আপনি পড়ছেন

রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা, তৈরি পোশাক খাতের শ্রমিক অসন্তোষ এবং ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার প্রেক্ষাপটে দেশজুড়ে শোডাউনের প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বিএনপি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ ৭ নভেম্বর রাজধানীসহ সারাদেশে শোভাযাত্রার মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তিমত্তা প্রদর্শন করবে দলটি।

উত্তেজনার মধ্যেই আজ রাজধানীর রাজপথে বিএনপির শোভাযাত্রা
বিএনপির দলীয় পতাকা

বেলা তিনটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মূল শোভাযাত্রাটি শুরু হবে। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া আজ দেশের সব জেলা ও মহানগরে এবং আগামীকাল থানা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকার গঠনের পর এটিই রাজপথে বিএনপির প্রথম বড় কোনো রাজনৈতিক কর্মসূচি। বিরোধী ১১ দলীয় জোটের সঙ্গে বাড়তে থাকা মতবিরোধের মধ্যে নিজেদের জনসমর্থন প্রদর্শন এবং রাজপথে সক্রিয় উপস্থিতি জানান দিতেই কর্মসূচিটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। এর আগে ২৬ অক্টোবর ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকা মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে যৌথ সভা করে ব্যাপক প্রস্তুতির নির্দেশ দেন। পরবর্তীতে মহানগরের থানা ও ওয়ার্ড পর্যায়ে সমন্বয় কমিটি গঠন করে সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন জানান, দলটি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং যে কোনো জাতীয় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ‘বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দল যখন সমাবেশ বা শোভাযাত্রা করে, তখন জনগণের কাছে একটি জাতীয় বার্তা পৌঁছায়। আমরা আগেও সাংগঠনিকভাবে শক্তিশালী ছিলাম, এখনো আছি।’ তিনি আরও বলেন, শেখ হাসিনা, আওয়ামী লীগ কিংবা বিরোধী জোটের যে কোনো পরিস্থিতির জবাব দিতে তারা প্রস্তুত। শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আমরা বিশ্বাস করি না শেখ হাসিনা ফিরে আসবেন। যদি তিনি আসেন, তবে দেশের পুরো জনগণই তার মোকাবিলা করবে। বাংলাদেশের জনগণের অংশ হিসেবে আমরাও সেখানে থাকব।’ সরকারের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিরোধীদের আন্দোলনের সমালোচনা করে রবিন বলেন, তারা ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং কোনো কারণ ছাড়াই অর্থহীন লংমার্চের মতো নানা কর্মসূচি দিচ্ছে, যা তাদের কোনো কাজে আসবে না।

সাম্প্রতিক সময়ে ১১ দলীয় জোটের বিভিন্ন কর্মসূচি এবং শেখ হাসিনার ফেরার আশ্বাসে রাজনৈতিক অনিশ্চয়তা বেড়েছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে আকস্মিক মিছিল করেছে এবং কয়েকটি মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টায় থাকা বিভিন্ন পক্ষ জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও অন্যান্য দলের সঙ্গে হাত মিলিয়েছে। বিএনপি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যে কোনো কঠিন পরিস্থিতিতে বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভূমিকা সবসময়ই গণমুখী।’ শোভাযাত্রা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক উদ্দীপনা রয়েছে এবং যুবদলের বড় জমায়েত নিশ্চিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনের কর্মসূচি পালন করছে বিএনপি। দিবসের শুরুতে সকাল ছয়টায় কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় তারেক রহমান ও দলের শীর্ষ নেতারা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে একটি আলোকচিত্র প্রদর্শনীরও আয়োজন রয়েছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার পটপরিবর্তন ও দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানকে স্মরণ করে বিএনপি দিনটি জাতীয় ঐক্য, সংহতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হিসেবে পালন করে থাকে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.