বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি লেনদেনকারী প্ল্যাটফর্ম বাইনান্স থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলারের সমপরিমাণ ভার্চুয়াল সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। উত্তর কোরিয়ার সাইবার অপরাধীরা চুরি করা সম্পদ মূলত অপর ক্রিপ্টোকারেন্সি ‘ইথেরিয়াম’-এ রূপান্তর করে অর্থ পাচার করছে। শনিবার এক বিবৃতিতে এফবিআই এই তথ্য নিশ্চিত করে।

এফবিআই: বাইন্যান্সে রেকর্ড ক্রিপ্টো চুরির পেছনে উত্তর কোরিয়া
বিশ্বের শীর্ষ ক্রিপ্টোকারেন্সি লেনদেনকারী প্ল্যাটফর্ম বাইনান্স

মার্কিন তদন্ত সংস্থাটি এই সাইবার হামলার পেছনে সুনির্দিষ্টভাবে ‘ট্রেডারট্রেটর’ নামের একটি হ্যাকার দলকে দায়ী করেছে। গত বছরের ফেব্রুয়ারিতে ‘বাইবিট’ নামের অপর একটি প্ল্যাটফর্ম থেকে ১৫০ কোটি ডলার চুরির ঘটনায়ও এই দলটির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছিল। এফবিআইয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়, চুরি হওয়া সম্পদ ধাপে ধাপে আরও পাচার করা হতে পারে। সম্ভাব্য সন্দেহভাজন ডিজিটাল ঠিকানাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট লেনদেন অবিলম্বে বন্ধ করতে ভার্চুয়াল সম্পদ সেবাদাতা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এফবিআই।

এদিকে শনিবার পৃথক এক বিবৃতিতে বাইনান্স জানিয়েছে, প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল দিয়ে নতুন টোকেন কিনে চুরি যাওয়া মোট পরিমাণের ৯০ শতাংশ ক্ষতি এরই মধ্যে সমন্বয় করা হয়েছে। অবশিষ্ট ১০ শতাংশ টোকেনের তারল্য কম থাকায় সেগুলো কিনে পুরোপুরি সমন্বয় করতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বাইনান্স কর্তৃপক্ষ উল্লেখ করে, ‘আমরা অবশিষ্ট প্রাসঙ্গিক টোকেনগুলো কেনা অব্যাহত রাখব... যতক্ষণ না সব টোকেনের ১০০ শতাংশ পরিমাণ পূরণ হয়। এই চুরির আর্থিক ক্ষতি বাইনান্স নিজেই বহন করবে, আমাদের ব্যবহারকারীরা নন।’ ক্ষতিগ্রস্ত তহবিল সমন্বয়ে প্রয়োজনীয় অর্থ ব্যয় করা হয়েছে গ্রাহকদের সুরক্ষায় রাখা ১০০ কোটি ডলারের বিটকয়েন রিজার্ভ ‘সিকিউর অ্যাসেট ফান্ড ফর ইউজার্স’ (সাফু), ফিউচার্স ইন্স্যুরেন্স ফান্ড এবং কোম্পানির কর্পোরেট কোষাগার থেকে।

বাইনান্স গ্রাহকদের অর্থ নিরাপদ থাকার আশ্বাস দিলেও এই ঘটনার প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে ক্রিপ্টোকারেন্সির দামে পতন ঘটে। শুক্রবার বাইনান্সের কো-সিইও রিচার্ড তেং জানান, ঘটনাটি ছিল অত্যন্ত ‘জটিল এক আক্রমণ’। হ্যাকাররা একটি হ্যাকড ল্যাপটপ এবং নিজেদের কার্যকলাপের প্রমাণ স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলতে সক্ষম এমন ক্ষতিকর সফটওয়্যার ব্যবহার করেছিল। এর ফলে আক্রমণের উৎস শনাক্ত করা ও ঘটনার তদন্ত চালানো বেশ কঠিন হয়ে পড়ে।

সাইবার হামলার পরপরই নিজেদের প্ল্যাটফর্ম থেকে গ্রাহকদের অর্থ উত্তোলন সাময়িকভাবে স্থগিত করে বাইনান্স কর্তৃপক্ষ। তবে শনিবার সংস্থাটি ঘোষণা দিয়েছে, রবিবার থেকেই পুনরায় অর্থ উত্তোলন সেবা চালু করতে তারা প্রস্তুত রয়েছে। এছাড়া গ্রাহকদের সম্পদ অন্তত ১:১ অনুপাতে সম্পূর্ণ সংরক্ষিত রয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করার সুযোগ দিতে নতুন ‘প্রুফ-অব-রিজার্ভস’ বা মজুতের তথ্য প্রকাশেরও ঘোষণা দিয়েছে বাইনান্স।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.