আপনি পড়ছেন

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। সেপ্টেম্বরে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়েছে, যা এ মাসের শেষ দিকে আবারও সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো করেছে। মধ্যবর্তী নির্বাচনের আগে প্রকাশিত মূল্যস্ফীতির সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। খবর আল জাজিরার

মধ্যবর্তী নির্বাচনের আগে মূল্যস্ফীতি বেড়েছে যুক্তরাষ্ট্রে
পেট্রলের দাম বৃদ্ধি যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়িয়েছে। ছবি- এপি

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের শ্রম পরিসংখ্যান ব্যুরোর (বিএলএস) গতকাল বুধবার প্রকাশিত ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এ হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে, মাসিক হিসাবে সেপ্টেম্বরে পণ্যের দাম বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ।

যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে দেশটির মূল্যস্ফীতিতেও। সেপ্টেম্বরে পেট্রলের দাম বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, মাসিক মূল্যস্ফীতি বৃদ্ধির অর্ধেকেরও বেশি ঘটেছে পেট্রলের দাম বাড়ার কারণে। গত বছরের একই সময়ের তুলনায় পেট্রলের দাম বেড়েছে ৩৪ দশমিক ২ শতাংশ।

অর্থনৈতিক গবেষণাপ্রতিষ্ঠান সেঞ্চুরি ফাউন্ডেশনের প্রধান অর্থনীতিবিদ কাইল মুর আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ইরানে লক্ষ্যহীন যুদ্ধ বিশ্বব্যাপী সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটাচ্ছে। এতে খাদ্য ও জ্বালানির দাম বাড়ছে।

পেট্রলের দাম এখনো বাড়ছে। যুক্তরাষ্ট্রে প্রতিদিনের জ্বালানির দাম পর্যবেক্ষণকারী সংস্থা আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি গ্যালন পেট্রলের গড় দাম ৪ ডলার ৩৩ সেন্ট, যা প্রতি লিটারে প্রায় ১ ডলার ১৪ সেন্টের সমান। এক মাস আগে প্রতি গ্যালনের দাম ছিল ৪ ডলার ৩১ সেন্ট।

ডিজেলের দাম আরও বেশি। বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ২৯ সেন্ট, যা প্রতি লিটারে প্রায় ১ ডলার ৬৬ সেন্ট। এক মাস আগে প্রতি গ্যালনের দাম ছিল ৬ ডলার ২৩ সেন্ট।

জ্বালানির দাম বৃদ্ধির চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জ্বালানির দাম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির তেলবিষয়ক বিশ্লেষণ বিভাগের প্রধান প্যাট্রিক ডিহান বলেন, ‘২০২৬ সালে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে পেট্রলের গড় দাম গ্যালনপ্রতি ৪ ডলারের ওপরে ছিল ১৫৮ দিন। আগের যেকোনো বছরের তুলনায় এ বছর এমন দিনের সংখ্যা বেশি।’

আবাসন ব্যয়ও বেড়েছে। আগস্টে শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধির পর সেপ্টেম্বরে আগের মাসের তুলনায় আবাসন ব্যয় বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। তবে খাদ্যপণ্যের দামের ক্ষেত্রে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। সামগ্রিকভাবে সেপ্টেম্বরে খাদ্যপণ্যের দাম অপরিবর্তিত ছিল।

রেস্তোরাঁয় খাওয়াসহ বাড়ির বাইরে খাবারের ব্যয় বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। তবে বাড়িতে খাওয়ার জন্য কেনা খাদ্যপণ্যের দাম শূন্য দশমিক ১ শতাংশ কমায় এ বৃদ্ধি পুষিয়ে গেছে। বাড়িতে খাওয়ার খাদ্যপণ্যের মূল্যসূচকে মূলত মুদি দোকান থেকে কেনা পণ্যের দাম বিবেচনা করা হয়।

মুদি দোকানে মুরগির মাংসের দাম বেড়েছে শূন্য দশমিক ৭ শতাংশ। ফল ও সবজির দাম বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ এবং জুসের দাম বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। তবে দুধের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ এবং গরুর মাংসের দাম কমেছে শূন্য দশমিক ৯ শতাংশ।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামোতে বিপুল বিনিয়োগের মধ্যে কম্পিউটার সফটওয়্যার ও আনুষঙ্গিক সরঞ্জামের দামও বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এসব পণ্যের দাম বেড়েছে ২৮ শতাংশ।

বিনিয়োগ প্রতিষ্ঠান প্যারাবেলাম ইনভেস্টমেন্টের প্রধান রামি ক্যাসিস আল জাজিরাকে বলেন, এআইয়ের উত্থান এখানে বড় ভূমিকা রাখছে। তথ্যকেন্দ্র, এআই প্রতিষ্ঠান ও বিভিন্ন মডেল তৈরিতে শত শত কোটি ডলার বিনিয়োগের খবর আমরা সবাই পড়েছি।

মূল্যস্ফীতির এ তথ্য এমন এক সময়ে প্রকাশ হলো, যখন চলতি মাসের শেষ দিকে সুদের হার নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। গত মাসে ব্যাংকটি সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়েছিল। এর ফলে সুদের হারের লক্ষ্যমাত্রা বেড়ে ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে দাঁড়ায়। তিন বছরের মধ্যে সেটিই ছিল প্রথম সুদের হার বৃদ্ধি।

এবার সুদের হার আরও বাড়ানো হবে, নাকি বর্তমান অবস্থায় রাখা হবে, তা নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। মুদ্রানীতিসংক্রান্ত সিদ্ধান্তের সম্ভাবনা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সিএমই ফেডওয়াচের হিসাবে, সুদের হার ৩ দশমিক ৭৫ থেকে ৪ শতাংশের মধ্যে অপরিবর্তিত রাখার সম্ভাবনা ৫২ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, আরও ২৫ ভিত্তি পয়েন্ট বাড়িয়ে সুদের হার ৪ থেকে ৪ দশমিক ২৫ শতাংশে উন্নীত করার সম্ভাবনা ৪৭ দশমিক ১ শতাংশ।

মূল্যস্ফীতির এ প্রতিবেদন আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির ওপর চাপ বাড়িয়েছে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৭৮ শতাংশ নাগরিক দেশটিতে পণ্যের দাম বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে দায়ী করেছেন।

মূল্যস্ফীতির প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও দরপতন দেখা গেছে। লেনদেনের মধ্যভাগে প্রযুক্তিনির্ভর নাসডাক সূচক শূন্য দশমিক ৮ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে। তবে ডাও জোন্স শিল্প গড় সূচক প্রায় অপরিবর্তিত ছিল।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.