আপনি পড়ছেন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে (শেকৃবি) গাজীপুরের সালনায় স্থানান্তরের মাস্টারপ্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। মূলত রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে আধুনিক সচিবালয় কমপ্লেক্স গড়ে তোলার পথ সুগম করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে ১৯৬৫ সালে গৃহীত মূল পরিকল্পনাকে পুনরায় বিবেচনায় নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগারগাঁওয়ে হবে সচিবালয়, কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুরে সরানোর পরিকল্পনা
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি- সংগৃহীত

বিশ্ববিদ্যালয়টির জন্য গাজীপুরের সালনায় ইতোমধ্যে জমি বরাদ্দ দিয়েছে সরকার। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনো স্থানান্তরের সুনির্দিষ্ট প্রক্রিয়া শুরু করেনি। স্থাপত্য অধিদপ্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুমতি ছাড়া ওই জায়গা ধান গবেষণা মাঠ হিসেবে ব্যবহারের জন্য সাইনবোর্ড ও দড়ি দিয়ে দখল করেছে। কোনো প্রতিষ্ঠানের এভাবে সরকারি জমি দখলের এখতিয়ার নেই।

স্থাপত্য অধিদপ্তর আরও জানায়, প্রশাসনিক এলাকার জমির ব্যবহারভিত্তিক দৃষ্টিকোণ থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো বিশেষায়িত প্রতিষ্ঠানের জন্য আগারগাঁওয়ের জমি অপ্রতুল। লুই আই কানের মূল নকশা অনুসারে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সিভিক ফিজিক্যাল সেন্টার নির্মাণ এবং জোনাল প্ল্যানিং অক্ষুণ্ন রাখতে বিশ্ববিদ্যালয়টি সালনায় স্থানান্তর করাই যুক্তিযুক্ত।

এদিকে বাণিজ্য মেলার পুরোনো মাঠের প্রায় ৩১ দশমিক ৫৮ একর জমিতে নতুন প্রশাসনিক অবকাঠামো নির্মাণের প্রস্তুতি নিচ্ছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। ২০২৯ সালের জুনের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। গত ১৮ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এই স্থানান্তরে নীতিগত অনুমোদন দেওয়া হয়। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রস্তাবিত প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এর আগে ৭ অক্টোবর স্থাপত্য অধিদপ্তরের তৈরি তিনটি নকশা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হলে তিনি একটি নকশা বাছাই করে কিছু পর্যবেক্ষণ দেন।

প্রাথমিকভাবে সচিবালয় কমপ্লেক্স নির্মাণে ৪ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হলেও গণপূর্ত মন্ত্রীর নির্দেশনায় তা ৪ হাজার কোটি টাকার মধ্যে সীমিত রেখে সংশোধিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) তৈরির কাজ চলছে। প্রস্তাবিত নকশায় মোট ৩৩ দশমিক ১৬ লাখ বর্গফুটের অফিস স্পেস সংস্থান রাখা হয়েছে। ৩টি সুবিশাল ভূগর্ভস্থ বেসমেন্টের ওপর ১২ তলাবিশিষ্ট মোট ১৪টি ভবন নির্মাণ করা হবে। বেসমেন্ট ও ভূ-উপরিভাগে মোট ৩ হাজার ৮০০ গাড়ি পার্কিংয়ের সুবিধা থাকবে। পাশাপাশি মসজিদ, ৩৫০ আসনবিশিষ্ট দুটি মাল্টিপারপাস হল, ক্যাফেটেরিয়া, ডাকঘর এবং ৩০ শতাংশ জায়গায় সবুজায়ন ও জলাধার সংরক্ষণের পরিকল্পনা রয়েছে।

আগারগাঁওয়ের এই পরিবর্তনের সঙ্গে আব্দুল গণি রোডের বর্তমান সচিবালয়ের ভবনগুলোর ব্যবহারেও রদবদল ঘটবে। নতুন কমপ্লেক্স চালু হলে সদরঘাট এলাকা থেকে জজ কোর্ট সরিয়ে বর্তমান সচিবালয়ে স্থানান্তর করা হবে। একই সঙ্গে কয়েকটি কর অঞ্চল ও বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরকে সেখানে জায়গা দেওয়া হবে। পাশাপাশি লুই কানের স্থাপত্যশৈলীতে নির্মিত জাতীয় সংসদ ভবনকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগও চলমান রয়েছে।

বর্তমানে ১৭ দশমিক ৫৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত সচিবালয়ে ১৩টি ভবন রয়েছে, যার আটটিই নির্মিত হয়েছে স্বাধীনতার পূর্বে। এর মধ্যে ১৯৩৭ থেকে ১৯৪৭ সালের মধ্যে নির্মিত ভবনগুলো ভূমিকম্প সহনীয় নয়। বর্তমান সচিবালয়ে ১৮ দশমিক ৭৬ লাখ বর্গফুট অফিস স্পেস রয়েছে, যেখানে চাহিদা রয়েছে আরও ১০ লাখ বর্গফুটের। পূর্বে বর্তমান সচিবালয়ের ১ নম্বর ভবন ভেঙে ৬৪৯ কোটি টাকা ব্যয়ে ২১ তলা ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। গত ২৬ এপ্রিল একনেক সভায় সেই প্রস্তাব বাতিল করে আগারগাঁওয়ে পূর্ণাঙ্গ স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়। এর আগে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় পুরোনো বাণিজ্য মেলার মাঠে ৮২ কোটি টাকার একটি উন্মুক্ত পার্ক নির্মাণের প্রকল্প নেওয়া হলেও তা এখন বাতিল করা হয়েছে।

তবে প্রশাসনিক এই পুনর্বিন্যাসের স্থান নির্বাচন নিয়ে আপত্তি তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মোহাম্মদ খান বলেন, বর্তমান সচিবালয়টি মেট্রোরেল সংযোগের কারণে নাগরিকদের জন্য সুবিধাজনক। আগারগাঁও ইতোমধ্যেই ঘনবসতি ও যানজটের কবলে রয়েছে। সেখানে বড় আকারের কংক্রিট অবকাঠামো নির্মাণ উন্মুক্ত স্থান কমাবে এবং পরিবেশগত ক্ষতি ডেকে আনবে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য আগারগাঁওয়ের চেয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পকে অধিক বাস্তবসম্মত বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার জানান, নতুন করে জমি অধিগ্রহণ বা ভবন নির্মাণের আগে বিদ্যমান সরকারি অবকাঠামোর পূর্ণ সক্ষমতা যাচাই করা প্রয়োজন। সচিবালয়ের বাইরেও অনেক মন্ত্রণালয় ও অধিদপ্তর কার্যক্রম পরিচালনা করছে, ফলে বিদ্যমান সরকারি ভবনেই অনেক দপ্তরের সমন্বয় সম্ভব।

Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.

Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.