আপনি পড়ছেন

গাজায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রযুক্তির মাধ্যমে বেসামরিক ফিলিস্তিনিদের হত্যার অভিযোগ তুলে নির্মিত একটি তথ্যচিত্রের নেপথ্যের অজ্ঞাত সূত্রের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পুরস্কারপ্রাপ্ত ‘নাজা’ নামের ওই প্রামাণ্যচিত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর ২৪ জন অজ্ঞাত তথ্যদাতার সাক্ষ্য তুলে ধরা হয়েছে। তারা অভিযোগ করেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় বহু বেসামরিক নাগরিককে হত্যা করতে ইসরায়েলি বাহিনী এই এআই ব্যবস্থা ব্যবহার করেছে।

গাজা বিষয়ক চলচ্চিত্র ‘নাজা’র তথ্যসূত্র তদন্তের দাবি নেতানিয়াহুর
তেল আবিবের একটি দেয়ালে আঁকা তথ্যচিত্রের নির্মাতাদের গ্রাফিতির পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক পথচারী

শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু বলেন, ‘আমি চিফ অব জেনারেল স্টাফ, শিন বেতের প্রধান এবং অ্যাটর্নি জেনারেলের কাছে দাবি জানাচ্ছি, তারা যেন ‘নাজা’ চলচ্চিত্রে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেন এবং গুরুতর তথ্য নিরাপত্তা লঙ্ঘন, অপরাধমূলক মানহানি ও ইসরায়েলের কূটনৈতিক ও নিরাপত্তা স্বার্থের ক্ষতি করার দায়ে তাদের বিচারের আওতায় আনেন।’

তিনি আরও বলেন, ‘চলচ্চিত্রটিতে একটি মিথ্যা, বিভ্রান্তিকর ও পক্ষপাতদুষ্ট আখ্যান উপস্থাপন করা হয়েছে যা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে এবং ইসরায়েলের মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।’

এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা তথ্য ফাঁসকারীদের এসব অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করছে। তাদের কিছু দাবিকে সামরিক বাহিনী ‘অযৌক্তিক’ এবং স্ববিরোধী বলেও আখ্যা দেয়। একই সঙ্গে তারা দাবি করে, সামরিক বাহিনীর নীতিমালা অনুযায়ী হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ ও অনুমোদন ‘কেবলমাত্র মানব কর্মীদের মাধ্যমেই করা হয়’।

ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির চলচ্চিত্রটিতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন। তথ্যচিত্রটির নির্মাণে ব্যবহৃত সন্দেহভাজন গোপন সামরিক তথ্য ফাঁসের ঘটনায় তদন্তেরও নির্দেশ দিয়েছেন তিনি।

বিমান হামলায় বেসামরিক নাগরিকদের সম্ভাব্য হতাহত বোঝাতে ইসরায়েলি সামরিক বাহিনীতে ব্যবহৃত পারিভাষিক শব্দ থেকেই ‘নাজা’ নামটির উৎপত্তি। এটি হিব্রু ভাষায় ‘পার্শ্বপ্রতিক্রিয়াজনিত ক্ষতি’ বা কোল্যাটারাল ড্যামেজ বোঝাতে ব্যবহৃত শব্দের সংক্ষিপ্ত রূপ। তথ্যচিত্রটি ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার অর্জন করে এবং প্রদর্শনীর পর উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে টানা ২৫ মিনিট করতালি দিয়ে অভিবাদন জানান।

তবে তথ্যচিত্রটি ইসরায়েলের অভ্যন্তরে তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি করেছে। চলচ্চিত্রটির নির্মাতা ইউভাল আব্রাহাম এবং র‍্যাচেল জোরের বিরুদ্ধে ‘রাষ্ট্রদ্রোহিতা’র অভিযোগ আনা হয়েছে। এমনকি নেতানিয়াহু এবং দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মিকি জোহর তাদের ইসরায়েলি নাগরিকত্ব বাতিলের হুমকিও দিয়েছেন।

ইসরায়েলের ন্যাশনাল পাবলিক ডিপ্লোম্যাসি ডিরেক্টরেটের প্রধান জিপি হোটোভেলি ‘নাজা: দ্য রিয়েল স্টোরি’ নামের আরেকটি চলচ্চিত্রের নির্মাতাদের স্বীকৃতি সনদ প্রদান করেন। মূল ‘নাজা’ তথ্যচিত্রের ‘রক্তাক্ত অপবাদ’ মোকাবিলার জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী, মূল অভিযোগগুলো খণ্ডন করতে ‘নাজা: দ্য রিয়েল স্টোরি’ চলচ্চিত্রে ইসরায়েলি সেনাদের বক্তব্য তুলে ধরা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ নিউজের তথ্য অনুযায়ী, দেশটির ৪৩টি মানবাধিকার সংগঠন ‘নাজা’ তথ্যচিত্রের নির্মাতাদের পক্ষে অবস্থান নিয়ে তাদের প্রতি দেওয়া হুমকির তীব্র নিন্দা জানিয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে আক্রমণ চালিয়ে এক হাজার ১৩৯ জনকে হত্যা এবং প্রায় ২৪০ জনকে বন্দি করে। এর জবাবে গাজায় বিধ্বংসী ও নৃশংস যুদ্ধ শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, তখন থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু রয়েছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.