দীর্ঘদিন ধরে চিকিৎসাবিজ্ঞানে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট ধরা হলেও গত দেড় শতাব্দীতে এই গড় ধীরে ধীরে কমেছে। সাম্প্রতিক বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, বর্তমানে প্রাপ্তবয়স্কদের স্বাভাবিক গড় তাপমাত্রা প্রায় ৯৭.৫ ডিগ্রি ফারেনহাইটে নেমে এসেছে। ফলে সুস্থ শরীরের তাপমাত্রা হিসেবে নির্দিষ্ট কোনো সংখ্যার ওপর নির্ভর করার প্রচলিত ধারণা নিয়ে নতুন করে ভাবছেন গবেষকেরা।

গত ১৫০ বছরে মানুষের শরীরের গড় তাপমাত্রা কমেছে, কারণ কী?
ছবি - সংগৃহীত

চিকিৎসকদের মতে, শরীরের স্বাভাবিক তাপমাত্রা নির্ধারণে একটি নির্দিষ্ট সংখ্যার ওপর অতিরিক্ত নির্ভর করা বাস্তবসম্মত নয়। গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে তাপমাত্রা সাধারণত ৯৫ ডিগ্রি ফারেনহাইটের নিচে নামলে বা ১০৪ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠলে তা গুরুতর স্বাস্থ্যঝুঁকির লক্ষণ হতে পারে। বোস্টন চিলড্রেনস হাসপাতালের গবেষক জোনাথন হাউসম্যানের পর্যবেক্ষণ অনুযায়ী, মানুষের অভ্যন্তরীণ জৈবঘড়ি বা সার্কাডিয়ান রিদমের কারণে দিনের বিভিন্ন সময়ে তাপমাত্রার ওঠানামা ঘটে; যেমন ভোরে তাপমাত্রা সবচেয়ে কম থাকে এবং বিকেলে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এছাড়া মানুষের বয়স, ওজন ও শারীরিক উচ্চতার ওপর ভিত্তি করেও তাপমাত্রায় স্বাভাবিক তারতম্য দেখা যায়।

উনিশ শতকের ষাটের দশকে জার্মান চিকিৎসক কার্ল ওয়ান্ডারলিখ মানুষের শরীরের গড় তাপমাত্রা হিসেবে ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইটের মানদণ্ডটি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি প্রায় ১৫ বছর ধরে ২৫ হাজার রোগীর তাপমাত্রা পরিমাপ করে এবং ১০ লাখেরও বেশি তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হন। তখন থেকেই চিকিৎসাবিজ্ঞানে এই পরিমাপটি বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পেয়ে আসছিল।

তবে প্রায় এক দশক আগে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ জুলি পারসনেট ও তাঁর গবেষক দল ১৮৬২ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রায় ১ লাখ ৯০ হাজার মানুষের তথ্য বিশ্লেষণ করে তাপমাত্রা কমার এই প্রবণতা নিশ্চিত করেন। সুইজারল্যান্ডের জুরিখ বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাড্রিয়ান ইয়েগির গবেষণাতেও দেখা যায়, আমাজন অঞ্চলের সিমানে আদিবাসীদের গড় তাপমাত্রা দুই দশকের ব্যবধানে ৯৮.৬ ডিগ্রি থেকে কমে ৯৭.৭ ডিগ্রিতে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞদের ধারণা, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার অগ্রগতি ও মানুষের উন্নত জীবনযাত্রাই শরীরের তাপমাত্রা হ্রাসের মূল কারণ। অতীতে যক্ষ্মা বা আমাশয়ের মতো দীর্ঘস্থায়ী সংক্রমণের কারণে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থাকে বেশি সক্রিয় থাকতে হতো, যা শরীরে বাড়তি তাপ তৈরি করত। বর্তমানে উন্নত চিকিৎসা, নিয়মিত টিকাদান, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং শীতাতপনিয়ন্ত্রণ বা কৃত্রিম উষ্ণতার সুবিধা মানুষের শরীরকে অতিরিক্ত শক্তি ক্ষয়ের চাপ থেকে মুক্ত রেখেছে। যদিও কেউ কেউ উনিশ শতকের প্রাচীন থার্মোমিটারের ত্রুটিকে এই পার্থক্যের কারণ বলে মনে করেন, তবে আধুনিক গবেষকদের মতে কেবল যন্ত্রের ত্রুটি দিয়ে সামগ্রিক এই শারীরবৃত্তীয় পরিবর্তনকে এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.