মালিতে মিলল ৪১০ কোটি বছর আগের মঙ্গলের উল্কাপিণ্ড
আফ্রিকার দেশ মালির সাহারা মরুভূমিতে পাওয়া একটি উল্কাপিণ্ড প্রায় ৪১০ কোটি বছরেরও বেশি পুরোনো। এটি বিজ্ঞানীদের মঙ্গলগ্রহের প্রাচীন ভূত্বক এবং সেখানকার পানির ইতিহাসের বিষয়ে বিরল তথ্য দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

নাসার অর্থায়নে পরিচালিত একদল গবেষক নিশ্চিত করেছেন, ‘তেঘাজা ০০১’ নামের এই উল্কাপিণ্ডটি মূলত মঙ্গলগ্রহ থেকে এসেছে। প্রায় ৮০০ গ্রাম ওজনের এই পাথরটি পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত মঙ্গলগ্রহের প্রাচীনতম উল্কাপিণ্ডগুলোর অন্যতম। মালির যে লবণাক্ত সমভূমিতে এটি পাওয়া গিয়েছিল, তার নামানুসারেই পাথরটির নামকরণ করা হয়েছে। পৃথিবীতে পাওয়া প্রায় ৪৩৫টি পরিচিত মঙ্গলীয় উল্কাপিণ্ডের একটি এটি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির (জেপিএল) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার গবেষণা সাময়িকী ‘সায়েন্স’-এ এই ফলাফল প্রকাশিত হয়।
গবেষণায় এই উল্কাপিণ্ডটির প্রাথমিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে। এতে আগ্নেয় শিলার খনিজগুলোর এক অনন্য মিশ্রণ রয়েছে। লাভা ঠান্ডা হয়ে কীভাবে মঙ্গলগ্রহের ভূত্বক তৈরি হয়েছিল এবং পরবর্তীতে ভূগর্ভস্থ পানির সংস্পর্শে তা কীভাবে পরিবর্তিত হয়েছিল, সে সম্পর্কে এসব খনিজ গুরুত্বপূর্ণ সূত্র দেয়। এর আগে জুন মাসে ‘সায়েন্স অ্যাডভান্সেস’ সাময়িকীতে প্রকাশিত অপর একটি গবেষণায় উল্কাপিণ্ডটিতে পানির উপস্থিতি এবং গ্রহটির আদি পৃষ্ঠতলের ওপর এর প্রভাব খতিয়ে দেখা হয়েছিল।
গবেষণার প্রধান লেখক এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত জেপিএলের গবেষক ইয়াং লিউ বলেন, ‘পাথরটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পরই আমরা বুঝতে পারি এটি কতটা অনন্য। গবেষণাপত্রটির একজন পর্যালোচক একে মঙ্গলগ্রহের রোসেটা স্টোন বলে আখ্যা দিয়েছেন।’
পৃথিবীতে পাওয়া মঙ্গলগ্রহের তিনটি প্রাচীনতম উল্কাপিণ্ডের একটি হলো এই তেঘাজা ০০১। বাকি দুটির মধ্যে ‘এএলএইচ৮৪০০১’ প্রায় একই বয়সের এবং এর প্রায় পুরোটাই একক খনিজ দিয়ে গঠিত। অন্য উল্কাপিণ্ড ‘ব্ল্যাক বিউটি’ গঠিত হয়েছিল প্রায় ২১০ কোটি বছর আগে।
তেঘাজা ০০১ উল্কাপিণ্ডের খনিজ গঠন নাসার ‘মার্স রিকনসান্স অরবিটার’ দিয়ে পর্যবেক্ষণ করা মঙ্গলের খানাখন্দে ভরা দক্ষিণাঞ্চলীয় উচ্চভূমির বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। এর সুনির্দিষ্ট উৎপত্তিস্থল এখনো অজানা হলেও গবেষকরা পাথরটির খনিজ ও রাসায়নিক উপাদানের সাথে সামঞ্জস্যপূর্ণ কয়েকটি সম্ভাব্য এলাকা চিহ্নিত করেছেন।
গবেষণার দ্বিতীয় লেখক লি সেপার বর্তমানে সিলিকন ভ্যালিতে নাসার এইমস রিসার্চ সেন্টারে বিজ্ঞানী হিসেবে কর্মরত। তিনি জেপিএলে পোস্টডক্টরাল ফেলো হিসেবে গবেষণার কাজটি পরিচালনা করেন। তিনি বলেন, ‘মঙ্গলগ্রহের যে অংশের কোনো নমুনা আমাদের কাছে কখনো ছিল না, এটি সেখানকার ভূত্বকের প্রথম কোনো টুকরো।’ সেপার আরও বলেন, ‘এতে পানি ও পাথরের মিথস্ক্রিয়া এবং সম্ভবত মঙ্গলের বায়ুমণ্ডল থেকে পানি শুকিয়ে যাওয়ার সময়ের ছাপ সংরক্ষিত রয়েছে।’
নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা উল্কাপিণ্ডটির অক্সিজেনের আইসোটোপ বিশ্লেষণের মাধ্যমে এটিকে প্রথম মঙ্গলগ্রহের পাথর হিসেবে শনাক্ত করেছিলেন। পাথরটি তখন মঙ্গলীয় উল্কাপিণ্ডের সবচেয়ে পরিচিত শ্রেণি ‘শার্গোটাইট’-এর অন্তর্ভুক্ত বলে ধারণা করা হয়েছিল।
তবে লিউ পাথরটিতে অস্বাভাবিক কিছু গঠন ও খনিজের উপস্থিতি লক্ষ্য করেন, যা আরও গভীর অনুসন্ধানের প্রয়োজনীয়তা স্পষ্ট করে তোলে। পরবর্তীতে তার গবেষক দল উল্কাপিণ্ডে ‘জিরকন’ স্ফটিক খুঁজে পায়। এই স্ফটিক পাথরের গঠন সংক্রান্ত তথ্য ধারণ করে এবং বিজ্ঞানীদের বয়স নির্ধারণে সহায়তা করে।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির সহ-গবেষক ফ্রাঁসোয়া তিসো পাথরটির বয়স নির্ধারণে তাদের উদ্ভাবিত বিশেষ পদ্ধতি ‘ইন-সিটু রুবিডিয়াম-স্ট্রনশিয়াম ডেটিং’ প্রয়োগে সহায়তা করেন। মানুষের নখের চেয়েও ছোট এক টুকরো পাথর ব্যবহার করে পৃথক খনিজ কণা বিশ্লেষণ করা হয় এই পদ্ধতিতে। এর ফলে গবেষণার পরও বিরল এই উল্কাপিণ্ডের বেশিরভাগ অংশ ভবিষ্যতের গবেষণার জন্য অক্ষত রাখা সম্ভব হয়েছে।
তিসো বলেন, ‘বর্তমানে বিশ্বে এমন বয়স নির্ধারণের সক্ষমতা খুব কম গবেষণাগারের রয়েছে। এতো প্রাচীন মঙ্গলীয় উল্কাপিণ্ডের বয়স নির্ধারণের কাজটি আমরাই প্রথম করেছি। আমাদের প্রত্যাশা, এই পদ্ধতিটি মঙ্গলগ্রহের আরও উল্কাপিণ্ড অথবা অন্য কোনো গ্রহ, উপগ্রহ ও গ্রহাণু থেকে সংগৃহীত নমুনার বয়স নির্ধারণের পথ সুগম করবে।’
গবেষণার ফলাফলে দেখা যায়, প্রায় ৪১০ কোটি বছর আগে পানির সংস্পর্শে এসে শিলাটি পরিবর্তিত হয়েছিল। এর অর্থ হলো, উল্কাপিণ্ডটি বাস্তবে আরও আগে গঠিত হয়েছিল। এর অক্সিজেন আইসোটোপ, গঠন ও রসায়ন প্রাচীন মঙ্গলে একটি গতিশীল পানি চক্রের অস্তিত্ব নির্দেশ করে।
গবেষকরা জানান, তেঘাজা ০০১ নিয়ে আরও বিস্তারিত গবেষণা কীভাবে পানি পাথরের সাথে মিথস্ক্রিয়া করেছিল এবং গ্রহটির প্রাথমিক ভূতাত্ত্বিক ইতিহাস গঠনে ভূমিকা রেখেছিল, তা পরিষ্কার করতে সাহায্য করবে।
লিউ বলেন, ‘আমরা কেবল অনুসন্ধান শুরু করেছি।’
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.