বৈশ্বিক গড়ের চেয়ে ২০ শতাংশ দ্রুত উষ্ণ হচ্ছে ভূমধ্যসাগর
ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিশ্বের গড় হারের চেয়ে ২০ শতাংশ দ্রুত গতিতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সেখানকার সামুদ্রিক বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়েছে এবং চরম আবহাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।

তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত কপ৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন ইউনিয়ন ফর দ্য মেডিটেরিয়ান (ইউএফএম)-এর উপ-মহাসচিব জোয়ান বোরেল। পরিস্থিতি মোকাবিলায় তিনি ভূমধ্যসাগরীয় দেশগুলোর মধ্যে আরও শক্তিশালী আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান।
বোরেল উল্লেখ করেন, ইউএফএম জলবায়ু পদক্ষেপ, পানি, জ্বালানি ও পরিবেশগত ইস্যুতে সদস্য দেশগুলোর যৌথ সহযোগিতাকে এগিয়ে নিতে কাজ করছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে সুনাম থাকলেও অঞ্চলটির জলবায়ু ঝুঁকি সাধারণ মানুষের নজর এড়িয়ে যায়। পর্যটকরা ভূমধ্যসাগরকে চমৎকার এক স্থান হিসেবে বিবেচনা করলেও বাস্তবে এটি এখন জলবায়ু পরিবর্তনের কারণে গভীর ঝুঁকিতে রয়েছে।
সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অশনিসংকেত ডেকে আনছে বলে সতর্ক করেন বোরেল। তিনি বলেন, অঞ্চলটির সামাজিক, সাংস্কৃতিক ও জনসংখ্যাতাত্ত্বিক টিকে থাকার ক্ষেত্রে ভূমধ্যসাগরের গুরুত্ব অপরিসীম। তিনি আরও জানান, গ্রীষ্মকালীন ভয়াবহ দাবানল এবং শরতের আকস্মিক বন্যার মতো চরম আবহাওয়ার মুখোমুখি হচ্ছে এ অঞ্চল।
জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বৈশ্বিক সচেতনতা তৈরিতে কপ৩১-কে একটি বড় সুযোগ হিসেবে দেখছেন বোরেল। সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো ‘ঐকমত্যের মাধ্যমে সংলাপ থেকে পদক্ষেপে রূপান্তর’। তিনি বলেন, তুরস্কের কপ সভাপতিত্ব ও ইউএফএম-এর যৌথ উদ্যোগে এই সম্মেলনকে ‘ভূমধ্যসাগরীয় কপ’ হিসেবে গড়ে তোলার প্রয়াস নেওয়া হয়েছে, যাতে আঞ্চলিক ঝুঁকির বিষয়টি বিশ্বমঞ্চে সুস্পষ্টভাবে তুলে ধরা যায়।
জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ইতিহাসে আন্তালিয়াই প্রথম ভূমধ্যসাগরীয় উপকূলীয় আয়োজক শহর। এ সম্মেলনকে সামনে রেখে ইউএফএম ও তুরস্কের কপ প্রেসিডেন্সি দীর্ঘ আট মাস আন্তালিয়া-ভূমধ্যসাগর সংলাপের মাধ্যমে সাতটি দেশে জাতীয় পর্যায়ে পরামর্শ সভা পরিচালনা করেছে। এসব আলোচনার লক্ষ্য ছিল অভিন্ন আঞ্চলিক জলবায়ু কর্মসূচি প্রণয়ন করা।
সম্মেলনের অংশ হিসেবে ১৭ নভেম্বর আন্তালিয়ায় ভূমধ্যসাগরীয় জলবায়ু বিষয়ক মন্ত্রী পর্যায়ের একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া কপ৩১-এর ‘মেডিটেরিয়ান প্যাভিলিয়নে’ আঞ্চলিক জলবায়ু কর্মযজ্ঞে যুক্ত অংশীজনদের নিয়ে ৬০টিরও বেশি ইভেন্ট ও প্যানেল আলোচনার আয়োজন রাখা হয়েছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির সুফল পেতে দেশগুলোর পারস্পরিক সমঝোতার ওপর জোর দেন বোরেল। তিনি বলেন, যৌথ উদ্যোগই সংকট নিরসনের একমাত্র পথ। প্রয়োজনীয় প্রযুক্তি, তহবিল এবং দেশের আর্থসামাজিক চাহিদা—সবকিছুই বিদ্যমান থাকলেও এখন একসঙ্গে কাজ করতে শেখা সবচেয়ে বেশি জরুরি।
জ্বালানি রূপান্তরকে শিল্প ও নিওলিথিক বিপ্লবের সঙ্গে তুলনা করে তিনি সৌর ও বায়ু শক্তির অপার সম্ভাবনার কথা তুলে ধরেন। তবে নবায়নযোগ্য বিদ্যুৎ বড় আকারে সংরক্ষণ করা কঠিন হওয়ায় দেশগুলোকে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সংযোগ ও যৌথ সম্পদ ব্যবস্থাপনায় জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। দ্বিপাক্ষিক বিরোধ ভুলে দেশগুলোকে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে আহ্বান জানান তিনি।
উন্নত উত্তর ভূমধ্যসাগরীয় দেশ ও অপেক্ষাকৃত কম সম্পদশালী দক্ষিণের দেশগুলোর মধ্যকার বিভাজন জলবায়ু আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেন বোরেল। তিনি বলেন, উত্তরের ধনী দেশ এবং দক্ষিণের উন্নয়নশীল দেশগুলোর মধ্যকার ফারাক সংঘাত ডেকে আনবে। এমন অবস্থান বজায় থাকলে ঐকমত্য ও বাস্তবায়ন ব্যাহত হবে এবং উত্তর-দক্ষিণের মধ্যে কেবল অন্তহীন সংলাপই চলতে থাকবে।
দুই পক্ষেরই নিজস্ব যুক্তি ও উদ্বেগ রয়েছে উল্লেখ করে বোরেল বলেন, ঐতিহ্যবাহী বিভাজন দূর করে এমন সিদ্ধান্তে পৌঁছাতে হবে যা সবার জন্যই ইতিবাচক ফল বয়ে আনে। বিভিন্ন আঞ্চলিক পরিচয় ও দৃষ্টিভঙ্গিকে সংযুক্ত করতে তুরস্ক ইতিবাচক ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন। সংকীর্ণ জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বৈশ্বিকভাবে চিন্তা করার আহ্বান জানান তিনি।
গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...
খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর
Stay up-to-date with the latest news from Bangladesh. Our comprehensive coverage includes politics, business, sports, and culture. Get breaking news, analysis, and commentary on the issues that matter most to Bangladeshis and the international community.
Bangladesh is a country located in South Asia and is home to a diverse population of over 160 million people. It has a rich cultural heritage and a rapidly growing economy. News from Bangladesh covers a wide range of topics, including politics, economics, social issues, culture, and more. The country has made significant progress in recent years in areas such as poverty reduction, education, and healthcare. However, it still faces challenges such as corruption and environmental degradation. Bangladeshi news sources cover both local and international news to keep the public informed about the latest developments and events.