বলসোনারোকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
ব্রাজিলের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে বিজয়ী হয়েছেন বামপন্থী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। প্রথম ধাপের নির্বাচনে আকস্মিক পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠে এই ঐতিহাসিক প্রত্যাবর্তন নিশ্চিত করেছেন তিনি। রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের এই ফলাফলে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটির ডানপন্থী রাজনৈতিক শিবির বড় ধরনের ধাক্কা খেয়েছে।

গণনা সম্পন্ন হওয়া ৯৬ শতাংশেরও বেশি ভোটের ফলাফলের ভিত্তিতে ব্রাসিলিয়া সময় রাত আনুমানিক ৯টা ১৩ মিনিটে (০০:১৩ জিএমটি) ব্রাজিলের সুপিরিয়র ইলেকটোরাল কোর্ট আনুষ্ঠানিকভাবে লুলাকে বিজয়ী ঘোষণা করে। প্রাপ্ত ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট লুলা পেয়েছেন ৫১ শতাংশ ভোট।
নির্বাচনে ক্ষমতাসীন লুলার পক্ষে মোট ৫১ দশমিক ৪৯ মিলিয়নেরও বেশি ভোট পড়েছে। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো ৪৮ দশমিক ৬৮ শতাংশ বা ৪৮ দশমিক ৮ মিলিয়ন ভোট পেয়েছেন। ব্রাজিলের আধুনিক ইতিহাসে এর আগে কোনো প্রেসিডেন্ট প্রার্থী প্রথম পর্বের ভোটে পিছিয়ে থেকেও চূড়ান্ত পর্বে জয়লাভের নজির স্থাপন করতে পারেননি।
তবে নির্বাচন চলাকালে বেশ কয়েকটি এলাকায় গণপরিবহন বন্ধ রাখার খবর প্রকাশ পেলে ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ভূত পরিস্থিতিতে লুলা ও বলসোনারো—উভয় প্রার্থীর প্রচার শিবিরই সুপ্রিম কোর্টের কাছে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানোর আবেদন করে। এর প্রেক্ষিতে দেশজুড়ে ভোটকেন্দ্রগুলো নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা অতিরিক্ত খোলা রাখা হয় এবং ব্রাসিলিয়া সময় সন্ধ্যা ৭টা (২২:০০ জিএমটি) পর্যন্ত ভোটগ্রহণ চলে।
রবিবারের এই বিজয়ের ফলে লাতিন আমেরিকার সর্ববৃহৎ দেশটির রাষ্ট্রক্ষমতা নিজের হাতে ধরে রাখতে সক্ষম হলেন লুলা, যা এই অঞ্চলে ডানপন্থী শক্তির আধিপত্য বিস্তারের চেষ্টাকে প্রতিহত করল। সাম্প্রতিক বছরগুলোতে পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, বলিভিয়া এবং ইকুয়েডরের মতো প্রতিবেশী দেশগুলোতে ডানপন্থী নেতারা প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। তাদের অনেকেই ক্ষমতাসীনদের বিরুদ্ধে গড়ে ওঠা জনরোষকে কাজে লাগিয়েছেন এবং ২০২৫ সালের জানুয়ারিতে ক্ষমতায় ফেরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছেন।
ধাতব শ্রমিকদের সাবেক এই ইউনিয়ন নেতা ৮০ বছর বয়সে ২০২৭ সালের ৫ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এর মধ্য দিয়ে দেশটির গণতন্ত্রে ফেরার পর সবচেয়ে প্রবীণতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার ক্ষেত্রে তিনি নিজের রেকর্ডটিই নতুন করে ভাঙবেন। পাশাপাশি এই বিজয়ের মধ্য দিয়ে তিনি চতুর্থবারের মতো দেশটির সর্বোচ্চ পদে আসীন হওয়ার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করলেন।
এই চূড়ান্ত লড়াইয়ে লুলাকে অপেক্ষাকৃত পিছিয়ে থাকা প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছিল। প্রাক-নির্বাচনী জরিপে তিনি সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও ৪ অক্টোবরের প্রথম পর্বের ভোটে তিনি বলসোনারোর চেয়ে পিছিয়ে পড়েন। সেই পর্বে বলসোনারো পেয়েছিলেন ৪৭ শতাংশ ভোট এবং লুলা পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট। তবে কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় পর্বে গড়ায়।
প্রথম পর্বের পর পরবর্তী কয়েক সপ্তাহে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির মতো জরুরি বিষয়গুলোকে সামনে রেখে নিজের সমর্থকদের সংগঠিত করেন লুলা। চলতি মাসে ব্রাজিলের কর্মঘণ্টা হ্রাস সংক্রান্ত একটি সাংবিধানিক সংশোধনী পাসে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং সপ্তাহান্তে বিনামূল্যে গণপরিবহন সুবিধা চালুর প্রস্তাব দেন।
ব্রাজিলে সামরিক একনায়কতন্ত্রের অবসান লগ্নে ১৯৮০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করা লুলা দা সিলভা এখন পর্যন্ত সাতবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে এবং পরবর্তীতে ২০২২ সালে ব্রাজিলের আধুনিক ইতিহাসের সবচেয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয়ী হয়ে তৃতীয় মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি।
২০২২ সালের সেই নির্বাচনে লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো, যিনি এবারের প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারোর পিতা। লুলার কাছে পরাজয়ের পর সেনা অভ্যুত্থানের ষড়যন্ত্রে লিপ্ত থাকার দায়ে পরবর্তীতে জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
তৃতীয় মেয়াদে দায়িত্ব পালনকালে দারিদ্র্য হ্রাস ও কর্মসংস্থান বৃদ্ধিতে সফল হলেও লুলার বয়স, অপরাধ দমন সক্ষমতা এবং দেশের চরম মেরুকৃত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানামুখী প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে। পাশাপাশি পারিবারিক ঋণের মাত্রা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় অনেক ব্রাজিলীয় নিজেদের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে বলে মনে করছিলেন। এই পরিস্থিতি সামাল দিতে সেপ্টেম্বর মাসে অনলাইন জুয়া এবং ক্রীড়া বাজি সংক্রান্ত বিভিন্ন অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করেন লুলা।
বলসোনারোর বিরুদ্ধে রবিবারের এই বিজয় আধুনিক ব্রাজিলের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে লুলার অবস্থানকে আরও সুসংহত করল। তবে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে কট্টর ডানপন্থী সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের কারণে চতুর্থ মেয়াদে নিজের নীতি ও আইন প্রণয়নের পরিকল্পনা বাস্তবায়নে তাকে কঠিন বাধার সম্মুখীন হতে পারে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.