জেলেনস্কি: রুশ হামলায় দিনিপ্রোয় বিদ্যুৎহীন ৬ লাখ বাসিন্দা
ইউক্রেনের দিনিপ্রো শহর ও এর আশপাশের অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে অঞ্চলটির ছয় লাখেরও বেশি মানুষ পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

অন্যান্য অঞ্চলের পরিস্থিতির কথা উল্লেখ করে জেলেনস্কি জানান, খারকিভ অঞ্চলের অবস্থাও বেশ জটিল এবং দেশের বেশ কয়েকটি জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এছাড়া রুশ গোলাবর্ষণে কেবল ঝিতোমির অঞ্চলেই ১৪০টি অ্যাপার্টমেন্ট ভবনের অভ্যন্তরীণ তাপ বা হিটিং সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত প্রায় প্রতিটি শহর ও লোকালয়ে জরুরি সংস্কারকাজ চলমান রয়েছে।
শনিবার সকালে কোমিশুভাখায় এফপিভি ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। সেখানে এর আগে বিমান হামলায় ৫৫ জন নিহত হওয়ার পর ধ্বংসস্তূপের মাঝে টানা সপ্তম দিনের মতো উদ্ধার অভিযান চলছিল। ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।
জেলেনস্কি আরও জানান, এক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন শহর ও জনপদে বিভিন্ন ধরনের ১১৫টি ক্ষেপণাস্ত্র, প্রায় ১ হাজার ৯০০টি গাইডেড বোমা এবং ৩ হাজারের বেশি ড্রোন নিক্ষেপ করেছে রুশ বাহিনী। এসব হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর একটি বড় অংশ চলতি বছরেই তৈরি করা হয়েছে।
রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর তথ্য নিয়মিতভাবে আন্তর্জাতিক অংশীদারদের জানানো হচ্ছে। গত অক্টোবর মাসে সামরিক উৎপাদনের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ইউক্রেন যে নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটির সঙ্গে ইউরোপীয় দেশ এবং জি সেভেনের পদক্ষেপগুলোর সমন্বয়ের ওপর জোর দেন তিনি।
বিশ্ববাসীর উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের আকাশ সুরক্ষায় বিশ্বের কাছে যদি পর্যাপ্ত ব্যালিস্টিক প্রতিরক্ষাব্যবস্থা না থাকে, তবে উৎপাদন কারখানাতেই ক্ষেপণাস্ত্র তৈরির কাজ থামিয়ে দিতে হবে।’ একই সঙ্গে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী ২২তম নিষেধাজ্ঞা প্যাকেজের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে ইউক্রেনের এসব দাবির বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করাও সম্ভব হয়নি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.