আপনি পড়ছেন

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেব্রন শহরের আইন দাইর বাহা এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে এলাকাটিতে ব্যাপক অভিযান চালিয়ে বেশ কয়েকজন ফিলিস্তিনি তরুণকে আটক করে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা।

হেব্রনের আবাসিক এলাকাকে ‘সামরিক অঞ্চল’ ঘোষণা ইসরায়েলের
অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা

হেব্রনে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান আগ্রাসন অষ্টম দিনে গড়িয়েছে। এই অভিযানের কারণে কয়েক হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া বহু ফিলিস্তিনিকে আটক এবং তাদের ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা আনাদোলুকে জানান, ইসরায়েলি সামরিক যানগুলো ওই এলাকায় প্রবেশ করে। এরপর লাউডস্পিকারের মাধ্যমে তারা পুরো এলাকাকে ‘বন্ধ সামরিক অঞ্চল’ হিসেবে ঘোষণা করে। একই সঙ্গে সেখানে বাসিন্দাদের প্রবেশ ও চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এলাকায় ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছে। তারা বাসিন্দাদের সতর্ক করে জানায়, এই এলাকায় অবস্থান করা তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কুদস নিউজ নেটওয়ার্কে প্রকাশিত অন্যান্য ফুটেজে ইসরায়েলি সেনাদের একদল ফিলিস্তিনিকে আটক করতে দেখা যায়। আটককৃতদের হাত মাথার ওপর রাখতে বাধ্য করা হয় এবং পরে কড়া পাহারায় তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

দুই ফিলিস্তিনির গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত এবং অপর তিনজন আহত হওয়ার ঘটনার জেরে ২৩ অক্টোবর হেব্রনে এই সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। পরবর্তী সময়ে ওই দুই হামলাকারীকে হত্যা করে সেনারা। এর পর থেকেই হেব্রন ও এর আশপাশের গ্রামগুলোতে সামরিক অবরোধ আরোপ করে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে জালদা ও আইন দাইর বাহা এলাকার ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে সেগুলোকে সামরিক ব্যারাকে রূপান্তর করা হয়েছে।

মঙ্গলবার হেব্রন পৌরসভা জানায়, এই সামরিক অভিযানের মুখে ৭৮০টি পরিবারের ৪ হাজার ৯৬৯ জন ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। অভিযানের প্রথম দিনগুলোতেই ইসরায়েলি বাহিনী জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটায়। এছাড়া অসংখ্য বাড়িঘর, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অবকাঠামো ধ্বংস করা হয়েছে। ফিলিস্তিনিদের বাড়ি দখল করে সামরিক ব্যারাক বানিয়ে সেগুলোর ওপর ইসরায়েলি পতাকা উড়িয়ে দেয় সেনারা।

প্যালেস্টানিয়ান প্রিজনার্স ক্লাবের তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে বুধবার পর্যন্ত সময়ে হেব্রন গভর্নরেট থেকে ১১০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক অবরোধ ও বিধিনিষেধের কারণে ওই অঞ্চলের ৬৬টি স্কুলের পাঠদান মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ২ হাজার ১৯৮ জন শিক্ষার্থী সরাসরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে। এছাড়া অন্য ৬৭৪ জন শিক্ষার্থী জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে পড়ায় তারা বিদ্যালয়ে যেতে পারছে না।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অবিলম্বে এই সামরিক অবরোধের অবসান দাবি করেছেন। তারা যেন নিজেদের ঘরে ফিরে স্বাভাবিক জীবন শুরু করতে পারেন, সে জন্য তাদের আবাসিক এলাকার ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তারা।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.