প্রধানমন্ত্রী: আগামী গ্রীষ্মের আগেই যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে তিন থেকে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। জ্বালানি খাতে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা বাড়াতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত দুই দিনব্যাপী প্রথম ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুতের ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য অর্জনে সৌরবিদ্যুৎ প্রকল্পের অর্থায়নে সরকার প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তহবিলের অভাবে উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা যাতে পিছিয়ে না পড়েন, সেজন্য পর্যায়ক্রমে আরও অর্থের সংস্থান করা হবে। এছাড়া বিনিয়োগ উৎসাহিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ ২০২৬’ জারি করাসহ নীতি, কর ও শুল্ক সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।
বিশেষ নেট-মিটারিং সুবিধার আওতায় ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উদ্বৃত্ত অংশ প্রতি ইউনিট সাড়ে ১০ টাকা মূল্যে (প্রণোদনাসহ) সরকার কিনে নেবে। প্রধানমন্ত্রী সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্প-কারখানা ও বাসাবাড়ির অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের আহ্বান জানান। তিনি নিজের বাসভবনেও সোলার প্যানেল বসানোর কথা উল্লেখ করে জানান, পারিবারিক চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
দেশের জ্বালানি নিরাপত্তার জন্য নবায়নযোগ্য জ্বালানিকে অপরিহার্য উল্লেখ করে তারেক রহমান বলেন, আন্তর্জাতিক সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় আমদানিনির্ভর বাংলাদেশ ঝুঁকিতে পড়েছিল। জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকার ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। একই সঙ্গে ডিজেল মজুত বৃদ্ধি, বিদ্যুৎকেন্দ্রের জন্য পর্যাপ্ত কয়লা সরবরাহ নিশ্চিত, বিকল্প সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ এবং বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি তেল সংগ্রহে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে বিগত সরকারগুলোর ব্যর্থতা বা ভূমিকা নিয়ে বিতর্কে সময় নষ্ট না করে বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য ভবিষ্যৎ চাহিদা পূরণ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। সরকার একাধারে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা, বিদ্যুৎ খাতের চুক্তি ও ব্যয় পর্যালোচনা, নিজস্ব গ্যাস অনুসন্ধান বৃদ্ধি, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণে কাজ করছে।
কৃষিখাতে সৌরশক্তির সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, কৃষির সেচপাম্পগুলোকে ক্রমান্বয়ে বিদ্যুৎ থেকে সৌরশক্তিতে রূপান্তর করা হচ্ছে। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে, পরিবেশ সুরক্ষিত থাকবে এবং জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে। পাশাপাশি এর মাধ্যমে হিমাগার, কৃষিপণ্য সংরক্ষণ এবং গ্রামীণ ক্ষুদ্র শিল্পের নতুন সুযোগ তৈরি হবে। তিনি বড় প্রকল্পের পেছনে না ছুটে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান এবং প্রবাসী বাংলাদেশিদের এই খাতে বিনিয়োগের অনুরোধ করেন।
বিদ্যুৎ ব্যবহারে সচেতনতার আহ্বান জানিয়ে তিনি প্রাকৃতিক আলোর সর্বোত্তম ব্যবহার এবং অপ্রয়োজনীয় বাতি, ফ্যান ও বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার তাগিদ দেন। তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে চলমান ‘স্ফুরণ’ প্রতিযোগিতার কথা উল্লেখ করে তিনি জানান, এতে তিন শতাধিক তরুণ অংশ নিয়েছেন এবং স্টার্টআপগুলোর জন্য চলতি বাজেটে বার্ষিক ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সৌর খাতের আট সহস্রাধিক সেবাদাতা সংস্থাকে সঠিক সংযোগ ও মানসম্মত সেবা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বিতরণ সংস্থাগুলোকে উদ্যোক্তাদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার নির্দেশ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। প্রদর্শনীতে সৌর প্যানেল, ইনভার্টার, স্মার্ট গ্রিড ব্যবস্থা ও আধুনিক ব্যাটারি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর পাশাপাশি ‘পলিসি, পিপল অ্যান্ড ক্যাপিটাল ফর বাংলাদেশস সোলার রেভল্যুশন’ শীর্ষক প্রতিপাদ্যে চারটি সেমিনার অনুষ্ঠিত হবে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.