দিল্লির জামিয়া মিলিয়া শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ রাখা এবং সশরীরে পাঠদান স্থগিত করে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্তের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করছেন তারা। ২৭ অক্টোবর শিক্ষার্থীদের এই আন্দোলন ১৬তম দিনে গড়িয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রায় দুই দশক ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ নির্বাচনের একটি নির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানাচ্ছেন। পাশাপাশি ছাত্র সংসদের গঠনতন্ত্র অনুমোদনের একটি সুস্পষ্ট সময়সীমা নির্ধারণেরও জোর দাবি তুলেছেন তারা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠনতন্ত্র অনুমোদনের ১৫ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়ার পরদিনও এই বিক্ষোভ অব্যাহত থাকে। শিক্ষার্থীদের বক্তব্য, কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত তাদের মূল দাবি মেটায়নি। কারণ সেখানে গঠনতন্ত্র অনুমোদনের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা ক্লাস অনলাইনে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্যাম্পাসের সব সুযোগ-সুবিধা উন্মুক্ত রাখার জোর দাবি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার (এসএফআই) জামিয়া শাখা বলে, ‘ছাত্র সংসদ নির্বাচনের নোটিশ দেওয়া ছাড়া দিল্লি পুলিশের সহযোগিতায় বাকি সবই করছে জামিয়া প্রশাসন। আমরা ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি! অনলাইন ক্লাস মানি না! এক ইঞ্চিও পিছু হটব না! জেএমআইএসইউ ফিরিয়ে দাও!’
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। ছাত্র সংগঠনগুলো এক বিবৃতিতে অভিযোগ করে, ক্যাম্পাসের প্রধান ফটকগুলোতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা উপদেষ্টা ও নিরাপত্তারক্ষীরা শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিচ্ছেন। এর ফলে নির্বিচার আটক ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে।
আন্দোলনকারীরা জানান, পাঠাগারসহ ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ রাখা এবং অনলাইন ক্লাস চালুর কারণে সাধারণ শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছেন।
ছাত্র সংগঠনগুলো অবিলম্বে জামিয়া মিলিয়া ইসলামিয়া ছাত্র সংসদ পুনর্বহাল এবং প্রধান প্রক্টর ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য খাদ্য ও সুপেয় পানিসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আদেশে বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলন চলাকালে নিরাপত্তাকর্মীদের আচরণের বিষয়ে একটি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
অনশনরত শিক্ষার্থীদের একজন রেহান খান সোমবার বলেন, ‘আমাদের প্রথম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন ফিরিয়ে আনা এবং নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা।’ তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে অনশনস্থল অবিলম্বে ত্যাগ করার নির্দেশ দেয় এবং নির্দেশ অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হলে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আধা-সামরিক বাহিনীর সদস্যদের ধস্তাধস্তি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সব কোর্সের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয় এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে নিষেধ করে।
সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ৮ নভেম্বর পর্যন্ত সব ধরনের ক্লাস অনলাইনে চলবে। এরপর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কংগ্রেস ও বামপন্থী দলগুলোর সঙ্গে সম্পৃক্ত ছাত্র সংগঠনের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে ফলপ্রসূ আলোচনার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও পরিসর ফিরিয়ে আনার ওপর তারা গুরুত্বারোপ করেছেন।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.