দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া থেকে লটারি ব্যবস্থা বাতিল করা হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষ থেকে এসব শ্রেণিতে আবারও লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। তবে প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমেই ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন এই ভর্তি নীতিমালা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মঙ্গলবার নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫০ নম্বরে। এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে। এই পরীক্ষা সম্পন্ন করতে পরীক্ষার্থীরা সময় পাবে এক ঘণ্টা।
ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরে। এতে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে। এই শ্রেণির শিক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রকাশিত পাঠ্যবইয়ের ওপর ভিত্তি করে পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। আসন খালি থাকা সাপেক্ষে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।
প্রথম শ্রেণির ডিজিটাল লটারি কার্যক্রম পরিচালনা করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। কোনো বিদ্যালয়ের দুটি শিফটে আবেদন করলে তা দুটি পছন্দ হিসেবে গণ্য হবে।
নীতিমালায় প্রথম শ্রেণির জন্য সর্বোচ্চ আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণির জন্য ২৫০ টাকা। আবেদন প্রক্রিয়া এবং ফলাফল অনলাইনের মাধ্যমেই সম্পন্ন হবে।
২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে যেসব শিশুর বয়স পাঁচ থেকে সাত বছর হবে, তারা প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে বয়সসীমায় সর্বোচ্চ পাঁচ বছরের ছাড় দেওয়া হতে পারে। নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, কোনো শাখাতেই শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জনের বেশি হতে পারবে না।
ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সংশ্লিষ্ট এলাকার শিশুদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী, সহোদর ভাইবোন ও যমজ সন্তানদের জন্য নির্ধারিত কোটা বহাল থাকবে। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি সম্পন্ন করা শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ শ্রেণিতে ১০ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে।
ভর্তির আবেদনের তারিখ এবং পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে আলাদাভাবে ঘোষণা করা হবে।
২০১১ সালে সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীতে করোনা মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারি পদ্ধতি সম্প্রসারিত করা হয় এবং এরপর থেকে এই নিয়মই কার্যকর ছিল।
মার্চ মাসে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পুনরায় লিখিত ভর্তি পরীক্ষা চালুর পরিকল্পনার কথা জানান। তবে শিক্ষাবিদ ও অভিভাবকদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের সমালোচনা করা হয়েছিল। তাদের আশঙ্কা ছিল, ছোট শিশুদের ওপর ভর্তি পরীক্ষার বোঝা চাপানো হলে মানসিক চাপ বাড়বে এবং কোচিং নির্ভরতা উৎসাহিত হবে।
পরবর্তীতে আগস্ট মাসে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় যে, প্রথম শ্রেণিতে লটারি ব্যবস্থা বহাল রাখা হবে এবং অন্যান্য শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনা হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.