আপনি পড়ছেন

উপসাগরীয় অঞ্চলের সংঘাত এবং জ্বালানির বাড়তি দামের কারণে দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপের মুনাফায় বড় ধরনের ধস নেমেছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রথমার্ধে প্রতিষ্ঠানটির কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৬৬ শতাংশ কমেছে। বৃহস্পতিবার প্রকাশিত তাদের আর্থিক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়।

এমিরেটসের অর্ধবার্ষিক মুনাফায় ৬৬ শতাংশ ধস
শেয়ারবাজার ও আর্থিক সূচকের প্রতীকী চিত্র

চলতি অর্থবছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসে এমিরেটস গ্রুপের নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬০ কোটি দিরহাম বা ১০০ কোটি মার্কিন ডলারে। আগের অর্থবছরে রেকর্ড সাফল্যের পর এবার সংস্থাটির মোট রাজস্ব ১২ শতাংশ কমে ৬ হাজার ৬২০ কোটি দিরহামে (১ হাজার ৮০০ কোটি ডলার) নেমেছে। এছাড়া গ্রুপটির কর-পূর্ববর্তী আয় দাঁড়িয়েছে ৪১০ কোটি দিরহাম বা ১১০ কোটি ডলারে। একই সময়ে সুদ, কর ও অবচয় পূর্ববর্তী পরিচালন মুনাফা (ইবিআইটিডিএ) ৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫০ কোটি দিরহাম বা ৩৪০ কোটি মার্কিন ডলারে।

এমিরেটস এয়ারলাইন এবং বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডনাটা’ (dnata) নিয়ে এই গ্রুপটি গঠিত। সামগ্রিক ব্যবসায়িক মন্দার প্রভাব পড়েছে যাত্রী পরিবহনেও। আলোচিত ছয় মাসে এমিরেটস ২ কোটি ১৮ লাখ যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২২ শতাংশ কম। ফ্লাইট সংখ্যা কাটছাঁট করায় তাদের সার্বিক সক্ষমতা ১০ শতাংশ কমে ২ হাজার ৮২০ কোটি ‘অ্যাভেইলেবল টন-কিলোমিটারে’ নেমেছে। পাশাপাশি আসন সক্ষমতা ১৭ শতাংশ এবং যাত্রী পরিবহন হার ২৫ শতাংশ হ্রাস পায়। এতে উড়োজাহাজের গড় আসন পূরণের হার (সিট ফ্যাক্টর) আগের বছরের ৭৯ দশমিক ৫ শতাংশ থেকে কমে ৭২ শতাংশে দাঁড়িয়েছে।

ব্যবসায়িক এই ধাক্কার পাশাপাশি ঋণ পরিশোধ, নতুন উড়োজাহাজের অগ্রিম অর্থ প্রদান এবং মালিকপক্ষকে লভ্যাংশ বাবদ ২০০ কোটি দিরহাম (৫৪ কোটি ৫০ লাখ ডলার) দেওয়ার ফলে সংস্থাটির নগদ রিজার্ভও সংকুচিত হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপের নগদ রিজার্ভ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১০ কোটি দিরহাম বা ১ হাজার ৪৭০ কোটি ডলারে, যা গত মার্চের শেষে ছিল ৫ হাজার ৯৬০ কোটি দিরহাম (১ হাজার ৬২০ কোটি ডলার)। এ ছাড়া কৌশলগত নিয়োগ কার্যক্রম চালু থাকলেও সামগ্রিকভাবে গ্রুপের কর্মীসংখ্যা ২ শতাংশ কমে ১ লাখ ২৮ হাজার ২৩৭ জনে দাঁড়িয়েছে।

কঠিন পরিস্থিতির মধ্যেও সংস্থাটি বিমানবহর সম্প্রসারণ ও গ্রাহকসেবার আধুনিকায়নে নিয়মিত বিনিয়োগ অব্যাহত রেখেছে। গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাক্তুম জানান, বিশ্ববাজারে উড়োজাহাজের জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং আঞ্চলিক অস্থিরতার মধ্যেও এমিরেটস মুনাফায় রয়েছে। এর পেছনে গ্রাহকদের অটুট আস্থা ও শক্তিশালী কার্গো কার্যক্রম বড় ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘সরকারি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা এবং নিরাপদে আকাশপথে চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে।’ প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও তারল্যের ওপর আস্থা রেখে তিনি অর্থবছরের বাকি সময়ের জন্য সতর্ক আশাবাদ ব্যক্ত করেন।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.