কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষজ্ঞরা বেশিরভাগ সময়েই প্রযুক্তির ওপর নির্ভর করছেন। চ্যাটবট ক্লডের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় দেখা যায়, পেশাদার বিশ্লেষকরা ৮৬ শতাংশ ক্ষেত্রেই এআই সহকারীর পছন্দের সঙ্গে মিল রেখে নিজেদের সিদ্ধান্ত নির্বাচন করেছেন।

৮৬ শতাংশ ক্ষেত্রে এআইয়ের পছন্দেই বিশেষজ্ঞদের সায়!
অ্যানথ্রপিক কার্যালয়ের লোগোর সামনে এক ব্যক্তির প্রতিচ্ছবি

মঙ্গলবার প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে অ্যানথ্রপিক জানায়, এআই ব্যবহারের সময় বিশেষজ্ঞরা নিজেরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেন কি না, তা যাচাই করতে ৫০ জন পেশাদার বিশ্লেষককে একটি কাল্পনিক কৃষি সমবায়ের পরামর্শ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের কাজ ছিল সমবায়ের সদস্যদের জন্য পরিচালিত একটি কাল্পনিক পরামর্শ কর্মসূচি কার্যকর কি না এবং এর পরিধি বাড়ানো উচিত কি না, তা মূল্যায়ন করা।

চূড়ান্ত নীতি সুপারিশ করার আগে অংশগ্রহণকারীদের দুটি গ্রহণযোগ্য বিকল্পের মধ্যে চারটি বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়। তবে বিশ্লেষকদের অজান্তেই প্রতিটি এআই সহকারীকে নির্দিষ্ট একটি সিদ্ধান্তের দিকে পক্ষপাতমূলক অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিশ্লেষকদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রযুক্তি কোনো প্রভাব ফেলছে কি না, তা পরিমাপ করাই ছিল এর মূল উদ্দেশ্য।

গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্লেষকরা ৮৬ শতাংশ ক্ষেত্রে এআই সহকারীর পছন্দের সঙ্গে সামঞ্জস্য রেখে সিদ্ধান্ত নিয়েছেন। অথচ কোনো ধরনের প্রভাব না থাকলে ফলাফল ৫০-৫০ হওয়ার কথা ছিল। এছাড়া এআইয়ের পরামর্শ নেওয়ার আগে যেসব বিশ্লেষকের নিজস্ব পছন্দ নির্ধারিত ছিল, এআই ভিন্নমত পোষণ করায় তাদের মধ্যে ৬০ শতাংশ বিশ্লেষক নিজেদের আগের অবস্থান পরিবর্তন করেছেন।

অ্যানথ্রপিক জানায়, ৭৭ শতাংশ বিশ্লেষক তাদের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি তুলে ধরতে এআই সহকারীর দেওয়া তথ্য ব্যবহার করেছেন। তবে তাদের মধ্যে মাত্র ১৫ শতাংশ বিশ্লেষক নিজেদের চিন্তার উৎস হিসেবে এআইকে কৃতিত্ব দিয়েছেন। প্রতিষ্ঠানটি আরও উল্লেখ করেছে, এই গবেষণার কিছু সীমাবদ্ধতাও ছিল। এর মধ্যে অন্যতম হলো গবেষণাটি কেবল একটি নির্দিষ্ট কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এআই সহকারীগুলোকে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট একটি সিদ্ধান্তের দিকে পক্ষপাতমূলক করা হয়েছিল।

অ্যানথ্রপিকের গবেষক আমাচ হেরদাগদেলেন, হেইলি জোরেন এবং অ্যালেক্স ট্যামকিন জানান, এআইয়ের ওপর নির্ভরশীল হওয়ার মানুষের এই প্রবণতা চিহ্নিত করা খোদ বিশেষজ্ঞদের জন্যও বেশ কঠিন হতে পারে। গবেষকরা বলেন, তাদের এই প্রাপ্ত তথ্য থেকে আশঙ্কা তৈরি হয়েছে যে এআইয়ের নিজস্ব দৃষ্টিভঙ্গি বা পক্ষপাতগুলো গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে, যার মধ্যে এআইয়ের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তও রয়েছে।

গবেষণাপত্রে গবেষকরা লেখেন, ‘এআইয়ের মাধ্যমে যত বেশি কাজ সম্পাদিত হচ্ছে, তাতে মানুষের বিচারবুদ্ধিকে যদি কার্যকর তদারকি ব্যবস্থা হিসেবে বজায় রাখতে হয়, তবে এই সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হচ্ছে তা গভীরভাবে খতিয়ে দেখতে হবে। কাজের অগ্রগতির সাথে সাথে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়গুলো সামনে নিয়ে আসা এবং বিশেষজ্ঞরা যেসব বিষয় সাধারণত অপ্রকাশিত রাখেন, সেসব অনুমান ও মূল্যবোধ স্পষ্টভাবে প্রকাশ করতে তাদের সহায়তা করা জরুরি।’ তারা আরও লেখেন, ‘বিশেষজ্ঞরা যাতে নিজেদের অগ্রাধিকারগুলো উপলব্ধি করতে পারেন, এমন একটি প্রক্রিয়া নিশ্চিত করা চূড়ান্ত সিদ্ধান্তের মতোই সমান গুরুত্বপূর্ণ হতে পারে।’

সর্বোচ্চ দুই ট্রিলিয়ন ডলার মূল্যায়নের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটি ও এর প্রতিদ্বন্দ্বীরা বর্তমানে শক্তিশালী এআই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার উপায় নিয়ে চলা তুমুল প্রকাশ্য বিতর্কের কেন্দ্রে রয়েছে। এআই প্রযুক্তির সমর্থকরা মনে করেন, এটি বৈপ্লবিক উৎপাদনশীলতা বয়ে আনবে। তবে এর অতি দ্রুত বিকাশ সমাজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও উদ্বেগ বাড়ছে। এর মধ্যে বিপুল কর্মসংস্থান হ্রাস এবং সাইবার হামলার ঝুঁকি অন্যতম।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.