আপনি পড়ছেন

সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি লঙ্ঘন বন্ধের তাগিদ দিয়েছে সংস্থাটি। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে এ আহ্বান পুনর্ব্যক্ত করা হয়।

সিরিয়ার সার্বভৌমত্ব বজায় রাখতে ইসরায়েলকে জাতিসংঘের আহ্বান
সিরিয়ার গোলান মালভূমি সীমান্তে সামরিক আগ্রাসনের ফলে উড়ছে ধোঁয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়া বিষয়ক উপ-বিশেষ দূত ক্লদিও কর্ডোন বলেন, ‘১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি লঙ্ঘন বন্ধ এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের জন্য মহাসচিবের যে আহ্বান, আমি তার পুনরাবৃত্তি করছি।’

দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান প্রতিদিন অব্যাহত রয়েছে উল্লেখ করে কর্ডোন বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, ব্যাপক নির্মাণকাজ, তল্লাশিচৌকি স্থাপন, তল্লাশি ও আটকের পাশাপাশি ৫ অক্টোবর ইসরায়েলি সামরিক অবস্থানের কাছে গুলিতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, এখনও ৪৯ জন ইসরায়েলি হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। পাশাপাশি ২৩ সেপ্টেম্বর একটি পৃথক ঘটনায় ইসরায়েলি দখলদার গোষ্ঠীর ১৪ জন সদস্য যুদ্ধবিরতি রেখা অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করলে পরে ইসরায়েলি বাহিনী তাদের ফিরিয়ে নেয়।

২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল-আসাদের সরকারের পতনের পর থেকে ইসরায়েল নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে। তথাকথিত নিরাপত্তা বিবেচনার অজুহাতে দখলকৃত গোলান মালভূমির অসামরিক বাফার জোন এবং আশপাশের অবস্থানগুলোতে সেনা মোতায়েন করেছে দেশটি। অন্যদিকে দামেস্ক দখলকৃত এলাকাগুলো থেকে ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে এবং ১৯৭৪ সালের চুক্তির প্রতি নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

কর্ডোন বলেন, ‘আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে চুক্তিতে পৌঁছানোর একমাত্র পথ হলো কূটনীতি।’

সিরিয়ার সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে কর্ডোন জানান, মুদ্রার অবমূল্যায়ন ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। যদিও নিষেধাজ্ঞা শিথিল এবং ইইউর ৬২ কোটি ইউরো (প্রায় ৬৯ কোটি ২০ লাখ ডলার) সহায়তা ও বিশ্বব্যাংকের ১৭ কোটি ৫০ লাখ ডলারের কৃষি উদ্যোগসহ আন্তর্জাতিক অংশীদারিত্ব প্রাথমিক আর্থিক স্থিতিশীলতা দিচ্ছে।

তিনি জানান, দামেস্কের সঙ্গে সমন্বয় করে সিরিয়ার অগ্রাধিকারের ওপর ভিত্তি করে পুনর্বাসন ও পুনর্গঠন বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখছে জাতিসংঘ। তিনি বলেন, ‘বর্তমান কাজ হলো এই সুযোগগুলোকে সিরিয়ার পুনরুদ্ধারে দীর্ঘস্থায়ী সহায়তায় রূপান্তর করা।’

মানবিক বিষয়ক জাতিসংঘের সহকারী মহাসচিব মোহাম্মদ ইয়াহিয়া সতর্ক করে দিয়ে জানান, ৩৮ লাখের বেশি শরণার্থী এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ ফিরে এলেও এখনও ৫৫ লাখের বেশি সিরীয় বাস্তুচ্যুত রয়েছেন। এদের মধ্যে ৭ লাখ ৭০ হাজারের বেশি মানুষ বিভিন্ন শিবিরে বাস করছেন, যার তিন-চতুর্থাংশই নারী ও শিশু।

ইয়াহিয়া বলেন, ‘লক্ষ্যটি কেবল পরিবারগুলোকে ফিরে যেতে সহায়তা করা নয়, বরং তাদের সেখানে অবস্থান এবং জীবন পুনর্গঠনে বাস্তবসম্মত সহায়তা প্রদান করা।’ তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ডিসেম্বর থেকে বিস্ফোরক অস্ত্রের কারণে ২ হাজার ৫০০ জন হতাহত হয়েছেন, যেখানে ২০২৬ সালের মানবিক সহায়তা পরিকল্পনার জন্য তহবিলের মাত্র ৩২ শতাংশ সংস্থান হয়েছে।

শিক্ষা খাতের চিত্র তুলে ধরে দামেস্ক থেকে নাগরিক সমাজের প্রতিনিধি জর্জ বাতাহ নিরাপত্তা পরিষদকে জানান, ২৭ লাখ শিশু এখনও স্কুলের বাইরে রয়েছে এবং প্রায় ৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান অকার্যকর অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘শিক্ষায় বিনিয়োগের মাধ্যমেই পুনর্গঠন শুরু হয়।’

প্ল্যান ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক হাজির মালিম সতর্ক করে দিয়ে বলেন, এই খাতের প্রয়োজনীয় ৩৩ কোটি ৭০ লাখ ডলারের মধ্যে মাত্র ১৬ দশমিক ৫ শতাংশ তহবিল সংগ্রহ হওয়ায় ‘একটি পুরো প্রজন্ম পিছিয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।’

বৈঠকে অংশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানায়, সিরিয়া রাজনৈতিক, মানবিক এবং নিরাপত্তা সংক্রান্ত অগ্রাধিকারগুলোতে যে ‘চলমান অগ্রগতি’ সাধন করছে তাকে তারা স্বাগত জানায়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.