জ্বালানির প্রভাবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৪১ মাসের শীর্ষে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বর্ধিত পরিবহন খরচের জেরে জাতীয় পর্যায়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। খাদ্যপণ্যের বাজারদর কিছুটা হ্রাস পাওয়ায় সামগ্রিক মূল্যসূচক নিম্নমুখী হলেও দৈনন্দিন অন্যান্য পণ্য ও সেবার ব্যয় বাড়ায় সাধারণ ভোক্তাদের জীবনযাত্রার ওপর আর্থিক চাপ বহাল রয়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, জাতীয় পর্যায়ে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশে। এর আগের মাসে এ হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ। এর আগে ২০২৩ সালের মে মাসে এ খাতে সর্বোচ্চ ৯ দশমিক ৯৬ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল। বিপরীতে, শীতকালীন আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় খাদ্য মূল্যস্ফীতি কমে ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন ৬ দশমিক ৪০ শতাংশে নেমেছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭ দশমিক ২২ শতাংশ।
পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে অক্টোবর মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশে, যা সেপ্টেম্বরের ৮ দশমিক ৩৪ শতাংশের তুলনায় সামান্য কম। তবে গত বছরের একই সময়ের ৮ দশমিক ১৭ শতাংশের তুলনায় এই হার এখনও বেশি।
গ্রামীণ জনপদে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘর ছাড়িয়েছে। অক্টোবরে গ্রামে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১০ দশমিক ২১ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৯ দশমিক ৫৭ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশে, যা আগের মাসে ৭ দশমিক ১৮ শতাংশ ছিল। এতে গ্রামীণ এলাকার সার্বিক মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৮ দশমিক ৩৮ শতাংশ থেকে কমে ৮ দশমিক ২৯ শতাংশে নেমেছে। গত বছরের একই মাসে গ্রামে এই হার ছিল ৮ দশমিক ১৬ শতাংশ।
শহরাঞ্চলেও খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। অক্টোবরে শহরের খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৫ শতাংশে, যা আগের মাসে ছিল ৮ দশমিক ৯৪ শতাংশ। তবে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪২ শতাংশ হওয়ায় শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের ৮ দশমিক ২৬ শতাংশ থেকে নেমে ৮ দশমিক ২৫ শতাংশ হয়েছে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ড. এম মাসরুর রিয়াজ উল্লেখ করেন, সেপ্টেম্বর মাসে জ্বালানি তেলের দাম সমন্বয়ের সরাসরি প্রভাব পড়েছে পরিবহন ও পণ্য উৎপাদন ব্যয়ের ওপর। জ্বালানির এই বাড়তি খরচ পর্যায়ক্রমে অর্থনীতির বিভিন্ন খাতে ছড়িয়ে পড়ায় খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার দাম বেড়েছে। একই সঙ্গে কাঁচামাল আমদানির গতি শ্লথ থাকায় শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে এবং বাজারে পণ্যের সরবরাহে ঘাটতি তৈরি হচ্ছে। ফলে খাদ্য মূল্যস্ফীতি কমলেও খাদ্যবহির্ভূত খাতের চাপ বহাল রয়েছে এবং মূল্যস্ফীতি হ্রাসের ধারা টেকসই করতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখা প্রয়োজন।
মূল্যস্ফীতির এই পরিস্থিতির মধ্যেই জাতীয় পর্যায়ে মজুরি বৃদ্ধির গতি আরও হ্রাস পেয়েছে। অক্টোবরে মজুরি বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৬৩ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৭ দশমিক ৯০ শতাংশ এবং আগের বছরের একই সময়ে ছিল ৮ দশমিক ০১ শতাংশ। এর ফলে টানা ৫৭ মাস ধরে মজুরি বৃদ্ধির হার সার্বিক মূল্যস্ফীতির চেয়ে পিছিয়ে রয়েছে।
পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, দেশের প্রধান তিনটি খাতেই মজুরি বৃদ্ধির হার নিম্নমুখী। অক্টোবরে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার শূন্য দশমিক ৩৪ শতাংশীয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৫ শতাংশে। শিল্প খাতে শূন্য দশমিক ২৪ শতাংশীয় পয়েন্ট কমে হয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ এবং সেবা খাতে শূন্য দশমিক ১১ শতাংশীয় পয়েন্ট কমে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৬ শতাংশে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.