নতুন নির্বাচনের আগে ভেনেজুয়েলায় সংস্কার চান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ভেনেজুয়েলায় যেকোনো বৈধ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের আগে দেশটির মাদুরো আমলের নির্বাচনী অবকাঠামো ‘দ্রুত’ পরিবর্তনের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অন্তর্বর্তী কর্তৃপক্ষ যাতে এই প্রক্রিয়ায় কোনো ধরনের বিলম্ব না করে, সে বিষয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার সাংবাদিকদের সঙ্গে এক টেলিফোনে মতবিনিময়কালে এই বার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রুবিও বলেন, ‘এই নির্বাচনকে বৈধ করতে হলে ওই অবকাঠামো অবশ্যই পরিবর্তন করতে হবে। দশ বছর, পাঁচ বছর কিংবা দুই বছর নয়; আমাদের নির্ধারিত সময়সীমার মধ্যেই তা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’
দেশটির সুপ্রিম জাস্টিস ট্রাইব্যুনাল ও জাতীয় নির্বাচনী কাউন্সিলের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান নির্বাচনী কাঠামো মূলত নির্বাচনে কারচুপি করার লক্ষ্যেই মাদুরো প্রশাসন তৈরি করেছিল। তিনি প্রশ্ন তোলেন, ‘নির্বাচনী কাউন্সিল যখন একপক্ষের প্রতি অনুগত ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকে, তখন ভেনেজুয়েলায় কীভাবে একটি বৈধ নির্বাচন হতে পারে?’
অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ এই প্রক্রিয়া বিলম্বিত করতে পারবে না বলে তিনি সতর্ক করে দেন। তিনি জানান, তাদের অপেক্ষায় কেউ বসে থাকবে না। তিনি বলেন, ‘আমাদের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে এবং এখন পর্যন্ত তারা প্রতিটি সময়সীমা পূরণ করেছে।’ তিনি আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলা এখনো কঠোর মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং দেশটি বর্তমানে যুক্তরাষ্ট্রের বিশেষ ছাড় ও সাধারণ লাইসেন্সের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
একটি সমঝোতামূলক রাজনৈতিক উত্তরণ নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশটিতে পুনরায় কর্তৃত্ববাদী শাসন ফিরতে পারে বা নতুন করে সশস্ত্র সংঘাত দেখা দিতে পারে বলে সতর্ক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে অন্তর্বর্তী কর্তৃপক্ষ তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আস্থা প্রকাশ করেন। তিনি যোগ করেন, ‘যদি অন্তর্বর্তী কর্তৃপক্ষ এই প্রক্রিয়ার ক্ষতি করার চেষ্টা করে বা সহযোগিতা বন্ধ করে দেয়, তবে সমস্যা তৈরি হবে। তবে আমি এমন কিছু প্রত্যাশা করছি না।’
অন্তর্বর্তী নেতা দেলসি রদ্রিগেজের ওপর আস্থার বিষয়ে জানতে চাওয়া হলে রুবিও জানান, ওয়াশিংটন তাকে কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমে মূল্যায়ন করছে। তিনি উল্লেখ করেন, ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সাবেক মন্ত্রী ও ঘনিষ্ঠ সহযোগী অ্যালেক্স সাবকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি ইতিমধ্যে আদালতে নিজের অপরাধ স্বীকার করেছেন এবং বর্তমানে এই মামলায় সহযোগী সাক্ষী হিসেবে কাজ করছেন।
রোববার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর দেশে ফেরা প্রসঙ্গে রুবিও জানান, মাচাদোকে দেশে ফিরতে দেওয়া উচিত বলে কয়েক সপ্তাহ আগেই অন্তর্বর্তী কর্তৃপক্ষকে জানিয়েছিল ওয়াশিংটন এবং কর্তৃপক্ষ জানিয়েছিল যে তাকে কোনোভাবে হয়রানি করা হবে না।
৩ জানুয়ারি রাজধানী কারাকাসে একটি মার্কিন সামরিক অভিযানের পর এই রাজনৈতিক রূপান্তরের আলোচনা শুরু হয়। ওই অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস আটক হন। পরে মাদক পাচারের অভিযোগের মুখোমুখি করতে তাদের নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়।
তৎকালীন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, একটি নিরাপদ, যথাযথ ও সুবিবেচিত ক্ষমতার রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটি পরিচালনায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র। মাদুরো আটক হওয়ার দুই দিন পর, ৫ জানুয়ারি জাতীয় পরিষদের সামনে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.