বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছাল ৩ বছর
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে আরও তিন বছর সময় দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ (ইউএনজিএ)। এর ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে ২০২৯ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ ঘটবে বাংলাদেশের।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের সময় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান। বাংলাদেশের পক্ষে উরুগুয়ে এই প্রস্তাব উত্থাপন করে। বিশেষ বিবেচনায় বাংলাদেশের উত্তরণ-পূর্ব প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় সাধারণ পরিষদ। একই অধিবেশনে নেপালের এলডিসি উত্তরণ-পূর্ব প্রস্তুতিকালও তিন বছর বাড়ানোর অনুরোধ অনুমোদন করেছে ইউএনজিএ।
জাতিসংঘের গৃহীত প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল অতিরিক্ত তিন বছর বাড়িয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো। এই সময়ের মধ্যে অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করা, রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রস্তুতি নিতে পারবে বাংলাদেশ।
এই প্রস্তাবে বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দেশের মসৃণ উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি) বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরণ প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে প্রতিবছর জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটির (সিডিপি) কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও রয়েছে।
২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণের জন্য পাঁচ বছরের প্রস্তুতিকাল দিয়েছিল। সে অনুযায়ী ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের উত্তরণ কার্যকর হওয়ার কথা ছিল। তবে অর্থনৈতিক বাস্তবতা, বৈশ্বিক পরিস্থিতি এবং উত্তরণ-পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ বিবেচনায় প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়।
এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সুবিধা হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশেষ করে শুল্কমুক্ত বাজারসুবিধা কমে গেলে দেশের রপ্তানি খাতে প্রভাব পড়বে। এ ছাড়া বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা বাড়ানো, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রস্তুতি জোরদার করতে আরও তিন বছর সময় পাচ্ছে। তবে এই সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে না পারলে এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ।
এ বিষয়ে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা আবিদ খান টিবিএসকে বলেন, এএলডিসি থেকে উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে দেওয়ায় সিদ্ধান্ত বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। বিশেষ করে মেধাস্বত্ব (আইপি) সংক্রান্ত ক্ষেত্রে বাংলাদেশ আরও তিন বছর সময় পাবে। বাংলাদেশ এখনো কোনো এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারেনি। ফলে এ ধরনের চুক্তি সম্পাদনের জন্যও বাড়তি সময় পাওয়া যাবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের সুযোগ বাড়বে।'
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.