আপনি পড়ছেন

আসন্ন সাধারণ নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট। সোমবার প্রকাশিত এক জনমত জরিপ অনুযায়ী, দেশটির পার্লামেন্ট নেসেটের মোট ১২০টি আসনের মধ্যে সরকারবিরোধীরা পেতে পারে ৬৭টি আসন। বিপরীতে বর্তমান ক্ষমতাসীন জোটের ঝুলিতে যেতে পারে মাত্র ৪৯টি আসন।

জরিপে নেতানিয়াহুর জোটের চেয়ে ১৮ আসনে এগিয়ে বিরোধীরা
ইসরায়েলের পতাকা হাতে সরকারবিরোধী বিক্ষোভকারীরা

চ্যানেল ১২-এর জরিপে বলা হয়, আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে পরিচালিত এই জরিপ অনুযায়ী নেতানিয়াহুর বিরোধী জায়নবাদী দলগুলো ৫৪টি এবং আরব দলগুলো ১৩টি আসন পেতে পারে। এছাড়া চ্যানেলটির ভাষায় ‘তৃতীয় ব্লক’ হিসেবে পরিচিত একটি দল পেতে পারে চারটি আসন।

ইসরায়েলে সরকার গঠনের জন্য ১২০ আসনের পার্লামেন্টে অন্তত ৬১টি আসনে সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়।

১২ অক্টোবর ১৮ বছর বা তার বেশি বয়সী ৫০৯ জন ইসরায়েলি নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়। এতে সম্ভাব্য ভুলের সর্বোচ্চ মাত্রা ধরা হয়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের ইয়াশার পার্টি ২৩টি আসন পেয়ে তালিকার শীর্ষে রয়েছে। এরপরই নেতানিয়াহুর দল লিকুদ পেতে পারে ২০টি আসন, যা চ্যানেলটির আগের জরিপের তুলনায় একটি কম।

সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বেয়াচাদ পার্টি পেয়েছে ১৩টি আসন। অন্যদিকে ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টি এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু পার্টি উভয়ই নয়টি করে আসন পেতে পারে।

ইউসেফ জাবারিনের নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট পেতে পারে আটটি আসন। এছাড়া দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের জিউইশ পাওয়ার পার্টি এবং আরিয়েহ দেরির কট্টর অর্থোডক্স শাস পার্টিও সমান আটটি করে আসন পেতে পারে।

ইয়াকভ আশেরের ইউনাইটেড তোরাহ জুডাইজম সাতটি এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোতরিচ ও রাজনীতিবিদ মোশে ফেইগলিনের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিজম-জেহুত জোট ছয়টি আসন পেতে পারে।

এদিকে মনসুর আব্বাসের ইউনাইটেড আরব লিস্ট পাঁচটি আসন পেতে পারে, যার ফলে জরিপে আরব দলগুলোর মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

ইয়োজ হেন্ডেল ও ইয়ারন জেলিখার নেতৃত্বাধীন যৌথ রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি চারটি আসন পেতে পারে বলে জরিপের ফলাফলে দেখা গেছে।

প্রধানমন্ত্রী হিসেবে কে বেশি যোগ্য—এমন প্রশ্নে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন আইজেনকট। এতে আইজেনকট পেয়েছেন ৪৫ শতাংশ সমর্থন এবং নেতানিয়াহু পেয়েছেন ৩৫ শতাংশ। এর মাধ্যমে আইজেনকটের এগিয়ে থাকার ব্যবধান আগের জরিপের ৩ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশে পৌঁছেছে।

অন্য এক হিসাবে নেতানিয়াহুর চেয়ে সামান্য এগিয়ে আছেন নাফতালি বেনেটও। বেনেট পেয়েছেন ৩৭ শতাংশ সমর্থন, যেখানে প্রধানমন্ত্রীর পক্ষে সমর্থন এসেছে ৩৬ শতাংশ।

তবে আভিগদর লিবারম্যানের তুলনায় এগিয়ে রয়েছেন নেতানিয়াহু। লিবারম্যানের ২৭ শতাংশের বিপরীতে নেতানিয়াহু পেয়েছেন ৩৫ শতাংশ সমর্থন। অবশ্য আগের জরিপে দুজনের মধ্যে ব্যবধান ১৭ শতাংশ থাকলেও এবার তা কমে আট শতাংশে দাঁড়িয়েছে।

চ্যানেল ১২ জানায়, জরিপে অংশ নেওয়া প্রায় আট শতাংশ উত্তরদাতা কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

২০২২ সালের ডিসেম্বরের শেষ দিক থেকে বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন এই ক্ষমতাসীন জোটকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থি সরকার হিসেবে বিবেচনা করা হয়।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.