ডব্লিউএইচও: রাশিয়ার গবেষণাগারে কর্মীর মৃত্যুর পর কারো প্লেগ শনাক্ত হয়নি
রাশিয়ার প্লেগ গবেষণাগারের এক কর্মীর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে ওই কর্মীর মৃত্যুর পর দেশটিতে প্লেগে আক্রান্ত কোনো রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। খবর আল জাজিরার

শনিবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা তাদের জানিয়েছে, ওই কর্মী এবং তার সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা পরীক্ষা করে যেসব বিপজ্জনক জীবাণুর উপস্থিতি খোঁজা হয়েছিল, সেগুলোর কোনোটিই পাওয়া যায়নি। ওই কর্মীর সংস্পর্শে আসা ব্যক্তিদের কারও মধ্যে এখনো রোগের লক্ষণ দেখা যায়নি। এ ছাড়া একই ঘটনার সঙ্গে সম্পর্কিত গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত আর কোনো রোগীর সন্ধানও মেলেনি।
বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সংক্রমণের ধারাবাহিক বিস্তারের কোনো প্রমাণ পায়নি ডব্লিউএইচও। তবে মৃত গবেষণাগারকর্মীর রোগ নির্ণয় নিশ্চিত না হওয়ায় গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা রয়ে গেছে।
গত ২ অক্টোবর অজ্ঞাত পরিস্থিতিতে অসুস্থ হয়ে মারা যান ওই গবেষণাগারের কর্মী। এ ঘটনায় প্রায় ২০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জনস্বাস্থ্যসংক্রান্ত উদ্বেগ ছড়িয়ে পড়ে।
রুশ সংবাদমাধ্যমগুলো জানায়, নিহত ওই কর্মীর নাম দারিয়া শিপিলোভা। তার বয়স ২৮ বছর। তিনি সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে অবস্থিত ইরকুতস্ক অ্যান্টিপ্লেগ গবেষণা ইনস্টিটিউট অব সাইবেরিয়া অ্যান্ড দ্য ফার ইস্টে পরীক্ষাগারকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিক প্লেগের আশঙ্কা করা হয়েছিল। ইয়ারসিনিয়া পেস্টিস নামের একটি ব্যাকটেরিয়ার সংক্রমণে এ রোগ হয়। সাধারণত ছোট স্তন্যপায়ী প্রাণী ও তাদের শরীরে থাকা মাছির মাধ্যমে এ জীবাণু ছড়ায়। ফুসফুসে সংক্রমণ ঘটানো এই প্লেগ অত্যন্ত বিপজ্জনক।
প্রতিবেশী বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর বলেছিলেন, ওই নারী সম্ভবত প্লেগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে রাশিয়ার রাষ্ট্রীয় স্বাস্থ্য তদারকি সংস্থা রসপোত্রেবনাদজর জানায়, ওই কর্মীর অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়া শনাক্ত হয়েছিল।
রুশ কর্তৃপক্ষের দাবি, ওই কর্মী যথাযথ টিকা নিয়েছিলেন। তার শরীরে কর্মক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত কোনো অণুজীবের উপস্থিতিও পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর করা পরীক্ষায় প্লেগের জীবাণু শনাক্ত হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার রাশিয়া জানায়, ওই কর্মীর সংস্পর্শে আসা সবার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এ-সংক্রান্ত সব তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে দেওয়া হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা ৬ অক্টোবর জানিয়েছিলেন, কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের ৬০ শতাংশকে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানম গেব্রেয়াসুস অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত দ্বিতীয় এক কর্মীর বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ব্যাখ্যা দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানান। তবে রাশিয়া ওই খবরকে ‘মিথ্যা’বলে প্রত্যাখ্যান করে। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে রাশিয়ার কাছে স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
কোভিড-১৯ মহামারির পর থেকে অজ্ঞাত কারণে সৃষ্ট প্রাণঘাতী নিউমোনিয়ার ঘটনা নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য কর্মকর্তারা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। চীনে দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী শ্বাসতন্ত্রের সংক্রমণের একাধিক ঘটনা থেকে ওই মহামারির সূচনা হয়েছিল। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে অনেক সময় রোগের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করা সম্ভব হয় না।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.