ব্রাজিলের চূড়ান্ত বিতর্কে লুলা-বলসোনারোর তীব্র বাদানুবাদ
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত বিতর্কে মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং রক্ষণশীল সিনেটর ফ্লাভিও বলসোনারো। রবিবার অনুষ্ঠিত হতে যাওয়া রান-অফ নির্বাচনের আগে শুক্রবার আয়োজিত এই বিতর্কে অবকাঠামো, জননিরাপত্তা এবং দুর্নীতির অভিযোগ নিয়ে তারা একে অপরের ওপর তীব্র আক্রমণ চালান।

টিভি গ্লোবোর রিও ডি জেনেইরো স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই বিতর্কটি ছিল দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় সরাসরি লড়াই। বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ডাটাদাফোলহা জরিপে দেখা গেছে, উভয় প্রার্থীই সমান ৫০ শতাংশ সমর্থন পেয়ে চরম প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ৪৫ বছর বয়সী ফ্লাভিও বলসোনারো প্রথম দফার নির্বাচনে ৪৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। অন্যদিকে ওয়ার্কার্স পার্টির (পিটি) ৮০ বছর বয়সী নেতা লুলা পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট।
সরকারের গণপূর্ত কাজের ব্যর্থতার প্রসঙ্গ টেনে বিতর্কের সূচনা করেন বলসোনারো। তিনি দাবি করেন, দেশের এক লাখ ৫০০টি নির্মাণ প্রকল্প বর্তমানে স্থবির হয়ে পড়ে রয়েছে।
সরকারের ব্যয় বরাদ্দের সমালোচনা করে বলসোনারো বলেন, ‘ব্রাজিল আবার নির্মাণ প্রকল্পের এক বিশাল কবরস্থানে পরিণত হয়েছে।’ অতিরিক্ত ব্যয়ের কারণে সরকার সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এর জবাবে বন্ধ থাকা সব প্রকল্প সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন লুলা। মহাসড়ক, সুড়ঙ্গ এবং পানি সরবরাহ প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বড় অঙ্কের বিনিয়োগের বিষয়গুলো তিনি তুলে ধরেন।
এদিকে মধ্যবিত্ত শ্রেণির ভোটারদের আকৃষ্ট করতে বলসোনারো ন্যূনতম মজুরি ও পেনশন বৃদ্ধির প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, ক্ষমতায় গেলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘বাঙ্কো দো ব্রাজিল’ বা তেল কোম্পানি ‘পেত্রোব্রাস’ বেসরকারিকরণ করবেন না।
বিতর্কে দুই প্রার্থীই অতীতের ব্যক্তিগত রেকর্ড এবং নীতিগত সিদ্ধান্ত নিয়ে বারবার বাগ্যুদ্ধে জড়ান। রিও ডি জেনেইরো অঙ্গরাজ্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময় ফ্লাভিও মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর বিরোধিতা করেছিলেন বলে সমালোচনা করেন লুলা। বিষয়টি স্বীকার করে বলসোনারো বলেন, ‘সন্তানের বাবা হওয়ার পর এখন আমি সম্পূর্ণ ভিন্নভাবে ভোট দেব।’
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ব্যর্থতার কথাও স্মরণ করিয়ে দেন লুলা। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করে তৎকালীন প্রশাসন দেশের ৭ লাখেরও বেশি নাগরিককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
পাল্টা জবাবে অপরাধ দমন নীতিতে লুলার বিরুদ্ধে শিথিলতার অভিযোগ তোলেন বলসোনারো। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘লুলা, আপনি কেন অপরাধীদের স্বার্থের চেয়ে ক্ষতিগ্রস্তদের স্বার্থকে বেশি গুরুত্ব দেন না?’
বিতর্কটি ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে রূপ নেয় যখন টটেনহ্যাম হটস্পারের ব্রাজিলীয় ফুটবলার রিচার্লিসনের একটি সম্পদ সংক্রান্ত বিরোধের প্রসঙ্গ টেনে আনেন লুলা। সম্প্রতি রিচার্লিসন অভিযোগ করেন, বেআইনি কৌশলে আংগ্রা দোস রেইসে একটি দ্বীপ ও বিলাসবহুল বাড়ি দখল করেছেন বলসোনারো।
লুলা যখন বলসোনারো পরিবারের দুর্নীতির অভিযোগগুলো সামনে আনার চেষ্টা করছিলেন, তখন সুনির্দিষ্ট জমি সংক্রান্ত এই অভিযোগ নীতিগত বিতর্ককে অন্যদিকে ঘুরিয়ে দেয়। এর জবাবে বলসোনারো দাবি করেন, লুলা একজন রাজনৈতিক দাতার কাছ থেকে পাঁচ লাখ ব্রাজিলিয়ান রিয়াল (এক লাখ ৭০০ ডলার) মূল্যের একটি বিলাসবহুল হুইস্কির বোতল উপহার হিসেবে নিয়েছিলেন।
রবিবার টিভি ব্যান্ডের বিতর্কে বলসোনারো বারবার লুলার পেছনে দাঁড়িয়ে শরীরী ভাষায় ভীতি প্রদর্শনের যে কৌশল নিয়েছিলেন, তা ঠেকাতে টিভি গ্লোবো এবার মঞ্চে কঠোর নিয়ম কার্যকর করে। ফলে একজন বক্তব্য দেওয়ার সময় অন্য প্রার্থীকে নির্ধারিত স্থানেই দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়।
বিশ্লেষকদের মতে, দেশটির ইতিহাসের অন্যতম মেরুকৃত এই নির্বাচনে নিজেদের পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে রবিবার ভোটকেন্দ্রে যাবেন ব্রাজিলের ভোটাররা।
জরিপের ফল অত্যন্ত কাছাকাছি থাকায় ব্রাজিলে প্রচারণায় ব্যাপক ডিজিটাল ও মাঠপর্যায়ের তৎপরতা শুরু হয়েছে। বড় ধরনের প্রত্যাবর্তনের লক্ষ্যে পিটি তাদের ‘লুলা আর্মি’ নামের হোয়াটসঅ্যাপ নেটওয়ার্কের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করেছে। শুক্রবারই এতে ১০ লাখের বেশি অনুসারী যুক্ত হয়ে মোট অনুসারীর সংখ্যা প্রায় এক কোটিতে দাঁড়িয়েছে।
প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকার সুবিধা নিয়ে বলসোনারো নিজেকে লাতিন আমেরিকায় রক্ষণশীল রাজনীতির পুনরুত্থানের প্রতিনিধি হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সরাসরি সমর্থন দেননি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.