ঢাকার রুটে পুরোনো বাস নিয়েই নামল ৬ কোম্পানি
সরকারের বাস রুট রেশনালাইজেশন উদ্যোগের আওতায় ঢাকা শহরের ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৭৮০টি বাস নিয়ে এ সেবা চালু করা হয়। ১ নভেম্বর সকাল ১১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ছয়টি রুটের মধ্যে চারটিতে শুধু নন-এসি এবং বাকি দুটি রুটে এসি ও নন-এসি উভয় ধরনের বাস চলাচল করবে। পুরো উদ্যোগটি বাস্তবায়ন করছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। তবে নতুন বাস নামানোর পরিবর্তে পুরোনো বাসগুলোতেই নতুন করে রঙ লাগিয়ে ছয়টি কোম্পানির অধীনে বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীসেবা বাড়ানোর মূল লক্ষ্য পূরণ হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সেবাটির উদ্বোধন করে পাবনা-৫ আসনের সংসদ সদস্য এবং পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘রাজধানীর পরিবহন খাতের বিশৃঙ্খলা ও যানজট নিরসনে পরিবহন মালিক, শ্রমিক, পুলিশ এবং গণমাধ্যমের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।’
এই চারটি পক্ষের ঐক্য ও পারস্পরিক বোঝাপড়াই সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকায় পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে পুরো দেশেই এর ইতিবাচক প্রভাব পড়বে।’ তিনি আরও বলেন, পরিবহন খাতের বিশৃঙ্খলা থেকে কেবল একটি ক্ষুদ্র গোষ্ঠী লাভবান হয়, আর শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলে সংখ্যাগরিষ্ঠ মানুষ উপকৃত হবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগের প্রশংসা করেন এবং সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, যাত্রীদের অবশ্যই নির্ধারিত স্টপেজ থেকে বাসে ওঠানামা করতে হবে। তিনি যাত্রী ও পরিবহন শ্রমিকদের নতুন নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান।
নতুন বাস সংগ্রহের জন্য সরকারের নীতিগত সহায়তা চেয়ে তিনি জানান, পরিবহন মালিকেরা কোনো ভর্তুকি চাইছেন না। সরকার সহজ শর্তে বাস পাওয়ার ব্যবস্থা করে দিলে মালিক সমিতির নিশ্চয়তায় ডাউন পেমেন্টের মাধ্যমে মালিকেরা নিজেরাই বাস কিনে ধীরে ধীরে পুরোনো বাসগুলো তুলে নিতে পারবেন।
ডিটিসিএর পরিকল্পনা অনুযায়ী, গাজীপুরের শিববাড়ি থেকে ঢাকার ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত ২৬ দশমিক ৪৭ কিলোমিটার দীর্ঘ রুটে ২৫৩টি নন-এসি বাস চালাবে ভিআইপি পরিবহন বাস কোম্পানি। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই এই রুটে বাস চালিয়ে আসছে। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে এই রুটে গোলাপি বাস চালুর উদ্যোগ নেওয়া হলেও শৃঙ্খলা ফেরাতে তা ব্যর্থ হয়েছিল।
মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জ রুটে ১৩৩টি বাস চালাবে চিড়িয়াখানা সিটি বাস কোম্পানি। অন্যদিকে কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা রুটে ৭০টি বাস চালাবে রমজান আলী এন্টারপ্রাইজ। দুটি প্রতিষ্ঠানই বর্তমানে ঢাকার সড়কে বাস পরিচালনা করছে।
এছাড়া ঘাটারচর-কাঁচপুর রুটে ফোর স্টার বাস লাইনের ১৫০টি বাস এবং ঘাটারচর-উত্তরা রুটে পিএনপি সিটি সার্ভিসের ১৯০টি বাস চলবে। পাশাপাশি টঙ্গী থেকে ঢাকেশ্বরী মন্দির রুটে আরও ২০টি এসি বাস নামানোর পরিকল্পনা রয়েছে।
বর্তমানে এসব রুটের কয়েকটিতে ভিআইপি, বিকাশ, দিশারী, তানজিল, মেট্রো লিংক, রমজান আলী এন্টারপ্রাইজ, রজনীগন্ধা, মালঞ্চ, সময়, মিডলাইন, পরিস্থান এবং প্রজাপতি পরিবহনের মতো একাধিক কোম্পানির বাস চলাচল করছে। তবে নির্ধারিত ছয়টি কোম্পানির বাইরে থাকা অন্যান্য কোম্পানির বাস কীভাবে এসব রুটে চলাচল থেকে বিরত রাখা হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.