আপনি পড়ছেন

আসন্ন পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থি ভোট বিভাজন ঠেকাতে এক প্রভাবশালী ইহুদি ধর্মীয় নেতা বা র্যাবাইয়ের শরণাপন্ন হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ‘আমচা ইসরায়েল’ দলের নেতা ওফের উইন্টারকে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি করানোর উদ্দেশ্যে তিনি এই সহায়তা চান। মঙ্গলবার একটি ইসরায়েলি দৈনিকের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বীকে সরাতে ধর্মীয় নেতার দ্বারস্থ নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’ জানায়, অধিকৃত পশ্চিম তীরের এলি বসতিতে অবস্থিত ‘বেনেই ডেভিড’ প্রি-মিলিটারি একাডেমি পরিদর্শন করেন নেতানিয়াহু। সেখানে তিনি অর্থমন্ত্রী ও ‘রিলিজিয়াস জায়নিজম’ দলের নেতা বেজালেল স্মোট্রিচকে সঙ্গে নিয়ে র্যাবাই এলি সাদানের সঙ্গে বৈঠক করেন।

সংবাদপত্রটির মতে, উইন্টারের সাথে সাদানের ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য রাজি করানোই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য।

একাডেমির সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু ও স্মোট্রিচ সাদানের কাছে সাম্প্রতিক জনমত জরিপের ফলাফল উপস্থাপন করেন। তারা যুক্তি দেখান, নির্বাচনে বেশ কয়েকটি ছোট দল অংশ নিলে ডানপন্থি জোটের আসন সংখ্যা কমে যেতে পারে।

তারা আরও দাবি করেন, সোমবার ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ দলের নেতা বেনি গ্যান্টজ প্রার্থিতা প্রত্যাহার করার পর বিরোধী দলগুলো ‘তাদের অবস্থান আরও ভালোভাবে সুসংহত’ করেছে।

সংবাদপত্রটিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ও স্মোট্রিচের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ তোলেন উইন্টার। তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণ এক ভিন্ন ধারার রাজনীতি চায়।’

উইন্টার জানান, দায়িত্ব গ্রহণ, ভুল স্বীকার এবং ইসরায়েলিদের ঐক্যবদ্ধ করার ওপর ভিত্তি করে বর্তমান ডানপন্থি নেতৃত্বের একটি বিকল্প তুলে ধরতে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তার দল ‘শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে’ বলেও জোর দেন তিনি।

নির্বাচনী চাপ

পত্রিকাটির তথ্যানুযায়ী, স্মোট্রিচ ঘনিষ্ঠ ব্যক্তি এবং পশ্চিম তীরের র্যাবাইদের চাপের মুখে উইন্টারের দলের প্রার্থী তালিকার অষ্টম স্থানে থাকা ডাভিদি বেন জায়ন প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। দলটি নির্বাচনী ন্যূনতম সীমা বা থ্রেশহোল্ড পার হতে ব্যর্থ হবে এবং এর ফলে প্রাপ্ত ভোটগুলো পার্লামেন্টে প্রতিনিধিত্বহীন হয়ে পড়বে—এমন আশঙ্কার প্রেক্ষাপটেই এই চাপ সৃষ্টি করা হয়। নিজের সমর্থকদের ভোট যাতে নষ্ট না হয়, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বেন জায়ন।

১২ অক্টোবর উইন্টার বলেন, তার দল যদি নির্বাচনী ন্যূনতম সীমা অতিক্রম করতে ব্যর্থ হয়, তবে ডানপন্থি জোটের পতনের দায় নেতানিয়াহুকেই নিতে হবে।

জনমত জরিপগুলোতে উইন্টারের দল বৈধ ভোটের ন্যূনতম ৩ দশমিক ২৫ শতাংশের সীমা পার হতে ব্যর্থ হতে পারে এমন ইঙ্গিত আসার পর থেকে তাকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ক্ষমতাসীন জোটের চাপ তীব্র হয়েছে। গ্যান্টজের প্রার্থিতা প্রত্যাহারের পর এই আহ্বানগুলো আরও জোরালো রূপ নেয়, যাকে ডানপন্থি নেতারা বিরোধীদের জয়ের সম্ভাবনা বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন।

গভীর রাজনৈতিক বিভাজনের মধ্য দিয়ে আগামী ২৭ অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার নেতানিয়াহু স্বীকার করেন, নিজের বিজয়ের ব্যাপারে তিনি নিশ্চিত নন এবং তিনি ‘খুবই উদ্বিগ্ন।’

রবিবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম কান (KAN) প্রকাশিত এক জরিপে দেখা গেছে, নেতানিয়াহুর জোট দুটি আসন হারিয়ে ৫১টিতে নেমে এসেছে। বিপরীতে ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৫২টি আসন পেতে পারে। একই জরিপ অনুসারে, প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকাতেও নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন আইজেনকট; যেখানে নেতানিয়াহুর পক্ষে ৩৫ শতাংশের বিপরীতে আইজেনকট পেয়েছেন ৪৩ শতাংশ সমর্থন।

জনমত জরিপগুলো বলছে, ১২০ সদস্যের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো জোটেরই নিয়ন্ত্রণে নেই।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.