জাতিসংঘ: পশ্চিম তীরে নিহতের সংখ্যা ছাড়াল এক হাজার
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় প্রাণ হারান মোট ১ হাজার ৮০ জন ফিলিস্তিনি। মঙ্গলবার পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ড ও ইসরায়েলবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন এক ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করে।

ভার্চ্যুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তদন্ত কমিশনের ভারতীয় সদস্য শ্রীনিবাসন মুরলিধর এই প্রতিবেদন উপস্থাপন করেন। কমিশনের অপর দুই সদস্যও এতে অংশ নেন। মুরলিধর জানান, নির্দিষ্ট ওই সময়ে সহস্রাধিক প্রাণহানির পাশাপাশি হাজার হাজার মানুষ আহত হওয়ার ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৭৮৪ জন পুরুষ, ২৩৭ জন ছেলেশিশু, ২২ জন নারী এবং সাতজন কন্যাসন্তান রয়েছে। এ ছাড়া এই সময়ে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ হাজার ৯ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।
ইসরায়েলের দখলদারত্ব ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কমিশন। একই সঙ্গে ইসরায়েলি দখলদারত্ব বা বসতি স্থাপনকে বৈধ স্বীকৃতি না দিতে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানানো হয়। এসব কার্যক্রম টিকিয়ে রাখতে কোনো ধরনের রাজনৈতিক, সামরিক কিংবা অর্থনৈতিক সহায়তা না দেওয়ারও আহ্বান জানায় কমিশন।
শ্রীনিবাসন মুরলিধর বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে নিরাপত্তা পরিষদ যদি ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করতে যথেষ্ট চাপ সৃষ্টি না করে, তবে এই সংকট সমাধানের কোনো পথ নেই। গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে মানবতাবিরোধী অপরাধ বন্ধে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া না গেলে এই ভয়াবহ পরিস্থিতির কোনো তাৎক্ষণিক সমাধান আমরা দেখতে পাব না।’
তিনি বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলকে দেওয়া সহায়তা পুনর্বিবেচনা করার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, ইসরায়েলের এই অব্যাহত গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধ থামাতে তাদের ওপর বৃহত্তর চাপ প্রয়োগ করা জরুরি।
কমিশনের অস্ট্রেলীয় সদস্য ক্রিস সিডোতি জানান, তাদের আইনি বিশ্লেষণে উঠে এসেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ মানবতাবিরোধী অপরাধের জন্য সরাসরি দায়ী। তিনি বলেন, ‘রাজনৈতিক ও সামরিক কর্তৃপক্ষের মাধ্যমে ইসরায়েল পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা সেখানে নির্মূল অভিযান, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ ও যৌন সহিংসতার মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে।’
কমিশনের আরেক সদস্য জাম্বিয়ার ফ্লোরেন্স মুম্বা জানান, সহিংসতা ও দুর্ব্যবহারের মাধ্যমে আরও বেশি জমি দখল এবং ফিলিস্তিনিদের উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ ও অবৈধ বসতি স্থাপনকারীরা।
ফ্লোরেন্স মুম্বা বলেন, ‘এটা স্পষ্ট যে ইসরায়েলি কর্তৃপক্ষ ও বসতি স্থাপনকারীদের মূল লক্ষ্য হলো যতটা সম্ভব জমি দখল করা। ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালিয়ে, তাদের হত্যা করে, যৌন সহিংসতা ঘটিয়ে এবং শিশুদের হত্যা করে তারা স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে তাড়িয়ে দিতে চাইছে।’
২০২৩ সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সামরিক বাহিনী এবং দখলদারদের সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.