বুকার পুরস্কার জিতলেন ৮১ বছর বয়সী এম জন হ্যারিসন
মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার ২০২৬ জিতে ইতিহাস গড়েছেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন। নিজের ডিস্টোপিয়ান উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য সোমবার তিনি এ সম্মাননা লাভ করেন। ৮১ বছর বয়সে এই স্বীকৃতি পাওয়ার মাধ্যমে বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ডের (প্রায় ৬৭ হাজার ২৩২ ডলার) পুরস্কার তুলে দেওয়া হয়। গত বছরের বুকারজয়ী লেখক ডেভিড সজালে তার হাতে এ পুরস্কার তুলে দেন। নিজের দীর্ঘ সাহিত্যজীবনে বুকারের জন্য এবারই প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছিলেন হ্যারিসন।
বিজয়ী বইটি এম জন হ্যারিসনের রচিত ১৩তম উপন্যাস। ১৯৮ পৃষ্ঠার এই বইটি সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ছয়টি উপন্যাসের মধ্যে আকারে সবচেয়ে ছোট ছিল। একটি রহস্যময় বিপর্যয় এবং ‘আইঘেত্তি’ নামের রূপ পরিবর্তনকারী প্রাণীদের আগমনের পর ইংল্যান্ডের কেন্ট উপকূলে এক ব্যক্তি ও তার বয়োবৃদ্ধ খালার টিকে থাকার লড়াই উপন্যাসটিতে তুলে ধরা হয়েছে।
ইতিহাসবিদ ও সম্প্রচারক মেরি বিয়ার্ডের নেতৃত্বাধীন বিচারক প্যানেল সর্বসম্মতিক্রমে হ্যারিসনের উপন্যাসটিকে বিজয়ী ঘোষণা করে। মোট ১৬৩টি জমা পড়া সাহিত্যকর্ম পর্যালোচনার পর বিচারকরা এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। বইটির প্রশংসা করে মেরি বিয়ার্ড বলেন, ‘এটি ভবিষ্যতের দৃষ্টিকোণ থেকে দেখা বর্তমানের রাজনীতি।’ তিনি উপন্যাসটিতে থাকা তিক্ত হাস্যরস, রাজনৈতিক ব্যঙ্গ এবং আশাবাদের চমৎকার সংমিশ্রণের প্রশংসা করেন।
বুকার প্রাইজ ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ছয় দশকের দীর্ঘ লেখক জীবনে হ্যারিসনই প্রথম সাহিত্যিক, যিনি মূলত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনির পটভূমি থেকে এসে বুকার জয় করলেন। এর আগে ২০১৯ সালে যৌথভাবে ৭৯ বছর বয়সে এ পুরস্কার জিতে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী ছিলেন কানাডার লেখক মার্গারেট অ্যাটউড। এবার তাকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন হ্যারিসন।
এবারের সংক্ষিপ্ত তালিকায় সাবেক বুকারজয়ী মার্লন জেমস ও ডগলাস স্টুয়ার্ট ছাড়াও জায়গা পেয়েছিলেন এলিজাবেথ স্ট্রাউট, লুক কেনার্ড এবং রেবেকা পেরি। অন্যদিকে স্বাধীন প্রকাশনা সংস্থা ‘সার্পেন্টস টেইল’-এর জন্য এটিই প্রথম বুকার জয়ের মাইলফলক। ১৯৬৯ সাল থেকে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডে ইংরেজি ভাষায় প্রকাশিত যেকোনো দেশের লেখকের সেরা মৌলিক উপন্যাসের স্বীকৃতি হিসেবে বুকার পুরস্কার দেওয়া হয়ে থাকে।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.