আপনি পড়ছেন

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের প্রচার শেষ হয়েছে। মঙ্গলবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারিত হবে। নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের সমর্থন পেতে জোর প্রচার চালিয়েছেন রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা। তবে নির্বাচনের আগে বিভিন্ন অঙ্গরাজ্যে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। মিশিগানে প্রথম মুসলিম হিসেবে সিনেট সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে লড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। অন্যদিকে, ক্যালিফোর্নিয়া ও আলাস্কার নির্বাচন ঘিরে ট্রাম্প প্রশাসনের আইনি তৎপরতা নতুন বিতর্ক তৈরি করেছে। খবর রয়টার্সের

কংগ্রেসের নিয়ন্ত্রণের লড়াই, যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন ঘিরে উত্তেজনা
ছবি- রয়টার্স

মঙ্গলবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোট হবে। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা ফিরে পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে দলটির লড়াই তুলনামূলক কঠিন।

কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আগামী দুই বছর আইন প্রণয়ন ও প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। একই সঙ্গে ডেমোক্র্যাটরা তাঁর প্রশাসনের কর্মকাণ্ড তদন্তের সুযোগ পাবে। সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে সুপ্রিম কোর্টসহ বিভিন্ন ফেডারেল আদালতে ট্রাম্পের মনোনীত বিচারপতিদের নিয়োগও আটকে দিতে পারবে তারা।

নির্বাচনের আগের দিন সোমবার শেষ মুহূর্তের প্রচারে অংশ নেন ট্রাম্প। ভোটার উপস্থিতি বাড়াতে রিপাবলিকানদের উদ্দেশে তিনি বলেন, ব্যালটে যেন তাঁর নাম রয়েছে, এমনটি ভেবে ভোট দিতে হবে।

ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, ‘আমাদের ভোট দিতে হবে। আমাদের লোকজন ভোট দিলে আমরা বিপুল ব্যবধানে জিতব।’

নির্বাচনের আগে তাঁর শেষ সরাসরি প্রচার অনুষ্ঠান ছিল ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সামনের প্রতিফলন পুকুরের সংস্কারকাজ শেষে পুনরায় চালুর অনুষ্ঠানে দেওয়া ভাষণ। সেখানে ২০ মিনিটের বেশি সময় ধরে তিনি সংস্কারকাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এ সময় রাজধানীর অন্যান্য উন্নয়ন পরিকল্পনা এবং হোয়াইট হাউসের সংস্কার নিয়েও নিজের সাফল্যের কথা তুলে ধরেন। হোয়াইট হাউস জানিয়েছে, গত ৩২ দিনে ট্রাম্প ২০টি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে নির্বাচনী সমাবেশ করেছেন।

নির্বাচনের আগে রয়টার্স ও ইপসোসের এক জরিপে ডেমোক্র্যাটদের এগিয়ে থাকার চিত্র পাওয়া গেছে। সোমবার শেষ হওয়া জরিপে দেখা গেছে, নিবন্ধিত ভোটারদের ৪৬ শতাংশ কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন। রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৮ শতাংশ।

এদিকে আগাম ভোটেও রেকর্ড হয়েছে। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন গবেষণাগারের তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত সরাসরি ও ডাকযোগে ৫ কোটি ৭০ লাখ ভোট পড়েছে। ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে পুরো সময়ে আগাম ভোট পড়েছিল ৪ কোটি ৫০ লাখ। ফলে এবার আগাম ভোটের সংখ্যা আগের রেকর্ড ছাড়িয়ে গেছে।

মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ প্রথম মুসলিম হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেট সদস্য নির্বাচিত হওয়ার লক্ষ্যে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে লড়ছেন। চিকিৎসক ও জনস্বাস্থ্যবিষয়ক সাবেক কর্মকর্তা এল-সায়েদ মিশিগানেই জন্মগ্রহণ করেছেন।

দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হওয়ার মধ্যে গত সপ্তাহান্তে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ডেমোক্র্যাট দলের প্রাথমিক নির্বাচনে এল-সায়েদের কাছে হেরে যাওয়া প্রতিনিধি পরিষদের সদস্য হ্যালি স্টিভেনস পরে রজার্সকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

এর পরদিন রোববার এল-সায়েদের নির্বাচনী প্রচার তহবিলে ২৪ লাখ ডলার জমা পড়ে। ছোট অঙ্কের অনুদান থেকে এক দিনে পাওয়া এটিই ছিল তাঁর সর্বোচ্চ সংগ্রহ।

এল-সায়েদের যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য নিয়ে ট্রাম্প ও অন্য রিপাবলিকান নেতারা প্রশ্ন তুলেছেন। এমনকি প্রমাণ ছাড়াই তাঁকে সন্ত্রাসীদের সমর্থক বলেও অভিযোগ করেছেন তাঁরা। এসব অভিযোগকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এল-সায়েদ।

সোমবার এক নির্বাচনী সমাবেশে রিপাবলিকান প্রার্থী রজার্স বলেন, ‘এই নির্বাচন কখনোই কারও ধর্মীয় বিশ্বাস নিয়ে ছিল না। বরং এটি ছিল একজন মানুষের চিন্তাভাবনা, দর্শন ও আদর্শ নিয়ে।’

অন্যদিকে বিভেদ দূর করে ঐক্যের আহ্বান জানান এল-সায়েদ। তিনি বলেন, ভৌগোলিক অবস্থান, বর্ণ, যৌন অভিমুখিতা, লিঙ্গপরিচয় ও ধর্মীয় বিশ্বাসের বিভেদ পেরিয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ার ভোট গণনা নিয়েও ট্রাম্প প্রশাসনের সঙ্গে অঙ্গরাজ্যটির বিরোধ তৈরি হয়। যুক্তরাষ্ট্রের নাগরিক নন বলে সন্দেহভাজন ২০ হাজারের বেশি নিবন্ধিত ভোটারের ডাকযোগে পাঠানো ব্যালট গণনা বন্ধে প্রশাসনের আবেদন সোমবার খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। এর আগে একটি ফেডারেল আপিল আদালতও একই আবেদন নাকচ করেছিলেন।

ক্যালিফোর্নিয়ার অভিযোগ, অস্পষ্ট সন্দেহের ভিত্তিতে এসব ভোটারের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। অ-নাগরিক শনাক্ত করার পদ্ধতিতেও ভুলের আশঙ্কা রয়েছে।

আলাস্কার সিনেট নির্বাচন নিয়েও আইনি বিরোধ তৈরি হয়েছে। রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানের প্রতিদ্বন্দ্বী হিসেবে একই নামের আরেক প্রার্থী ড্যানিয়েল জে সুলিভান জুনিয়র নির্বাচনে অংশ নেওয়ায় ভোটাররা বিভ্রান্ত হতে পারেন—এমন যুক্তিতে ফল অনুমোদন আটকে দেওয়ার আবেদন করেছিল ট্রাম্প প্রশাসন। তবে রোববার এক ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দেন।

এদিকে সিনেটর ড্যান সুলিভান জানিয়েছেন, নির্বাচনে যে ফলই আসুক, তিনি তা মেনে নেবেন। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী ড্যানিয়েল জে সুলিভান জুনিয়রকে অনুদান দেওয়া এক সমর্থক জানিয়েছেন, এ বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছেন এফবিআইয়ের কর্মকর্তারা। তবে এ বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ, নির্বাচনী বিরোধ এবং কয়েকটি অঙ্গরাজ্যে উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচার। মঙ্গলবারের ভোটের ফল ট্রাম্পের বাকি দুই বছরের শাসনকালের রাজনৈতিক পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.