আপনি পড়ছেন

দেশজুড়ে তীব্র সামাজিক আন্দোলনের মুখে ফ্রান্সে ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে ও ক্রয়ক্ষমতা বাড়াতে একগুচ্ছ জরুরি অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে। সোমবার দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনু এসব সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানান।

ফ্রান্সে বিক্ষোভের মুখে বাড়ল ন্যূনতম মজুরি
ফ্রান্সে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে রাস্তায় শিক্ষার্থীদের বিক্ষোভ

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ১ দশমিক ৬ শতাংশ বর্ধিত মজুরি কার্যকর করা হবে। শ্রমমন্ত্রী জঁ-পিয়ের ফারান্দুর দেওয়া তথ্যমতে, এর ফলে কর্মীদের মাসিক নিট ন্যূনতম মজুরি বেড়ে দাঁড়াবে ১ হাজার ৫০২ ইউরোতে (প্রায় ১ হাজার ৭৪০ মার্কিন ডলার)।

প্রধানমন্ত্রী লেকরনু জানান, গত ২০ বছরের মধ্যে ফ্রান্সে ন্যূনতম মজুরি বৃদ্ধির দিক থেকে এটি দ্বিতীয় বৃহত্তম ঘটনা এবং এই পদক্ষেপ কেবল প্রতীকী নয়। এর চেয়ে বেশি মজুরি বৃদ্ধি করা হলে দীর্ঘমেয়াদে দেশের কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়ত এবং অনেক মানুষ চাকরি হারাত বলে তিনি যুক্তি তুলে ধরেন।

ক্রয়ক্ষমতা সংক্রান্ত উদ্বেগ নিরসনে স্বল্পমেয়াদে বেশ কিছু সুবিধা চালু রাখার কথা জানিয়েছে সরকার। এর মধ্যে রয়েছে জ্বালানি ভাতা, করমুক্ত ওভারটাইম সুবিধার পরিধি বাড়ানো এবং কর্মীদের লভ্যাংশ বোনাসে কর অব্যাহতি। এসব পদক্ষেপ বাস্তবায়নে ২০২৭ সালের বাজেট বিলে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

অর্থনীতি ও অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানান, কর্মীদের জন্য বছরে ১ হাজার ইউরো পর্যন্ত জ্বালানি ভাতার যে সর্বোচ্চ সীমা ছিল, ২০২৭ সালেও তা বজায় রাখতে সরকার প্রস্তাব করবে। হরমুজ প্রণালী সংকটের প্রেক্ষাপটে গত বছর এই ভাতার সীমা ৩০০ ইউরো থেকে বাড়িয়ে ১ হাজার ইউরো করা হয়েছিল। মূল্যস্ফীতির অনিশ্চয়তা থেকে মানুষকে সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী লেকরনু উল্লেখ করেন, বাজারে ১ কোটি ব্যারেল ডিজেল ছাড়ার মতো কার্যকর উদ্যোগের মাধ্যমেই ইতিবাচক ফল পাওয়া সম্ভব। ন্যূনতম মজুরি বাড়ানোই সব সমস্যার সমাধান নয় উল্লেখ করে তিনি বলেন, ‘তবে এর একটি বড় ইতিবাচক দিক রয়েছে; এটি মজুরি বৃদ্ধির নতুন আলোচনার সুযোগ তৈরি করেছে।’ আগামী দিনগুলোতে এ বিষয়ে একটি মজুরি পর্যবেক্ষণ কমিটি মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সাথে আলোচনা শুরু করবে।

এদিকে সংকট নিরসনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন শ্রমিক ও মালিক সংগঠনকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলেও অসন্তোষ পুরোপুরি থামেনি। ওই বৈঠকে আমন্ত্রণ না পাওয়া বেশ কয়েকটি শ্রমিক ইউনিয়ন এবং তরুণদের প্রতিনিধিরা মঙ্গলবার নতুন করে ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছে।

ইতোমধ্যে সোমবার সকাল থেকেই দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অচলাবস্থা তৈরি হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফ্রান্সের প্রায় ৩ হাজার ৭০০ হাইস্কুলের মধ্যে ৩১টিতে অবরোধ তৈরি করেন শিক্ষার্থীরা। তবে দেশের তিন-চতুর্থাংশ অঞ্চলেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ছিল।

ইল-দ্য-ফ্রাঁস অঞ্চলে ৫০টি স্কুলে শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ও স্কুলকর্মীরা তা প্রতিহত করেন। সেখানে আতশবাজি বিস্ফোরণসহ কিছু ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া সাপ্তাহিক ছুটির দিনে তিনটি স্কুলে গেট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.