আপনি পড়ছেন

ইসরায়েলের জাতীয় নির্বাচনের ফলাফল প্রকাশে বিলম্ব ঘটানো এবং নতুন নেসেটের বৈধতা ক্ষুণ্ণ করার চেষ্টার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট বৃহস্পতিবার এই অভিযোগ তোলেন। নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র বিরোধ শুরু হওয়ার পর তিনি এই মন্তব্য করেন।

আইজেনকোট: ফল ঘোষণায় বিলম্ব করছেন নেতানিয়াহু
ইসরায়েলের বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোট

এক বিবৃতিতে আইজেনকোট নেতানিয়াহু ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি ‘অনুপযুক্ত প্রভাব বিস্তার কার্যক্রম’ পরিচালনার অভিযোগ আনেন। তিনি উল্লেখ করেন, নির্ধারিত সময়ের চেয়ে ফলাফল ঘোষণায় দেরি করাতে এবং নতুন নেসেটের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার অজুহাত তৈরির উদ্দেশ্যেই এটি করা হচ্ছে। একই সঙ্গে তিনি সন্দেহভাজন ‘বিদেশি হস্তক্ষেপ’-এর বিষয়ে একটি ‘সার্বিক, তাৎক্ষণিক ও নিরপেক্ষ তদন্তের’ আহ্বান জানান।

দৈনিক হারেতজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের নির্বাচন কমিটির প্রধান বিচারপতি নোয়াম সোহলবার্গ বৃহস্পতিবার দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনির কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে আরব দলগুলোর পক্ষে নির্বাচনে ‘শত্রুভাবাপন্ন’ বিদেশি প্রভাবের ‘গুরুতর সন্দেহের’ বিষয়ে তদন্তের অনুরোধ জানানোর পর এই বিরোধের সূত্রপাত হয়।

নেতানিয়াহুর লিকুদ পার্টি এই অনুরোধকে কেন্দ্র করে অবস্থান জোরালো করেছে। দলটি জানিয়েছে, কোনো জায়নবাদী দলের উচিত হবে না ইউনাইটেড আরব লিস্ট বা জয়েন্ট লিস্ট নামের দুটি আরব দলের সঙ্গে সহযোগিতা করা। এক বিবৃতিতে দলটি বলে, ‘বিদেশি শক্তি কর্তৃক নেসেট দখলের চেষ্টার বিষয়টি প্রকাশ্যে আসার পর কোনো জায়নবাদী দল ইউনাইটেড আরব লিস্ট বা জয়েন্ট লিস্টের সঙ্গে সহযোগিতা করতে পারে না।’

লিকুদ পার্টি আরও জানিয়েছে, তাদের দলের সদস্য তথা নেসেটের স্পিকার আমির ওহানাকে ‘টাকা দিয়ে কেনা’ ভোটে সরানো উচিত নয়। পাশাপাশি ইসরায়েলের জন্য বিপজ্জনক কোনো সরকার গঠন করা যাবে না বলেও তারা সতর্ক করেছে।

বিদেশি হস্তক্ষেপ প্রসঙ্গে আইজেনকোট বলেন, এটি ‘অগ্রহণযোগ্য এবং অত্যন্ত গুরুতর’। বিশেষ করে এটি যখন এমন কোনো দেশের সঙ্গে জড়িত থাকে যারা ‘হামাসকে অর্থায়ন ও সমর্থন করে’। তার এই বক্তব্য কাতারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রতি ইঙ্গিত করে। তবে দোহা বারবার স্পষ্ট করেছে, তাদের সহায়তা গাজা উপত্যকার ফিলিস্তিনিদের উদ্দেশ্যে পাঠানো হয় এবং তা ইসরায়েল ও জাতিসংঘের জ্ঞাতসারেই দেওয়া হয়।

আইজেনকোট নেতানিয়াহুর বিরুদ্ধে আরও অভিযোগ এনে জানান, তিনি রাজনৈতিক পরিস্থিতির প্রতিক্রিয়ায় ‘মিথ্যা, জনমতকে বিভ্রান্ত করা এবং বিশৃঙ্খলা ছড়ানোর’ পথ বেছে নিয়েছেন।

সব সাধারণ ভোট গণনা শেষে দেখা গেছে, নেতানিয়াহুর জোট ৫৩টি আসন নিশ্চিত করেছে। বিপরীতে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। এছাড়া আরব দলগুলো যৌথভাবে ১৯টি আসনে জয়লাভ করেছে।

১২০ সদস্যের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি সংখ্যাগরিষ্ঠ আসন কোনো প্রধান জোটই অর্জন করতে পারেনি। ফলে সরকার গঠনের ক্ষেত্রে আরব আইনপ্রণেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের শপথ নেওয়ার কথা রয়েছে। আর আগামী বুধবার নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.