্তিনে সংঘটিত গণহত্যা, যৌন সহিংসতা, শিশুদের ওপর হামলা এবং অন্যান্য ইসরায়েলি আইন লঙ্ঘনের ঘটনা নথিবদ্ধ করতে বিশেষ ভূমিকা পালন করেছে।

মন্ত্রণালয়ের মতে, এই পুরস্কার আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের রক্ষকদের জন্য এক বড় স্বীকৃতি এবং যারা গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধে জড়িত, তাদের জবাবদিহিতার আওতায় আনার প্রচেষ্টাকে এটি আরও উৎসাহিত করবে।

বিবৃতিতে আরও যোগ করা হয়, পিল্লাই ধারাবাহিকভাবে আইনের সার্বজনীনতা এবং ফিলিস্তিনিসহ সব মানুষের সমতার পক্ষে অবস্থান নিয়েছেন। এই পুরস্কার মূলত এটিই তুলে ধরে যে ‘সকলের জন্য ন্যায়বিচার ও সমতা ছাড়া কোনো স্থায়ী শান্তি আসতে পারে না।’

নরওয়েজীয় নোবেল কমিটি ঘোষণা করেছে, ‘শান্তি ও আন্তর্জাতিক আইনের প্রসারে তার প্রচেষ্টার জন্য’ ৮৫ বছর বয়সী এই আইনবিদকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক আদালতসমূহ এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার হিসেবে তার কাজের ভূমিকা তুলে ধরে কমিটি বলেছে, ‘এ বছরের বিজয়ী আন্তর্জাতিক আইনের পরিধি ও প্রভাবকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছেন।’

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ চলাকালীন ডারবানে ভারতীয় তামিল বংশোদ্ভূত একটি পরিবারে জন্মগ্রহণ করেন পিল্লাই। বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এবং বর্ণবাদ ব্যবস্থার বিরোধীদের আইনি সহায়তা দিয়ে তিনি তার পেশাগত জীবন শুরু করেছিলেন।

কর্মজীবনে তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিচারক এবং রুয়ান্ডা বিষয়ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) তিনি অ্যাডহক বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

নাভি পিল্লাইয়ের নেতৃত্বাধীন জাতিসংঘের তদন্ত কমিশন ২০২৫ সালের এক প্রতিবেদনে এই সিদ্ধান্তে পৌঁছায় যে, গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল গণহত্যা চালিয়েছে। তবে ইসরায়েল এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।

আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে এই নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.