আপনি পড়ছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের পতন ঘটাতে এবং ভবিষ্যৎ যেকোনো শাসক জোটের ওপর শর্ত আরোপে ভূমিকা রাখতে পারে দেশটির আরব রাজনৈতিক জোট। শনিবার প্রকাশিত এক বক্তব্যে দেশটির আরব দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’-এর নেতা ইউসুফ জাবারিন এই প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, সরকার পরিবর্তনের লক্ষ্যে তাদের জোটের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করতে তারা প্রস্তুত।

নেতানিয়াহু সরকারের পতন ঘটাতে পারে আরব জোট!
ইসরায়েলের আরব জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিন

জাবারিনের দপ্তর থেকে প্রচারিত ওই বক্তব্যে তিনি বলেন, ‘এই সরকারের পতন ঘটানো এবং নির্বাচনের পর যেকোনো রাজনৈতিক কাঠামোর ওপর আমাদের শর্ত চাপিয়ে দেওয়ার সক্ষমতা আমাদের হাতেই রয়েছে।’

সরকার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, ‘সব তথ্য-উপাত্তের ভিত্তিতে এটি স্পষ্ট যে জয়েন্ট লিস্টের সঙ্গে আলোচনা ছাড়া নেতানিয়াহু, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গ্যভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের সরকারের কোনো বিকল্প সরকার গঠন করা সম্ভব নয়।’

আসন্ন নির্বাচনকে সাধারণ কোনো ভোটগ্রহণ হিসেবে দেখতে নারাজ জাবারিন। পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘এটি কোনো সাধারণ নির্বাচন নয়, বরং আমাদের একমাত্র মাতৃভূমিতে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি অস্তিত্ব রক্ষার নির্বাচন।’

এ সময় ইসরায়েলি সরকারের কঠোর সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দেশটির আরব নাগরিকদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সরকার ধারাবাহিক নিশানা ও নজিরবিহীন উত্তেজনা সৃষ্টি করছে। পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন নীতি গোটা দেশ ও অঞ্চলকে ‘অতল গহ্বরের দিকে’ ঠেলে দিচ্ছে বলেও তিনি সতর্ক করেন।

জাবারিন উল্লেখ করেন, আরব সমাজের পক্ষ থেকে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের জোর দাবির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দল ও রাজনৈতিক মহলকে একত্রিত করে জয়েন্ট লিস্ট পুনর্গঠন করা হয়েছে।

তিনি বলেন, ‘একটি অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন দল ও মহলের সমন্বয়ে আমাদের সম্প্রদায়ের মধ্যে সম্ভাব্য সবচেয়ে বৃহত্তর ঐক্যের প্রতিনিধিত্ব করছে বর্তমান জয়েন্ট লিস্ট।’ এই ঐক্য ইসরায়েলের আরব নাগরিকদের জন্য ভবিষ্যতে আরও জোরালো রাজনৈতিক প্রভাব নিশ্চিত করবে বলে তিনি যোগ করেন।

জাবারিন বলেন, ‘আমরা একটি সুরক্ষা বলয় হব, তবে সবার আগে তা হবে আমাদের নিজেদের জনগণের সুরক্ষার জন্য।’

তিনি জানান, অপরাধ দমনে সুনির্দিষ্ট সময়সীমা, পর্যাপ্ত বাজেট ও তদারকি ব্যবস্থার রূপরেখা প্রণয়ন করা তাদের জোটের অন্যতম প্রধান শর্ত হবে। এ ছাড়া বাড়িঘর উচ্ছেদ বন্ধ করা, মহাপরিকল্পনা বা মাস্টারপ্ল্যান অনুমোদন, তরুণ দম্পতিদের জন্য জমি বরাদ্দ এবং নেগেভ অঞ্চলের অস্বীকৃত আরব গ্রামগুলোকে স্বীকৃতি দেওয়া তাদের দাবির তালিকায় রয়েছে।

অন্যান্য রাজনৈতিক দলের উদ্দেশে তিনি বলেন, ‘যারা আমাদের সমর্থন চায়, তাদের উচিত আমাদের সম্প্রদায়ের বিভিন্ন দাবির বিষয়ে আমাদের সঙ্গে এসে সরাসরি আলোচনায় বসা।’

গাজায় ‘গণহত্যা’ এবং পশ্চিম তীরে ‘জাতিগত নিধনযজ্ঞের’ বিরুদ্ধে জয়েন্ট লিস্ট কখনোই নীরব থাকবে না বলেও দৃঢ় অবস্থান ব্যক্ত করেন জাবারিন। এর পাশাপাশি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ, সেখানে ইবাদতরত মুসল্লিদের ওপর আক্রমণ, আজানের ওপর আরোপিত বিধিনিষেধ এবং বিভিন্ন গির্জা, মঠ ও ধর্মযাজকদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান তিনি।

আসন্ন নির্বাচন ইসরায়েলের আরব নাগরিকদের রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার একটি বড় সুযোগ তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার প্রকাশিত ইসরায়েলের এক জনমত জরিপের তথ্যানুযায়ী, নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের বিপরীতে একটি বিকল্প সরকার গঠন করতে হলে ইহুদি বিরোধী দলগুলোকে অবশ্যই আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

তবে জরিপে আরও দেখা গেছে, দেশটির ১২০ আসনবিশিষ্ট আইনসভা নেসেটের পরবর্তী সরকারে আরব দলগুলোর অন্তর্ভুক্তির বিরোধিতা করছেন সংখ্যাগরিষ্ঠ ইসরায়েলি নাগরিক।

আগামী ২৬ অক্টোবর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক বিভিন্ন জরিপ ইঙ্গিত দিচ্ছে যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন বলয় কিংবা ইহুদি বিরোধী দল—কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম নয়। এমন পরিস্থিতিতেও দেশটির প্রধান প্রধান ইহুদি বিরোধী দলের নেতারা সরকার গঠনে আরব আইনপ্রণেতাদের সমর্থনের ওপর নির্ভর করার সম্ভাবনা প্রকাশ্যে নাকচ করে দিয়েছেন।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.