আপনি পড়ছেন

পাহাড়ি অঞ্চল, জলপথ ও জটিল অপরাধস্থলের মতো দুর্গম এলাকায় দ্রুত অভিযান এবং উদ্ধার তৎপরতায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২ হাজার ২৮১ কোটি টাকার একটি ক্রয় প্রস্তাব চূড়ান্ত করেছে।

পুলিশের সক্ষমতা বাড়তে ২২৮১ কোটি টাকায় বিশেষায়িত যানবাহন কেনার প্রস্তাব
বাংলাদেশ পুলিশের লোগো

প্রস্তাবটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগে পাঠানো হয়েছে। গত ১৫ অক্টোবর সেখানে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভাও অনুষ্ঠিত হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুনের মধ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে তিন অর্থবছরে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে ২০২৬-২৭ অর্থবছরে ৪৪৭ কোটি ৬৬ লাখ টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ৯১৬ কোটি ৭৬ লাখ টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ৯১৬ কোটি ৬১ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাধারণ টহল গাড়ির তুলনায় বিশেষায়িত বাহনগুলো কার্যকর ভূমিকা রাখবে বলে পুলিশ প্রশাসনের মূল্যায়ন। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় দ্রুত পৌঁছানোর পাশাপাশি এসব যানবাহনের কয়েকটি ভ্রাম্যমাণ নিয়ন্ত্রণকক্ষ হিসেবে ব্যবহার করা হবে। ফলে উন্নত যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পরিস্থিতি তদারকি এবং অপরাধস্থল থেকে সরাসরি সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও অপরাধী শনাক্তের প্রক্রিয়া সহজ হবে।

প্রস্তাবিত তালিকায় জলপথ ও পাহাড়ি অঞ্চলে চলাচলের উপযোগী যানবাহনকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে উপকূল ও পাহাড়ি নদীর জন্য ১৫টি কুইক রেসপন্স বোট বা স্পিডবোট, দুর্যোগে আটকে পড়া মানুষ উদ্ধারে ১৫টি রেসকিউ বোট, পাহাড়ি অঞ্চলের জন্য ১০০টি হিল মোটরসাইকেল এবং দুর্গম এলাকায় টহলের জন্য ৫০টি অল-টেরেইন ভেহিকেল। পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য যুক্ত হবে ছয়টি মোবাইল সার্ভিল্যান্স গাড়ি।

এ ছাড়া অভিযানে ব্যবহারের জন্য ১১টি আর্মড পারসোনেল ক্যারিয়ার (এপিসি), ২০টি ওয়াটার ক্যানন, ২০টি ক্রাউড কন্ট্রোল ভেহিকেল, ১৫টি সোয়াট ভ্যান, ১০০টি বিশেষায়িত প্যাট্রোল কার, ৫৫টি প্রিজন ভ্যান ও ২০০টি মোটরসাইকেল কেনার পরিকল্পনা রয়েছে। লজিস্টিক সহায়তার অংশ হিসেবে ১০৫টি কমান্ডারস সাব-আরবান ভেহিকেল, ৮০টি স্মল ডিপ্লয়মেন্ট ইউটিলিটি ভেহিকেল, ৯৬ কোটি টাকা ব্যয়ে ৮০টি ফ্রিজার ভ্যান, প্রশিক্ষিত কুকুর বহনে ৫০টি এবং ঘোড়া পরিবহনে ১০টি বিশেষ যানসহ আরও ৬৯টি বাহন এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (উন্নয়ন) সরদার নুরুল আমিন জানান, ২০২০ সালের পর থেকে পুলিশের জন্য কোনো বিশেষায়িত যানবাহন কেনা হয়নি। সাধারণত একটি গাড়ির আয়ু ৮ থেকে ১০ বছর হলেও বর্তমানে ব্যবহৃত অধিকাংশ গাড়ির বয়স ১০ থেকে ১৫ বছরের বেশি। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় বাহিনীর বিপুলসংখ্যক যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও নিয়মিত অভিযান অব্যাহত রাখতে এসব নতুন যানবাহন সংগ্রহ অত্যন্ত জরুরি।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.