বাণিজ্য সম্প্রসারণে কানাডা ও আমিরাতের ঐতিহাসিক চুক্তি
অর্থনৈতিক প্রতিবন্ধকতা দূর এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপস্থিতিতে ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট’ (সেপা) শীর্ষক এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল উদ্দেশ্য হলো উভয় দেশের শুল্ক হ্রাস, প্রশাসনিক জটিলতা দূর এবং ব্যবসায়ীদের জন্য বাজারে প্রবেশাধিকার সহজতর করা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক কানাডার অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের বাইরে অন্যান্য দেশের সঙ্গে কানাডার বাণিজ্য দ্বিগুণ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী কার্নি। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত একাধিক আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে নতুন অর্থনৈতিক চুক্তি সম্পাদনে জোর তৎপরতা শুরু করেন।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, পূর্ণাঙ্গ বাস্তবায়নের পর সেপা চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতে বর্তমান কানাডীয় রপ্তানির ৯৯ শতাংশেরও বেশি পণ্যের শুল্ক প্রত্যাহার বা বিলোপ করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘এর ফলে ডাল ও ক্যানোলা চাষি, শিল্প যন্ত্রপাতি ও বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম প্রস্তুতকারক, কানাডার বিশ্বমানের মহাকাশ গবেষণা খাতসহ অন্যান্য উদ্ভাবকদের জন্য নতুন বাজার সৃষ্টি হবে।’
এ ছাড়া চুক্তির ফলে অশুল্ক বাধা দূরীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি নির্ভরযোগ্য পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি শিল্প, কৃষি, বনজ, মৎস্য ও সামুদ্রিক খাদ্য, পরিবেশ এবং প্রকৌশলসহ বিভিন্ন খাতে কানাডীয় পণ্য ও সেবার বাজার বৃদ্ধি পাবে। চুক্তিটি ২০২৭ সাল নাগাদ কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।
বাণিজ্য চুক্তির পাশাপাশি জ্বালানি, কূটনীতি এবং প্রতিরক্ষা সহযোগিতাবিষয়ক কয়েকটি প্রাথমিক চুক্তিও স্বাক্ষর করেছে দুই দেশ। সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ুদি এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের বেসরকারি খাতের জন্য উল্লেখযোগ্য সম্ভাবনা দেখছি। আমাদের রপ্তানিকারকদের জন্য উন্নত বাজার সুবিধা কিংবা লজিস্টিকস, যোগাযোগ, উন্নত প্রযুক্তি ও উৎপাদনের মতো দ্রুত বিকাশমান খাতে বিনিয়োগের সুযোগ—সবই একটি টেকসই, বৈচিত্র্যময় এবং বিশ্বব্যাপী সংযুক্ত অর্থনীতি গঠনে সহায়তা করবে।’
তিনি কানাডার সমকক্ষ মনিন্দর সিধুর সঙ্গে এই সেপা চুক্তিতে স্বাক্ষর করেন।
মধ্যপ্রাচ্যে কানাডার পণ্যের সবচেয়ে বড় বাজার সংযুক্ত আরব আমিরাত। দেশটি কানাডার মোটরযান, যন্ত্রাংশ এবং ভারী যন্ত্রপাতির অন্যতম প্রধান ক্রেতা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের আকার ছিল ৩৫০ কোটি কানাডীয় ডলার (প্রায় ২৪৮ কোটি মার্কিন ডলার)। সাম্প্রতিক বছরগুলোতে এই বাণিজ্য প্রতি বছর গড়ে ১০ শতাংশ হারে বাড়ছে। এ ছাড়া গত বছর কানাডায় ৫ হাজার কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের অঙ্গীকার করেছে সংযুক্ত আরব আমিরাত।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.