আপনি পড়ছেন

ইরানের একটি সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় যেকোনো মুহূর্তে পারমাণবিক হামলা চালাতে পারে মার্কিন প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ধরনের হামলার অনুমোদন দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর তীব্র চাপ সৃষ্টি করছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি এই দাবি করেন।

কার্লসন: ইরানে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ফক্স নিউজের সাবেক এই উপস্থাপকের মতে, হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তু মধ্য ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’। ইসরায়েলি গোয়েন্দাদের ধারণা, ইরান সেখানে পুনরায় তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করেছে। বিশ্লেষক কার্লসন উল্লেখ করেন, ভূগর্ভস্থ টানেলগুলো প্রায় ৩০০ ফুট নিরেট গ্রানাইট পাথর দিয়ে সুরক্ষিত থাকায় প্রচলিত কোনো মার্কিন অস্ত্র সেখানে প্রবেশ করতে পারবে না। ফলে পারমাণবিক আঘাত ছাড়া সামরিকভাবে এটি ধ্বংস করার বিকল্প কোনো পথ নেই। অজ্ঞাত এক ওয়াকিবহাল সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, ‘বিবি (নেতানিয়াহু) এই বিষয়ে প্রতিদিন ট্রাম্পকে ফোন করছেন।’

রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই থেকেই নেতানিয়াহু এই সামরিক পদক্ষেপের জন্য চাপ দিচ্ছেন বলে উল্লেখ করেন কার্লসন। তিনি জানান, সর্বশেষ নির্বাচনের পর নেসেটে ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে নেতানিয়াহুর এখন ট্রাম্পের সামরিক হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় তিনি ক্ষমতা হারাতে পারেন এবং তাকে তদন্ত ও সম্ভাব্য কারাদণ্ডের মুখে পড়তে হতে পারে। এ ছাড়া সামরিক অভিযান পুনরায় শুরু করার জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের ওপর নেতানিয়াহু ক্রমাগত চাপ দিচ্ছেন। একই সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফও নেতানিয়াহুর পথ অনুসরণ করছেন বলে কার্লসন দাবি করেন। তিনি আরও জানান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও দোহায় প্রণীত ইরান শান্তি চুক্তির খসড়ার বিরোধিতা করেছিলেন।

অবশ্য ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের এক বা দুটি পারমাণবিক স্থাপনা এখনো সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ১০ মিনিটের মধ্যে সেখানে আঘাত হানতে সক্ষম। তিনি বিশেষভাবে পিকঅ্যাক্স মাউন্টেনের কথা উল্লেখ করে জানান যে ওই এলাকার বিষয়ে তাদের সামরিক পরিকল্পনা রয়েছে। তবে পারমাণবিক হামলার কোনো অনুমোদনের কথা তিনি জানাননি। এর আগে ১৬ অক্টোবর নিউজমেক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা স্পষ্টভাবেই নাকচ করে দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, মার্কিন ও ইসরায়েলি সূত্রের তথ্য অনুযায়ী শনিবার ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি উত্তপ্ত ফোনালাপ হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠেয় মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই নেতানিয়াহু পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি জানালেও ট্রাম্প আপাতত কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, প্রশাসন সংবেদনশীল সামরিক পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করে না। তবে ইরান যাতে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেজন্য ট্রাম্প সব বিকল্প উন্মুক্ত রেখেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হামলা পুনরায় শুরু করার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কার্লসন জানান, ৭ নভেম্বরের মধ্যে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমোদন দেবেন কি না, সে বিষয়ে ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং বিশেষ দূত স্টিভ উইটকফ তেহরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তির লক্ষ্যে অগ্রসর হতে ট্রাম্পকে অনুরোধ করছেন। ইরানের সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে আলোচনা করা ব্যক্তিদের মতে, নতুন করে সংঘাত কারো জন্যই সুফল আনবে না এবং একটি চুক্তির পথে এগোনোই যুক্তিযুক্ত।

সম্ভাব্য এই পারমাণবিক হামলার ভয়াবহ পরিণতি সম্পর্কে কার্লসন সতর্ক করে বলেন, পিকঅ্যাক্স মাউন্টেনে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে পারস্য উপসাগর তেজস্ক্রিয়তায় দূষিত হতে পারে, যা প্রায় ১০ কোটি মানুষের পানি সরবরাহকে হুমকির মুখে ফেলবে। পাশাপাশি এটি একটি বিপজ্জনক নজির তৈরি করবে। যার ফলে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উৎসাহিত হতে পারে, ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে পারমাণবিক উত্তেজনা দেখা দিতে পারে এবং উত্তর কোরিয়া সিউলে হামলা চালাতে পারে। তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘প্রথম পারমাণবিক হামলার পর তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। সেই যুদ্ধ হবে সংক্ষিপ্ত এবং চূড়ান্ত।’ কার্লসন আরও অভিযোগ করেন, ফেব্রুয়ারি থেকে ট্রাম্প প্রশাসন গোপনে তাদের পারমাণবিক নীতি সংশোধন করেছে, যাতে যুদ্ধক্ষেত্রে তথাকথিত ছোট পারমাণবিক অস্ত্রের প্রথম ব্যবহার সহজতর হয়।

মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ক্রমবর্ধমান উদ্বেগের কথা উল্লেখ করে কার্লসন জানান, ইরানের ওপর চূড়ান্ত হামলার সমর্থন পেতে নেতানিয়াহু ২৭ সেপ্টেম্বর গোপনে আবুধাবি সফর করেছিলেন, কিন্তু আমিরাতের কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করেন। আট মাসের সংঘাতে উপসাগরীয় অর্থনীতি এবং বিশ্বব্যাপী জ্বালানি ও সার বাজার মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু অক্টোবরেই হরমুজ প্রণালীতে বিশ্বের প্রায় ৮৫০টি সুপারট্যাঙ্কারের মধ্যে ১১টি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে লাখ লাখ মানুষের জীবন হুমকিতে ফেলা এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববাসীর এখনই কথা বলা উচিত বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে পিকঅ্যাক্স মাউন্টেন কমপ্লেক্সে কোনো ধরনের পারমাণবিক কর্মকাণ্ডের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা ওয়াশিংটন ও তেল আবিবকে যেকোনো নতুন হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.