চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের অঙ্গীকার কিম জং উনের
চীনের সীমান্তবর্তী শহর দ্যানডং সফর শেষে দেশে ফিরেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই সফরের মধ্য দিয়ে তিনি বেইজিংয়ের সঙ্গে ‘রক্তের বিনিময়ে অর্জিত’ দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছেন। রোববার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) তথ্য অনুযায়ী, শনিবার কিম জং উন মেমোরিয়াল হল অব দ্য ওয়ার টু রেসিস্ট ইউএস অ্যাগ্রেশন অ্যান্ড এইড কোরিয়া পরিদর্শন করেন। নবনির্মিত একটি সীমান্ত সেতু দিয়ে একদিনের সফরে দ্যানডং পৌঁছান তিনি। সেখানে চীনের চতুর্থ শীর্ষ কর্মকর্তা এবং চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়।
এই সফরে কিম জং উনের সঙ্গে ছিলেন তার বোন কিম ইয়ো-জং এবং পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন-হুইসহ দল ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং অন্যান্য ঊর্ধ্বতন চীনা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটিই কিম জং উনের প্রথম চীন সফর। সেসময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বেইজিং গিয়েছিলেন তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিলেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর এটি তার ষষ্ঠ চীন সফর।
রোববার কোরীয় যুদ্ধে (১৯৫০-৫৩) চীনের অংশগ্রহণের ৭৬তম বার্ষিকী পালিত হয়। এই উপলক্ষে কিম জং উন একটি যুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে যুদ্ধে অংশ নেওয়া চীনা সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘চীনা জনগণের শ্রেষ্ঠ সন্তানরা নিজেদের রক্তের বিনিময়ে আমাদের বিপ্লবে যে সহায়তা করেছিল, সেই ইতিহাস আমরা সর্বদা স্মরণ রাখব এবং ডিপিআরকে-চীন বন্ধুত্বের ইতিহাস দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাব।’
ডিপিআরকে হলো উত্তর কোরিয়ার সরকারি নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।
কেসিএনএ জানিয়েছে, শি জিনপিংয়ের নির্দেশনায় ওয়াং আয়োজিত একটি ভোজে অংশ নেওয়ার পাশাপাশি দ্যানডংয়ের একটি বাস কারখানাও পরিদর্শন করেন কিম জং উন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.